
পৌষের প্রথম দিনের শেষ বিকেল। চারতলা বাড়ির ছাদে গোছানো পরিপাটি সবজি বাগান। এক পাশে কাঠ ও শণ দিয়ে তৈরি করা হয়েছে ছোট মঞ্চ। নাম টংঘর। অন্য পাশে পিঠা-পুলি তৈরি চলছে। ধীরে ধীরে জমে উঠেছে আড্ডা। পূর্ণিমার আলোয় ভরা সন্ধ্যায় সেদিন ছিল ‘আঁরার চাটগাঁ’ সংগঠনের বিশেষ আয়োজন ‘খোয়া ভাতি’ (বনভোজন)। সংস্কৃতিকর্মী ও উদীচীর সহসভাপতি গোলাম কিবরিয়ার চশমা হিলের বাসভবনে ছাদের টংঘরে ১৫ ডিসেম্বরের ‘খোয়া ভাতি’টা যেন চট্টগ্রামের বিভিন্ন ক্ষেত্রের মানুষের মিলনমেলায় পরিণত হয়।
শুরুতে সবাইকে দেশীয় পিঠা-পুলি-মোয়া খেজুরের রস দিয়ে আপ্যায়ন করা হয়। এরপর গোলাম কিবরিয়ার সঞ্চালনায় শুরু হয় আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই ছিল শিশুদের সমবেত গান। তারপরই ছিল পিয়ানো বাদক নিখিলেশ বড়ুয়ার দুটি চাঁটগাইয়া গান। একদিকে চট্টগ্রামের আদি ঐতিহ্যের সাংস্কৃতিক পরিবেশনা আর সেই সঙ্গে মোয়া, পিঠা, পুলি, মুড়ি-মুড়কি, খেজুর রস, ভাপা পিঠা ইত্যাদি নানা দেশীয় ব্যঞ্জনার তৃপ্তি নিয়ে সবাই ডুবেছিলেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কবিয়াল মোহাম্মদ ইউসুফের পরিবেশনা। চট্টগ্রামের অতীত ও বর্তমান সংস্কৃতিতে যে বিরাট ব্যবধান তৈরি হয়েছে তার প্রতি বিদ্রূপাত্মক ভাষায় কৌতুক মিশিয়ে তিনি পরিবেশন করেন ছন্দময় কবিগান। আমাদের হারিয়ে যাওয়া লোক-ঐতিহ্যকে তিনি তাঁর ছন্দের মাধ্যমে বারবার মনে করিয়ে দিচ্ছিলেন। আরও ছিল তালুকদার হালিমের আঞ্চলিক ছড়া।
এসব গান আবৃত্তির মাঝখানে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন কুমিল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবুল হক। আরও বক্তব্য দেন কবি ওমর কায়সার, অধ্যাপক সিকান্দার চৌধুরী, নুর নবী ইমরান, তৌফিকুল ইসলাম চৌধুরী, কাজী রুন বিলকিস, জাকারিয়া চৌধুরী, মো. শাহিদুর রহমান, অমিত হোড়, দিলীপ রায়, মো. সরওয়ার হোসেন আজিজ, সোহেল এল হাসনাত, মৌসুমী পাল, করবী চৌধুরী অধ্যাপক সাকি জান্নাত পারভিন, রুবিনা ইয়াসমিন, সাইফুল্লাহ মোহাম্মদ সালাউদ্দিন দুলু, কবিতা মোর্শেদ প্রমুখ।
আঞ্চলিক ভাষায় গান পরিবেশন করেন শিল্পী শাহরিয়ার খালেদও। তবে সেদিন চাঁদের আলোয় তাঁর কণ্ঠে পরিবেশিত ‘ও চাঁদ, সামলে রাখো জোছনাকে’ গানটি অনেকের হৃদয়কে ভিজিয়ে দিয়েছিল। আরও গান করেছেন মনোয়ার বেগম, তামান্না ইসলাম, তৌফিকুল ইসলাম, আবৃত্তি করেন মোজাহেরুল ইসলাম। পারুল চৌধুরীর কণ্ঠে মারমা গান, আর অভিধা চাকমার চাকমা ভাষার গান অনুষ্ঠানে বৈচিত্র্য এনেছে।
অনুষ্ঠান সম্পর্কে শিল্পী শাহরিয়ার খালেদ বলেন, ‘আমাদের ঐতিহ্যের অনেক কিছুই আজ হারাতে বসেছি। দেশি অনেক খাবারদাবার যেমন আমরা আর খেতে পারি না, তেমনি কবিগানসহ অনেক ব্যাপার আমরা আর দেখি না। সেই সব আদি ঐতিহ্যকে ফিরিয়ে আনার তাগিদে এই অনুষ্ঠান। এই প্রয়াস আমাদের চলতে থাকবে।’