‘চিকিৎসাশ্রমিকের দিনলিপি’ বইয়ের প্রকাশনা উৎসব
দেশের চিকিৎসাব্যবস্থা, সংকট, সম্ভাবনা ইত্যাদি বিষয়ে সারগর্ভ আলোচনার মধ্য দিয়ে হয়ে গেল হাসান শহীদুল আলমের চিকিৎসাশ্রমিকের দিনলিপি বইয়ের প্রকাশনা উৎসব। ৪ আগস্ট বিকেল পাঁচটায় চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।উৎসবের প্রধান অতিথি কবি আবুল মোমেন বলেন, ‘আমাদের সমাজে ডাক্তারি পড়ে নিশ্চিত উপার্জনের জন্য। চেম্বার হবে, রোগী বাড়বে, আয় বাড়বে—এভাবে একটি চক্রের মধ্যে হারিয়ে যাবে। অনেকটা রেশমের গুটির মতো। তাঁরা মানুষের জীবন দেওয়ার কাজ করেন নিজের জীবনের বিনিময়ে। সভা-সমাবেশ, সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় তাঁদের নেই। খুব বোকা না হলে নিজের গ্রামে কেউ চেম্বার করতে যান না। সে ক্ষেত্রে হাসান শহীদুল আলম ব্যতিক্রম।’উৎসব কমিটির আহ্বায়ক সাংবাদিক মুহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক এ কিউ এম সিরাজুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক মুহাম্মদ আবদুল আলীম। আলোচনা করেন কবি স্বপন দত্ত ও সাংবাদিক ওমর কায়সার। সাংবাদিক আসিফ সিরাজ ও অধ্যাপক অভিজিৎ বড়ুয়ার সঞ্চালনে উৎসবে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি জালাল উদ্দীন আহমদ। ধন্যবাদ বক্তব্য দেন বলাকা প্রকাশনের জামাল উদ্দীন। অনুভূতি জানান লেখক হাসান শহীদুল আলম। আবুল মোমেন আরও বলেন, “মানুষ দেহসর্বস্ব প্রাণী নয়—মনটাই প্রধান। ব্যস্ততার জন্য মানুষের ভেতরে যে মানুষটা আছে তা মরে যায়।”এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ‘চিকিৎসক-সমাজের ভালো দিক, মন্দ দিক—দুটিই আছে। বইটি দেশপ্রেমিক, সমাজ ও রাজনীতি-সচেতন একজন চিকিৎসকের দিনলিপি।’ মুহাম্মদ আবদুল আলীম বলেন, ‘হাসান শহীদুলের লেখায় গভীর সংবেদনশীলতার পরিচয় মেলে। তিনি হাটে-মাঠে-ঘাটের চরিত্রগুলো স্বাভাবিকভাবে তুলে ধরেছেন। তথ্য-উপাত্ত দিয়ে প্রবন্ধগুলোর যৌক্তিকতা তুলে ধরেছেন।’ স্বপন দত্ত বলেন, ‘হাসান শহীদুল লোকজীবনকে লেখায় তুলে এনেছেন। এ বইয়ের ৫৮টি প্রবন্ধের মধ্যে ১৪টিতে নারী অধিকার, পারিবারিক নির্যাতন, স্বাস্থ্য সচেতনতার অভাব ইত্যাদি তুলে ধরেছেন। ছয়টি প্রবন্ধ শিশুদের নিয়ে। প্রায় প্রতিটি লেখা শুরু করেছেন সত্য কাহিনি দিয়ে। আসলে তিনি রোগীর চিকিৎসার পাশাপাশি সমাজের চিকিৎসা করতে চেয়েছেন, সমাজকে পরিশীলিত করতে চেয়েছেন।’ওমর কায়সার বলেন, ‘হাসান শহীদুল আলম ভালো চিকিৎসক শুধু নন, একজন সুলেখকও বটে। ছোট ছোট বাক্যে সাধারণ কথাগুলো তিনি সাহিত্য-রসে রসালো করেছেন। বইটি গ্রামীণ জনজীবনের দলিল হিসেবে গণ্য হবে।’সভাপতির বক্তব্যে মুহাম্মদ শামসুল হক বলেন, ‘ব্যস্ততম পেশায় থেকেও হাসান শহীদুল আলম রাজনীতি, সমাজ ও গ্রামীণ জনজীবন নিয়ে লিখেছেন। এ দৃষ্টান্ত অন্য চিকিৎসক ও আইনজীবীদের অনুসরণ করা দরকার।’