‘চন্দ্রবিন্দু’ দিয়েই শুরু হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুমনকুমার দাশখোলা মাঠ। একটি গাছের সঙ্গে টানানো হয়েছে ব্ল্যাকবোর্ড। তার সামনে বসে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে তেল চিটচিটে ময়লা জামাকাপড় পরা ২৫ থেকে ৩০ জন শিশু। কারও ছেঁড়া জামা, কারও খালি গা। আর তাদের সামনে শিক্ষকের ভূমিকায় একজন তরুণ শিক্ষার্থী।এ দৃশ্য দেখে প্রথম দেখায় যে কেউ একটু হোঁচট খেলেও সিলেট এমসি কলেজের শিক্ষার্থীদের জন্য এটি নিয়মিত দৃশ্য। এর অন্তরালের কথার খোঁজ করতে গিয়ে পাওয়া যায় এক অনন্য কাহিনি। প্রাণিবিদ্যা বিভাগের রত্না দত্ত রায়ের কথায়, ‘শুধু পড়াশোনা করলেই হয় নাকি? যদি সমাজের জন্য কিছু না করতে পারি তাহলে শিক্ষিত হওয়ার মানে কী। এ চেতনা থেকেই প্রাথমিকভাবে আমরা ছয়জন চন্দ্রবিন্দু নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করি। শুরুতে ৬৩ জন পথশিশুকে একত্র করে তাদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করে আমরা পাঠদানের কাজ শুরু করি। আমাদের কাজে মুগ্ধ হয়ে পরে আরও ১৪ জন শিক্ষার্থী আমাদের সহযাত্রী হয়েছেন।’আরেক উদ্যোক্তা লিয়াকত আলী বলেন, ‘২০০৬ সালে আমরা তখন সবে অনার্সে ভর্তি হয়েছি, কজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। এ সময় কয়েকজন শিশুকে ভিক্ষা করতে দেখি। ওদের ডেকে কাছে বসাই। ওদের পরিবারের গল্প শুনি। ওরা বলে, ওরা পড়তে চায়। শিক্ষাবঞ্চিত এসব শিশুর স্বপ্ন বাস্তবে রূপ দিতেই চন্দ্রবিন্দুর প্রতিষ্ঠা।’চন্দ্রবিন্দুর শিক্ষার্থী পথশিশু সুমি খাতুন ও নজরুল ইসলাম বলেন, ‘আমরার পড়ার ইচ্ছা আছে। তাদের কথায় পড়ছি। মাঝে-মইধ্যে তারা খাওয়নও দেয়।’উদ্যোক্তা শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে জানা যায়, ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর ৬৩ জন পথশিশুকে বই বিতরণের মধ্য দিয়ে চন্দ্রবিন্দু আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এরপর সপ্তাহের নির্দিষ্ট একটি দিনে দুপুর একটায় কলেজের গণিত বিভাগের পেছনে খোলা মাঠে চলে পাঠদান কার্যক্রম। ঘণ্টা দুয়েক পাঠদান শেষে তবেই ছুটি। পড়ালেখার পাশাপাশি শিশুদের আনন্দ দেওয়ার জন্য রয়েছে খেলা, গান, চিত্রাঙ্কনসহ নানা বিনোদনের ব্যবস্থা। এসব শিশুর অনেকেই অক্ষরজ্ঞান লাভ করার পর সংগঠনের কর্মীরা নিজেদের উদ্যোগে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন। তবে চন্দ্রবিন্দুর সদস্যদের পরীক্ষা কিংবা পড়াশোনার চাপ যখন বেশি থাকে, তখন সাময়িক সময়ের জন্য পাঠদান কার্যক্রম বন্ধ থাকে।তৃতীয় বর্ষের শিক্ষার্থী রত্না দত্ত রায়, সাবিয়া আক্তার, রসায়ন তৃতীয় বর্ষের শিক্ষার্থী লিয়াকত আলী, অন্তু কুমার সিংহ, রবিন চক্রবর্তী ও আবদুল্লাহ আল মামুন ছাড়া কলেজের বিভিন্ন বিভাগের রওশন আরা, রাহুল চৌধুরী, বিপ্রেশ চৌধুরী, নজরুল ইসলাম, সুমন, মুজিবুর রহমান, নাহিদ, সুরজিৎ দত্ত, উত্তম, বিধু, সামিয়া, সুইটি, কাকলী শর্মা, মুন্নী নামের ২০ শিক্ষার্থী এ সংগঠনের সদস্য। এ সদস্যরা প্রতি মাসে হাতখরচ বাঁচিয়ে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী মাসিক চাঁদা দিয়ে সংগঠনের কার্যক্রম চালাচ্ছেন। বর্তমানে ৩৫ জন পথশিশু চন্দ্রবিন্দুতে পড়াশোনা করছে।সংগঠনের সদস্য সুমনকুমার চন্দ বলেন, পথশিশুদের পড়ানোর জন্য আমরা কলেজ থেকে কোনো কক্ষ পাইনি। তাই খোলা আকাশের নিচে চলে পাঠদান। তবে আমরা স্বপ্ন দেখি, একদিন নির্দিষ্ট কক্ষ হবে, আরও অনেকে এসে যুক্ত হবে আমাদের সঙ্গে। তখন বেশি করে পথশিশুরা শিক্ষার সুযোগ পাবে।শুধু পথশিশুদের অক্ষরজ্ঞান শেখানোর মধ্যেই থেমে থাকেনি চন্দ্রবিন্দুর সদস্যদের কর্মকাণ্ড। শীতের সময় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্প স্থাপন করেন তাঁরা। এ ছাড়া বাল্যবিবাহ, বহুবিবাহ, যৌতুক ও এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা তৈরির কাজও তাঁরা করে যাচ্ছেন। চোখের সামনে সমাজের যেখানে অসংগতি ধরা পড়ে, সেখানেই চন্দ্রবিন্দুর সদস্যরা তাৎক্ষণিকভাবে শোধরানোর চেষ্টা করেন। এভাবেই সামাজিক দায়বদ্ধতা থেকে ২০ তরুণ শিক্ষার্থী প্রতিনিয়ত বাধা-বিপত্তি ঠেলে পথ চলছেন। তাঁদের চোখ-মুখে আগামীর সুন্দর-স্বপ্নের বাংলাদেশ।