‘চাটগাঁ ভাষার চর্চা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে’
‘চাটগাঁ ভাষা তথা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা চাটগাঁবাসীর প্রাণের ভাষা এবং সংস্কৃতির মূল শেকড়। চর্চা ও সংরক্ষণের অভাবে এ ভাষা দিন দিন হারিয়ে যাচ্ছে। এ ভাষার চর্চা এবং সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ চাটগাঁ ভাষা বেঁচে থাকলেই আমাদের সংস্কৃতি বেঁচে থাকবে।’ চাটগাঁ ভাষা পরিষদের আয়োজনে গত শনিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে চাটগাঁ ভাষাবিষয়ক দিনব্যাপী সেমিনারে বক্তারা এ অভিমত দেন। এ কে খান ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয় তিনটি পর্বে। পরিষদের সহসভাপতি মঈনুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে প্রথম পর্বের উদ্বোধন করেন প্রধান অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান, অধ্যাপক জামাল নজরুল ইসলাম, চিটাগাং চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, সাবেক সহসভাপতি এম এ ছালাম, চট্টগ্রাম ক্লাবের সভাপতি এস এম আবু তৈয়ব প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পরিষদের সহসভাপতি রানা দাশগুপ্ত। এ সময় চাটগাঁ আঞ্চলিক গানের সিডি আঁরা চাটগাঁইয়ার মোড়ক উন্মোচন এবং চাটগাঁ ভাষা পরিষদের ওয়েবসাইট উদ্বোধন করা হয়। সেমিনারে আলোচকেরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রচিত গান, কবিতা, নাটকসহ সব ধরনের তথ্য সংরক্ষণের জন্য সবার প্রতি আহ্বান জানান। সেমিনারের দ্বিতীয় পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিনের সভাপতিত্বে চাটগাঁ ভাষার অভিধান প্রণয়ন বিষয়ে প্রবন্ধ পড়েন অধ্যাপক মাহবুবুল হক। এ ছাড়া অধ্যাপক মো. আবুল কাসেম চাটগাঁ ভাষার রূপ পরিচয়, অধ্যাপক মনসুর চাটগাঁ ভাষার বানানরীতি প্রণয়ন এবং অধ্যাপক মাহমুদ শাহ চাটগাঁ ভাষার রোমান প্রতিবর্ণীকরণ বিষয়ে প্রবন্ধ পড়েন। আলোচক ছিলেন বাংলা একাডেমীর সাবেক পরিচালক সুব্রত বড়ুয়া, সাংবাদিক নূর মোহাম্মদ, বাংলাদেশ শিক্ষা-তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর পরিচালক শফিউল আলম, শিল্পী আবদুল গফুর প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে পরিষদের সভাপতি অধ্যাপক মো. আবুল কাসেমের সভাপতিত্বে বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব ব্যাপটিস্টের প্রতিনিধি বব আর্চি বেল, লায়ন জেলা গভর্নর মো. আসলাম চৌধুরী প্রমুখ।