‘মিথ্যা ডাকাতি মামলায় আসামি হয়ে তিন বছর দুই মাস জেলে ছিলাম। জেলে পরিচয় হয় রামুর রাজারকুলের ডাকাত মো. ইসরাইলের সঙ্গে। জেলে থাকতেই ইসরাইল রামুর দোকানটিতে বেশি টাকা পাওয়ার নিশ্চয়তা দেয়। তার পরামর্শ অনুযায়ী জেল থেকে বের হওয়ার ২০ দিন পর ২৫ মার্চ বিকেলে উখিয়া থেকে ওই দোকানে চুরি করার জন্য আসি আমি আর জাবেদ (সহযোগী)। রাত সাড়ে ১২টার দিকে কাঠের দরজা ফাঁক করে ভেতরের লোহার রড টেনে নিয়ে আমি দোকানে ঢুকি। জাবেদ বাইরে পাহারা দেয়। এ সময় রফিক উল্লাহ চিৎকার-চেঁচামেচি করলে লোহার রড দিয়ে তাঁর গলায় জোরে আঘাত করি। সঙ্গে সঙ্গে তিনি দোকানের ভেতরে লুটিয়ে পড়েন।’৬ এপ্রিল দুপুরে রামু থানায় পুলিশ ও নিহত দোকানমালিক রফিক উল্লাহর আত্মীয়স্বজনের সামনে এভাবেই খুনের বর্ণনা দেন ঘাতক শাহ আলম (২৪)। শাহ আলম উখিয়ার রাজাপালং ইউনিয়নের পিনজিরকুল গ্রামের নুর আহম্মদের ছেলে। তিনি অপরাধের ব্যাপারে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন।গত ২৫ মার্চ রাতে রামুর তেচ্ছিপুল স্টেশনে মৃত ঠান্ডা মিয়ার ছেলে রফিক উল্লাহ তাঁর নিজ দোকানে খুন হন। এ সময় দুর্বৃত্তরা নগদ তিন হাজার টাকা, দুটি মুঠোফোন ও প্রায় দুই হাজার টাকার রিচার্জ কার্ড নিয়ে যায়। ঘটনার পরদিন তাঁর বড় ভাই মো. শহীদুল্লাহ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে মুঠোফোনে কথা বলার সূত্র ধরে পুলিশ ঘাতক শাহ আলমকে গ্রেপ্তার করে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান ও তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, মামলার এজাহারে কারও নাম ছিল না। ওই দোকান থেকে চুরি করা দুইটি মুঠোফোনের একটি ঘাতক শাহ আলম দুই দিন ব্যবহার করে। মুঠোফোন কোম্পানি থেকে দুই দিনের ফোনের তালিকা (কল লিস্ট) নিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলে শাহ আলম সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এরপর থেকে তার পেছনে গুপ্তচর লাগানো হয়। ৫ এপ্রিল বিকেলে উখিয়ার কোটবাজার এলাকা থেকে তাকে ধরা হয়।রফিক উল্লাহর খুনি পুলিশের হাতে ধরা পড়ার খবর পেয়ে ৬ এপ্রিল থানায় ছুটে আসেন তাঁর মা বৃদ্ধা দিলবর বেগম, ভাই আবদুল আজিজ, শহীদুল্লাহ, বোন রাজিয়া বেগমসহ অনেকে। খুনিকে দেখে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। বুক চাপড়ে বিলাপ করতে করতে দিলবর বেগম বলেন, ‘আঁর পোয়ারে তুই ক্যাল্লাই (কেন) খুন গইরজচ (করেছ), আর পোয়ারে (ছেলেকে) তুই আনি দে।’ এ সময় ঘাতক শাহ আলম দিলবর বেগমের পায়ে ধরে ক্ষমা চাইতে গেলে নিহত রফিকের স্বজনেরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে কিল, ঘুষি, লাথি মারেন। শাহ আলম দোষ স্বীকার করে বলছিলেন, ‘আমি দোষী বলে আপনারা আমাকে মারছেন, এতে আমার দুঃখ নেই। আমি কথা দিচ্ছি, এ ঘটনায় শাস্তি ভোগের পর বেঁচে থাকলে প্রয়োজনে রিকশা চালিয়ে খাব, কোনো অপরাধ করব না।’ পুলিশ ওই দিনই তাঁকে আদালতে চালান দেয়।