'চট্টগ্রামের উন্নয়নে চিটাগাং চেম্বার ও চউক যৌথভাবে কাজ করবে'
শিল্প ও বন্দর নগর চট্টগ্রামের সার্বিক উন্নয়নে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) যৌথভাবে কাজ করবে। ২০ অক্টোবর বিকেলে চউক কার্যালয়ে চেম্বার সহসভাপতি ও চউকের বিদায়ী বোর্ড সদস্য সৈয়দ জামাল আহমেদকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও চউক চেয়ারম্যান আবদুচ ছালাম এ আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে চিটাগাং চেম্বার সভাপতি বলেন, বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার কারণে দেশি-বিদেশি উদ্যোক্তাদের কাছে বর্তমানে চট্টগ্রাম একটি আকর্ষণীয় বিনিয়োগ স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। তাই সমন্বিত পরিকল্পনার মাধ্যমে একটি আধুনিক শিল্প ও ব্যবসাবান্ধব নগর হিসেবে চট্টগ্রামকে রূপান্তর করার প্রয়োজনীয়তা রয়েছে।
চউক চেয়ারম্যান আবদুচ ছালাম চট্টগ্রামকে আন্তর্জাতিক মানসম্পন্ন নগর হিসেবে গড়ে তুলতে এর উন্নয়নে গৃহীত চলমান ও প্রস্তাবিত বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে বলেন, চট্টগ্রাম বদলে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। বিজ্ঞপ্তি