৩ এপ্রিল ভোর চারটায় নাজমা আক্তারকে মেমন হাসপাতালে ভর্তি করান স্বামী মোজাফফর হোসেন। এত ভোরে হালিশহর সবুজবাগ এলাকা থেকে আসতে তাঁর খুবই কষ্ট হয়েছে। স্ত্রীকে নিয়েও খুব চিন্তিত ছিলেন। কিন্তু ৪ এপ্রিল সদ্যজাত সন্তানের মুখ দেখে তাঁর সব কষ্ট আর চিন্তা দূর হয়ে গেল। বললেন, ‘চিকিৎসাসেবা ভালো বলেই কষ্ট করে এত দূর থেকে এসেছি এই হাসপাতালে।’ একই রকম মন্তব্য করেন হালিশহরের নয়াবাজারের বাসিন্দা আব্বাস উদ্দিন। তাঁর স্ত্রী ও শিশুকে সুস্থ রাখার জন্য চিকিত্সক ও সেবিকাদের ভূমিকার প্রশংসা করেন তিনি। প্রসূতি ও গর্ভবতী মায়েদের উন্নত চিকিৎসাসেবার লক্ষ্যে নগরের সদরঘাট এলাকায় ১৯৬২ সালে ১৪ শয্যার মেমন হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। অবাঙালি মেমন সম্প্রদায়ের বিত্তবান লোকেরা এটি গড়ে তোলেন। ১৯৭১ সালে মেমন সম্প্রদায়ের লোকজন দেশ ছেড়ে চলে গেলে ৭২ সালের মাঝামাঝিতে চট্টগ্রাম পৌরসভা কর্তৃপক্ষ হাসপাতালটি নিজেদের আয়ত্তে নেয়। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিত্সক নুরুল ইসলাম জানান, মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী দায়িত্ব নেওয়ার পর থেকে হাসপাতালের উন্নয়নে পদক্ষেপ নেন। হাসপাতালে এখন শয্যা আছে ১০০টি। এর মধ্যে ২৩টি সাধারণ। সাধারণ শয্যার ভাড়া ২০০ টাকা। কক্ষ (কেবিন) ভাড়া ৩০০ থেকে এক হাজার ২০০ টাকা। প্রতিদিন গড়ে ৮০ জন রোগী আসেন। দিনে গড়ে আটটি সাধারণ এবং চার-পাঁচটি বড় ধরনের অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব হয় এখানে। রোগীদের সেবা দিতে ২৩ জন বিশেষজ্ঞ ও ২৮ জন সেবিকা নিয়োজিত আছেন। হাসপাতালের চিকিৎসাসেবা কেমন জানতে চাইলে আনোয়ারা থেকে আসা প্রসূতি সোনিয়া আক্তার বললেন, ‘খুবই ভালো। রোগী ভর্তির আগে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া বাচ্চা হওয়ার পর বাচ্চার যত্ন সম্পর্কে ধারণা দেওয়া হয়।’ চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে যাচ্ছিলেন আগ্রাবাদের শাহানা আক্তার। তিনি জানান, ‘হাসপাতাল ছেড়ে আসার সময় শিশুর টিকাদান ও পরিবার-পরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।’হাসপাতাল সূত্র জানায়, এখানে কেবিনের রোগী ছাড়াও প্রতিদিন গড়ে ৫০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নেন। সকাল সাড়ে আটটা থেকে বেলা একটা পর্যন্ত বহির্বিভাগ খোলা থাকে। তবে বহির্বিভাগের চিকিৎসা ফি বাড়ানো হয়েছে বলে কয়েকজন রোগী অভিযোগ করেন। বৌবাজার থেকে আসা হাসনা বানু জানান, ‘আগে ফি ছিল ৫৫ টাকা। এখন নেওয়া হচ্ছে ১০৩ টাকা। বহির্বিভাগের পাশেই আছে তথ্যকেন্দ্র। স্বাস্থ্যবিষয়ক যেকোনো তথ্য সেখান থেকে পাওয়া যায়। জানা যায়, অবস্থার অবনতি বা জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হলে রোগীকে মেমন হাসপাতালের অ্যাম্বুলেন্সযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সক নুরুল ইসলাম জানান, ‘প্রয়োজনে বাচ্চাদের আমাদের তত্ত্বাবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’