‘চেকলিস্ট’ ছাড়া বন্য প্রাণীর ওপর কাজ করা অসম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতি ও প্রাণিজগৎ নিয়ে আপনার আগ্রহের শুরু ১৯৬৬ সালের দিকে। জীববিদ্যার অধ্যাপক কালী নারায়ণের সঙ্গে সাভারে সরেজমিনে এক অভিযানে গিয়ে। সে সময়কার আর এখনকার বাংলাদেশের প্রকৃতিতে কী ধরনের তফাত আপনার চোখে পড়ে? বলতে হবে আকাশ-পাতাল তফাত। তখন প্রথম দেখা সাভার-নয়ারহাটের খণ্ডবন এবং শালবনের জায়গা দখল করেছে জনপদ, জনপথ, অসংখ্য ইমারত এবং শত শত মানব স্থাপনা।মানুষের হল্লাচিল্লা যন্ত্রদানবের গগনবিদারি শব্দ কেড়ে নিয়েছে পাখির কলকাকলি, কোকিলের কুহুতান, শিয়ালের হুক্কাহুয়া ডাক ও ঝিঁঝি পোকার অবিরাম কূজন।ওখানে বাস করত শেখ ফরিদ বা কালো তিতির, বটের, হরিয়াল, সবুজ ঘুঘু, পাপিয়া, সরগম, কোকিল, শ্যামাসহ অনেক বিরল ধরনের পাখপাখালি, বাগডাশ, কলকুট/খাটাশ, নোঙ্গর, শিয়াল, খেঁকশিয়াল, শশক, বনবিড়াল, মেছোবিড়াল, বেজি, অজগর, দাঁড়াশ, দুধরাজ, হলদে বা সোনাগুই এবং কালো গুইসাপ, আঁচিল, ডজনে ডজনে প্রজাপতি, ফড়িং, ঘাসফড়িং, কেন্না, কেঁচোরাও ছিল। এখন সেখানে এদের অনেকেরই দেখা পাওয়া মুশকিল।‘ওয়াইল্ড লাইফ অব বাংলাদেশ’ বইটি আদতে একটি চেকলিস্ট বা তালিকা। এ ধরনের তালিকা প্রাণিবৈচিত্র্য রক্ষায় কীভাবে কাজে লাগতে পারে? প্রাণিজগতের যেকোনো দলের একটি চেকলিস্ট ছাড়া কোনো দেশের বা কোনো অঞ্চলের বন্য প্রাণীর ওপর কাজ করা অসম্ভব। এটাকে বলা চলে বন্য প্রাণী বা জীববৈচিত্র্যের ‘স্বরবর্ণ’। ধরুন, আপনি কোনো এলাকার বন্য প্রাণীর ওপর গবেষণা করবেন। আপনি যদি না জানেন সে এলাকায় কী ধরনের প্রাণী প্রজাতি আছে, তবে আপনি কাদের ওপর গবেষণা করবেন? অথবা আপনি কীভাবে ওই এলাকার প্রাণী প্রজাতির উন্নয়নের জন্য প্রকল্প নেবেন? সেখানে অবশ্যই আপনাকে বলতে হবে, আপনি কী কী বা কোন কোন প্রজাতির উন্নতি করতে চান। আর তা থাকে ওই এলাকার প্রাণীর চেকলিস্টে। এমনকি প্রাণী সংরক্ষণ করার জন্য যদি কোনো আইন প্রণয়ন করতে হয়, তা হলেও আপনার দরকার হবে প্রাণীর সব ধরনের নাম, যা আপনি তালিকায় রাখবেন।১৯৮২ সালে প্রকাশিত হয় আপনার এ ধরনের খুব গুরুত্বপূর্ণ একটি পুস্তক। সেটি প্রথম প্রকাশের পর কী ধরনের সাড়া পেয়েছিলেন? বলতেই হবে অভিনব। দেশে ওটাই ছিল প্রথম চেকলিস্ট। কাজেই বন্য প্রাণিবিদ এবং এ শাখায় গবেষণারত ছেলেমেয়েদের এবং পরবর্তী সময়ে যাঁরা নীতিনির্ধারক তাঁদের জন্য এটা ছিল অনেকটা বন্য প্রাণীর বাইবেলের মতো। কারণ, এটিই বাংলাদেশের প্রথম বই, যাতে কেবল বন্য প্রাণীর তালিকাই প্রকাশিত হয়নি, বরং যোগ হয়েছে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানুষের তৈরি নানা বন্য প্রাণীর পরিবেশের। এ ছাড়া ছিল বিভিন্ন বন্য প্রাণী ও পরিবেশবিষয়ক জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে বিভিন্ন তথ্য, যা তখনকার কোনো পত্রপত্রিকা বা বই-পুস্তকে পাওয়া যেত না।