'চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ইয়াবা বড়ি ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ১৫ মে সাংবাদিকেরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। সমাবেশে বক্তারা বলেন, পাঁচ সাংবাদিকের ওপর হামলার ঘটনার মূল হোতা চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ও তার সহযোগীরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। পুলিশ এখনো তাদের গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধার করতে পারেনি সাংবাদিকদের লুণ্ঠিত মালামাল।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, টেকনাফের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নুরুল হকের বিরুদ্ধে একাধিক ইয়াবা পাচারের মামলা রয়েছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। সমাবেশে মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি ন্যক্কারজনক। এ ঘটনাটি কোনোভাবে সহ্য করার মতো নয়। সাংবাদিক নির্যাতনকারী যত বড় সন্ত্রাসীই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ফরহাদ ইকবালের সঞ্চালনায় সমাবেশ আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য তাপস রক্ষিত, মুক্তিযোদ্ধা আবু তাহের, জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমদ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার, সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশিদ, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, রিপোর্টার্স ইউনিটি, কক্সবাজারের সভাপতি আরফাতুল মজিদ, পরিবেশকর্মী মাসুদুর রহমান প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনকারী সাংবাদিকেরা পুলিশ সুপার কার্যালয়ে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা করেন।