‘চলো, মহাসড়কের শেষে রঙিন তাঁবুতে...’ স্লোগানে ১১-১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হলো তারুণ্যের উত্সব। শিরোনাম ছিল ‘সুপারক্রিট সিমেন্ট-প্রথম আলো চুয়েটডিএস তারুণ্যের উত্সব-২০১০’। আয়োজক চুয়েট ডিবেটিং সোসাইটি। ২০০৮ সালে চুয়েট ডিবেটিং সোসাইটি প্রথমবারের মতো আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক উত্সবের আয়োজন করে। এবার সেই উত্সব ব্যাপ্তি পেয়ে তারুণ্য উত্সবের মাত্রা পেল। চুয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি রায়হান হাবিব প্রথম আলোকে বলেন, ‘চুয়েট ডিএস তারুণ্যের উত্সব-২০১০, আমাদের মায়া-জর্জর স্বপ্ন। ২০০৮-এর বিতর্ক উত্সবের পর আমরা আবারও চুয়েটের লালচে-নীলচে ক্যাম্পাসে মেতে উঠতে চেয়েছিলাম উত্সবের আনন্দে।’উত্সবের আহ্বায়ক মো. সাকিবুল হাসান জানান, তারুণ্যের উত্সবকে মহাউত্সবে পরিণত করতে অনুষ্ঠানটি তিনটি অংশে ভাগ করা হয়—আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, আন্তবিশ্ববিদ্যালয় হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রকল্প প্রদর্শনী এবং আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উত্সব। এ ছাড়া ছিল সেমিনার, বইমেলা, পিঠা উত্সব, মেহেদি উত্সব ও খ্যাতনামা নির্মাতা নুরুল আলম আতিকের ডিজিটাল চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী (প্রিমিয়ার শো)। উত্সবকে স্মরণীয় করে রাখতে মিছিল নামে একটি স্মারক এবং উত্সবের প্রথম ও শেষ দিন প্রভাতফেরি নামে ছোটকাগজ প্রকাশ করা হয়। এগুলোর সম্পাদনার দায়িত্বে ছিলেন আবু নাসের নূর।‘তারুণ্যের পথযাত্রা’উত্সবের সূচনা ‘তারুণ্যের পথযাত্রা’ দিয়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ পথযাত্রায় অংশ নেন। এরপর অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন বিপ্লবী বিনোদবিহারী চৌধুরী। তিনি বললেন, ‘আপনাদের এখানে দেশ গড়ার কারিগর তৈরি হচ্ছে। আপনাদের উচিত এর যথার্থ ব্যবহার নিশ্চিত করা।’ তিনি আরও বলেন, ‘দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তরুণেরাই পারেন অগ্রণী ভূমিকা পালন করতে।’ বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান একেএম ফজলুুল্লাহ্, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রামকেন্দ্রের সভাপতি দেলোয়ার মজুমদার ও সুপারক্রিট সিমেন্টের বাণিজ্যিক পরিচালক কাজী খালেদ মাহমুদ। বক্তারা বলেন, ‘আমরা তারুণ্যের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।’ এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রথম পর্ব শেষ হয় প্রথম দিন। রাতে মঞ্চস্থ হয় দেওয়ান গাজীর কিস্সা। নাগরিক নাট্য সমপ্রদায়ের একসময়কার সাড়া জাগানো এ নাটক মঞ্চে তোলে ডিবেটিং সোসাইটির প্রভাতফেরির কর্মীরা। অভিনয় করেন বিপ্লব, শিবলী, রুমি, টুকটুক, নাহিয়ান, রউফসহ আরও অনেকে।প্রকল্প প্রদর্শনীদ্বিতীয় দিন সকালে আয়োজন করা হয় হার্ডওয়্যার ও সফটওয়্যারভিত্তিক প্রকল্প প্রদর্শনী। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক সজলচন্দ্র বণিক ও আবুল খায়ের গ্রুপের সিস্টেম অ্যানালিস্ট মো. সালাউদ্দিন। এতে চুয়েটসহ চারটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে দেখানো হয় ২১টি প্রকল্প। এর মধ্যে অটোমেটিক ট্যাপ, ফুড প্রসেসিং সিস্টেম, কম্পিউটারাইজড সিএনসি রাউটার, রেসকিউ সিরিজ রোবট, সিকিউরিটি বেইজড স্লাইডিং রোবট, হাতে নিয়ন্ত্রিত হাইড্রোলিক ব্রেক, জিপিএস ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম বিশেষভাবে প্রশংসিত হয়।চুয়েট ছাড়াও অংশ নিয়েছে হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরে বিচারকেরা বলেন, উন্নত প্রযুক্তি তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য জ্ঞানভিত্তিক শিল্পের যে বিকাশ প্রয়োজন তার সঠিক পৃষ্ঠপোষকতা হতে পারে এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে। রাতে অনুষ্ঠিত হয় ডুব সাঁতারের আগে শিরোনামে নুরুল আলম আতিকের ডিজিটাল চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী (প্রিমিয়ার শো)। এতে একই নির্মাতার বিকল পাখির গান এবং এ জার্নি বাই বোট প্রদর্শন করা হয়। এ দিন বিতর্ক প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল শেষ হয়।১০ বছর পূর্তিউত্সবের সমাপনী দিনটি ছিল বসন্তের প্রথম দিন। রাত পোহালেই ভালোবাসা দিবস এবং একই সঙ্গে চুয়েট ডিবেটিং সোসাইটির ১০ বছর পূর্তি। তাই ওই দিন ক্যাম্পাসজুড়ে ছিল অন্য রকম আমেজ। প্রধান অতিথি ছিলেন বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, কবি ও সাংবাদিক বিশ্বজিত্ চৌধুরী এবং সুপারক্রিট সিমেন্টের বিপণন প্রধান মো. জাভেদ। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে চুয়েট নীড় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিবর্তন। চুয়েট নীড় বিজয়ী হয়। এই দলে ছিলেন বিতার্কিক মো. সাকিবুল হাসান, তন্ময় চৌধুরী ও শেখ এহসানউদ্দিন। এহসান শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন।সন্ধ্যায় সাতটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উত্সব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী দলগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংগঠন-ধ্বনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আজ মুক্তমঞ্চ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপস্থাপনায় গম্ভীরা, ধ্বনির কাজী নজরুল ইসলামের পুতুলের বিয়ে, আজ মুক্তমঞ্চের নাটক জবানবন্দি এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।সব শেষে ছিল চুয়েট ডিবেটিং সোসাইটির সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। মৌসুুমী, তানভীর, নন্দিনীর পুতুলনাচ, বিপ্লব, মালেক, রকি, রাসেলের বাউল আসর, রিয়াদ ও আসিফের মঞ্চনাটক অবাক জলপান এবং আরিফ ও ইস্মিতের মূকাভিনয় নজর কাড়ে দর্শকদের।তিন দিনের এ উত্সব ছিল কিছু স্বপ্নবাজ তরুণের কষ্টার্জিত ফসল। অনুষ্ঠান শেষে তাই তৃপ্তি নিয়ে চুয়েট ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক সাদিয়া তাসনিম প্রথম আলোকে বলেন, ‘আমরা অন্যান্য ডিবেটিং সোসাইটি, ডিবেটি ক্লাবের চেয়ে আলাদা। কারণ আমরা বিতর্ককে উপজীব্য করে একটি সমাজ গড়তে চাই, যেখানে সৃজনশীল ও মননশীলতার বিকাশের সুযোগ রয়েছে। তাই আমরা ডিবেটিং ক্লাব নই, সোসাইটি।’