বেশ কিছু প্রাণীর বাংলা নামকরণ আপনার নিজের করা। একটি প্রাণীর নামকরণের সময় আপনি কোন বিষয়গুলো মাথায় রাখেন? প্রথমেই সেসব নাম গ্রহণ করি, যেগুলো প্রচলিত। তারপর নিই দেশের বিভিন্ন অঞ্চলে বা বই-পুস্তকে যেসব নাম আছে, সেগুলো। আর সবার শেষে গুরুত্ব দিই একটি প্রাণীর দৈহিক বৈশিষ্ট্যের ওপর, যা থেকে সহজে একটি প্রাণীকে চেনা যেতে পারে।এই বই আপনি উৎসর্গ করেছেন প্রকৃতি ও প্রাণিবৈচিত্র্য নিয়ে প্রতিনিয়ত কাজ করছেন এমন প্রকৃতিপ্রেমী মানুষজনকে... বেশির ভাগ ক্ষেত্রেই এসব মানুষ থাকে পর্দার আড়ালে এবং মাঠের কাজ শেষ হলে আমরা প্রায়ই এদের কথা ভুলে যাই। তাই আমি চেষ্টা করেছি, মাঠের কাজে যাদের সহযোগিতা পেয়েছি, তাদের স্মরণে রাখার জন্য।আপনার বইয়ে বহু বিচিত্র প্রাণিকুলের তথ্য ও ছবি আমরা পাই। আপনার নিজের চোখে বাংলাদেশের সবচেয়ে বিচিত্র এবং দুর্লভতম পশু বা পাখি কোনগুলো? যেকোনো ধরনের সাপ, কিছু ব্যাঙ, গভীর বনের বাসিন্দা পাখি এবং নিশাচর স্তন্যপায়ী প্রাণী। উদাহরণ—রাজগোখরা সাপ, আবর্জনা বা লালচোখ ব্যাঙ, ফোটকা ব্যাঙ, বুনো টিকটিকি, ফুলঝুরি পাখি, পাতা ফুটকি, উড়ন্ত কাঠবিড়ালি, লজ্জাবতী বানর ইত্যাদি। এরা আমাকে খুব মুগ্ধ করে।প্রকৃতি ও প্রাণিবৈচিত্র্য নিয়ে কাজ করার জন্য কোন গুণগুলো বেশি জরুরি? প্রতিকূল অবস্থায়ও মাঠের কাজ করার মতো আগ্রহ, বুদ্ধিমত্তা ও দৃঢ়প্রতিজ্ঞা। মাঠপর্যায়ের সব মানুষকে নিজের চেয়ে জ্ঞানবান মনে করা এবং ভারবাহী ব্যক্তিটিকেও নিজের চেয়ে ছোট না ভাবা।বাংলাদেশে এ ধরনের কাজ করার সমস্যাগুলো কী ধরনের? আপনি নিজে এই বিষয় নিয়ে কাজ করতে গিয়ে কী ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন? সফরসঙ্গীদের গ্রাম ও মাঠপর্যায়ের লোকজনের প্রতি উন্নাসিক মনোভাব। এটাই মনে হয়েছে বড় সমস্যা। মূলত চোরা কাঠকারবারি এবং চোরা প্রাণিশিকারি ছাড়া বনে বন্য প্রাণী দেখে ভয় পাওয়ার কিছু নেই। দু-একবার চোরা শিকারির বন্দুকের নিশানা হওয়া এবং সঠিক গাইডের অভাবে বনের ভেতর পথ হারানো ছাড়া অন্য কোনো সমস্যায় পড়িনি।সামনে যে কাজটি করার কথা ভাবছেন— দেশের নিশাচর সব বন্য প্রাণীর একটি পুঙ্খানুপুঙ্খ জরিপ।সাক্ষাৎকার: ইকবাল হোসাইন চৌধুরী