‘চুরিবিদ্যার অভিজ্ঞতা’
‘স্যার আছেন? আমরা স্যারের কাছে এসেছি। বাসার বিদ্যুৎলাইনটি খারাপ তো, সেটি ঠিক করতে হবে।’কখনো ধরা পড়লে এভাবেই বিনয়ের সঙ্গে নিজেদের বৈদ্যুতিক মিস্ত্রি বলে পরিচয় দেয় তারা। আর ধরা না পড়লে মাত্র ১০ মিনিটের মধ্যেই তালা ভেঙে বাড়ির সব মূল্যবান জিনিসপত্র নিয়ে কেটে পড়ে। এ কাজের জন্য সব সময় দিনকেই বেছে নেয়। কারণ রাতে চুরির কাজে ঝুঁকি বেশি। গত বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রথম আলোর কাছে নিজেদের চুরির অভিজ্ঞতা এভাবে প্রকাশ করেন আবদুস শুক্কুর ও নুর মোহাম্মদ। এর আগের দিন তাঁদের সাতকানিয়ার খাগরিয়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক খ. আলী আর রাজী ও আতিকুর রহমানের দক্ষিণ ক্যাম্পাসের ভাড়া বাসায় চুরি হয়। চোরেরা বাসা থেকে একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ক্যামেরা, একটি মোবাইল ফোনসেট ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে আতিকুর রহমান বাদী হয়ে ওই দিনই হাটহাজারী থানায় মামলা করেন। এ ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ গ্রেপ্তার করে চুরির সঙ্গে জড়িত আবদুস শুক্কুর ও নুর মোহাম্মদকে। সেই সঙ্গে বেরিয়ে আসে তাদের চুরিবিদ্যার চাঞ্চল্যকর অভিজ্ঞতা। আবদুস শুক্কুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রথম আলোকে বলেন, তাঁদের তিন সদস্যের দল। গত এক বছরে শতাধিকচুরি করেছেন। ধরা পড়েছেন মাত্র দুবার। এর মধ্যে প্রায় সাত মাস আগে সীতাকুণ্ডে একবার হাতেনাতে ধরা পড়েন আবদুস শুক্কুর। পাঁচ মাস জেলে খাটার পর স্ত্রী তাঁকে ছাড়িয়ে আনেন। শুক্কুরের স্ত্রীর বাবাও পেশায় একজন চোর বলে জানান তিনি। আবদুস শুক্কুরের দলের অন্য দুই সদস্য হলেন জসিম উদ্দিন ও নুর মোহাম্মদ। তিনজনেরই বয়স ২৮ থেকে ৩০-এর মধ্যে। জসিম উদ্দিনের বাবার নামও আবদুস শুক্কুর। তিনি ঢাকার ব্র্যাক ব্যাংকে চুরির সঙ্গে জড়িত ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের ঘরে চুরির ঘটনায় শুক্কুর ও নুর মোহাম্মদ ধরা পড়লেও পালিয়ে গেছেন জসিম উদ্দিন। তাঁদের দলনেতা আবদুস শুক্কুর। শুক্কুর জানান, গত ৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমানের বাসায় চুরির আগে তাঁরা তিন দিন ক্যাম্পাসে যাওয়া-আসা করেন। এ সময় তাঁরা টি-শার্ট ও জিনস প্যান্ট পরে ক্যাম্পাসে ঘোরাফেরা করেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মতোই পোশাক পরেন, যাতে লোকজন মনে করেন যে তারাও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঘোরাঘুরি শেষে তাঁরা শিক্ষক আতিকুর রহমানের বাসার আশপাশে ভালোমতো দেখে (রেকি) নেন। পরদিন দুপুরে দুই শিক্ষক ফ্যাকাল্টিতে চলে গেলে তাঁরা ১০ মিনিটের মধ্যেই স্ক্রু ড্রাইভার দিয়ে তালার হেজভোল্ট ভাঙা থেকে শুরু করে চুরির কাজ শেষ করেন। এরপর চলে আসেন শহরে। বহদ্দারহাট মোড়ের একটি হোটেল ভাড়া নিয়ে তিন রাত সেখানে থাকেন। তারপর জিনিসপত্র বিক্রি করে ফেরেন গ্রামে। শিক্ষকের বাসায় চুরির পর চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় একটি বাসা থেকেও একইভাবে চুরি করেন একটি ল্যাপটপ। সেটিও পুলিশ উদ্ধার করে। এর আগে ফেনী জেলায় গিয়ে তিনবার চুরি করেন। আবদুস শুক্কুর ও নুর মোহাম্মদ বলেন, শতাধিক চুরির সঙ্গে জড়িত হলেও সীতাকুণ্ডে মাত্র একবার ধরা পড়েছেন। তবে মামলা আছে দুটি। সীতাকুণ্ড থানার চুরির মামলা ছাড়াও তাঁদের নামে সাতকানিয়ায় একটি ডাকাতি মামলা আছে। শুক্কুর প্রথম আলোকে বলেন, ‘নিজের এলাকায় কোনো দিন চুরি-ডাকাতি করিনি। তবুও পুলিশ আমাদের ডাকাতি মামলা দিয়ে গ্রেপ্তার করে।’ নিজের এলাকায় কেন চুরি করেন না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চোখ কানা অউক, দেশ কানা ন’অউক।’হাটহাজারী অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘চোর হিসেবে এরা কী পরিমাণ ভয়ংকর, তা ধারণা করা যায় না। বলা যায়, এদের চুরিবিদ্যা আন্তর্জাতিক পর্যায়ভুক্ত। কোনো ধরনের ঝুঁকি ছাড়াই মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই কাজ সেরে ফেলতে পারে।’ তিনি বলেন, ‘সাতকানিয়ার খাগরিয়ার যে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে, সেই পাড়ায় ৮০ জন এ ধরনের পেশাদার চোরের খোঁজ পেয়েছি আমরা।’