'চাহিদার অর্ধেক গ্যাসও পাচ্ছে না চট্টগ্রাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গ্যাসের সংকট দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতারা। গ্যাস–সংকট সমাধানে যৌক্তিক পদক্ষেপ নিয়ে জনজীবনে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, চট্টগ্রামে জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ, এলপিজিকে আরও স্বল্পমূল্য, বিতরণব্যবস্থা সহজলভ্য ও জনবান্ধব করার উদ্যোগ গ্রহণের দাবি জানিয়ে ১৬ ফেব্রুয়ারি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করেন তাঁরা। কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আয়ুব খান চৌধুরী স্মারকলিপি গ্রহণ করেন।
ক্যাবের নেতাদের বলেন, চাহিদার অর্ধেক গ্যাসও পাচ্ছে না চট্টগ্রাম। সরবরাহকৃত গ্যাসের চাপও (প্রেশার) কম। এতে বিপাকে পড়েছেন আবাসিক খাতের লাখো গ্রাহক, শিল্পকারখানা, সিএনজি স্টেশন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাইপলাইনে গ্যাসের চাপ না থাকায় ঘরে চুলা জ্বলে না অনেক এলাকায়। গ্যাস–সংকটের কারণে শুধু শিল্পকারখানা নয়, বাসাবাড়ি ও জীবনযাত্রাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বস্তুত সামগ্রিক জাতীয় অর্থনীতিই পড়েছে সংকটের মুখে। জাতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম যেকোনো বিবেচনায় গ্যাস সরবরাহে অগ্রাধিকার পাওয়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না।
স্মারকলিপি প্রদানের সময় ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার, সহসভাপতি ইকবাল আলী আকবর, ক্যাব মহানগরের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম এবং কেজিডিসিএলের মহাব্যবস্থাপক খাইজ আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন।
কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আইয়ুব খান চৌধুরী নগরীর গ্যাস সংকটাপন্ন এলাকাগুলোতে দ্রুত মেইনটেন্যান্স টিম পাঠিয়ে সঞ্চালন লাইনে প্রতিবন্ধকতা দূরীকরণ, অবৈধ সংযোগ ও অপচয় রোধে ভিজিল্যান্স টিম পাঠানোর প্রতিশ্রুতি দেন। বিজ্ঞপ্তি