‘চাই আনন্দময় শৈশব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিশুর জন্য ভালোবাসা করো তোমরা অনুভব, চাই বাধা-বন্ধনমুক্ত আনন্দময় শৈশব’—আনন্দময় নির্মল শৈশব প্রতিটি শিশুর মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার পূরণে ১৯৯০ সালে জাতিসংঘের বিশ্ব শিশু সম্মেলনে বিশ্বের প্রায় প্রতিটি দেশ শিশু অধিকার সনদ বাস্তবায়নের অঙ্গীকার করে। শিশুদের জন্য ঘোষণায় বলা হয়—শিশুদের অধিকার রক্ষায় প্রয়োজন সর্বোচ্চ পর্যায়ের মানবিক সক্রিয়তা। সেই সম্মেলনের প্রায় দুই দশক পরে এসে বিভিন্ন দেশের প্রতিশ্রুতি ও অগ্রগতি পর্যালোচনা করে কিছু আশাব্যঞ্জক অর্জন দেখা গেলেও হতাশার চিত্রও কম নয়। আশার দিক হলো, সুবিধাবঞ্চিত-অসহায় শিশুদের জন্য কাজ করছে নানা সহযোগী সংস্থা। চট্টগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের সামাজিক বিকাশ ও কল্যাণের জন্য কাজ করছে ইউসেপ, অপরাজেয় বাংলাদেশ, এসওএস শিশুপল্লিসহ বেশ কয়টি স্বেচ্ছাসেবী সংস্থা। মা-বাবাহারা অসহায় শিশুদের পারিবারিক পরিবেশে বেড়ে ওঠার জন্য এসওএস শিশুপল্লি-চট্টগ্রাম কাজ করে যাচ্ছে ১৯৮৯ সাল থেকে। শিশুদের লালন-পালনসহ তাদের সামাজিক প্রতিষ্ঠা পর্যন্ত নানা উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। এখানকার অনেক শিশু ইতিমধ্যে শিক্ষাজীবন শেষে সমাজের নানা স্তরে প্রতিষ্ঠা লাভ করেছে।এসওএস শিশুপল্লিতে বর্তমানে ১২০ জন বিভিন্ন বয়সী শিশু বাস করছে। এদের অধিকাংশই শিক্ষার্থী। কেউ কেউ বড় হয়ে পড়ছেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে। ‘আমাদের শিশুদের আমরা মা, ভাই-বোন আর পারিবারিক আবহে বড় করে থাকি। যাতে তারা কখনো পরিবারের অভাব বোধ করতে না পারে।’ জানালেন পল্লির প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দীন। মেয়েশিশুদের ক্ষেত্রে শিক্ষাজীবন শেষে এসওএসের উদ্যোগে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় বলেও জানালেন তিনি।নগরের রেল স্টেশনসহ বিভিন্ন স্থানে বস্তিবাসী শ্রমজীবী শিশুদের নিয়ে কাজ করে অপরাজেয় বাংলাদেশ। ‘মূলত কাজের ফাঁকে এসব শিশুর মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকি আমরা’—জানালেন অপারেজয় বাংলাদেশের কর্মী সঞ্জয় বিকাশ দাশ। শ্রমজীবী এসব শিশুর বেশির ভাগই দারিদ্র্যের কষাঘাতে হারিয়ে ফেলেছে সোনালি শৈশব।