'চেষ্টা করলেই সফল হওয়া যায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুন্নাহার
নুরুন্নাহার

ছেলে নাঈম হোসেন সাইকেল নিয়ে তৈরি বাড়ির সামনে। পেছনে চড়ে বসলেন মা নুরুন্নাহার। চাটমোহর-পাবনা সড়ক ধরে প্রায় দেড় কিলোমিটার এগিয়ে মথুরাপুর গ্রামের একটি বাড়ি তাঁদের গন্তব্য। উঠানে মাদুর পেতে অপেক্ষা করছেন কয়েকজন নারী। ‘নুরুন্নাহার আপা’ তাঁদের সেলাই প্রশিক্ষণ দেবেন।
প্রায় এক ঘণ্টার প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরেন নুরুন্নাহার। বাড়িতে তাঁর নিজের কারখানা। ১০টি সেলাই মেশিনের এই কারখানায় তৈরি কাপড় তিনি বিক্রি করেন নিজের দোকানে। বাড়িতে ঢুকে দেখা গেল—একতালে চলছে মেশিনগুলো। নারীদের কয়েকজনকে দেখা গেল কাপড় কাটছেন। কেউ তৈরি পোশাকে শেষ কাজটুকু করছেন। ঘুর ঘুরে সবার কাজ তদারক করছেন নুরুন্নাহার।
বিকেলে অন্য গ্রামে আরেক দফা প্রশিক্ষণ দিতে যাবেন নুরুন্নাহার। এর মধ্যে কোনো এক ফাঁকে পুকুরে মাছের দেখাশোনাও করবেন। এখন এভাবে দারুণ ব্যস্ততায় দিন কাটে পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদ্রা গ্রামের নুরুন্নাহারের (৪৪)।
কিন্তু একসময় নুরুন্নাহারের জীবনটা স্থবির করে দিয়েছিল বাল্যবিবাহ। ১৯৮৬ সালের কথা। পঞ্চম শ্রেণির ছাত্রী নুরুন্নাহারের অমতেই তাঁকে বিয়ে দিলেন মা-বাবা। তারপরও অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন তিনি। ১৯৯২ সালে এক পুত্রসন্তানের মা হন। বন্ধ হয়ে যায় পড়ালেখা। তার কিছুদিন পর ভেঙে যায় সংসার। ১৯৯৬ সালে একদিন ছেলে কোলে নিয়ে বাবার বাড়ি ফিরে আসেন তিনি। বোঝা হয়ে পড়েন ভাইদের চোখে।
দেলোয়ারা বেগম নামে প্রতিবেশী এক নারীর সহযোগিতায় সেলাইয়ের প্রশিক্ষণ নেন নুরুন্নাহার। স্বাবলম্বী হতে হবে। অন্তত সন্তান আর নিজের খরচটুকু জোগাড় করতে হবে। বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে কেনেন একটি সেলাই মেশিন। বাড়িতে বসেই শুরু করেন নারীদের পোশাক তৈরির কাজ।
দিনে দিনে নুরুন্নাহারের কাজের পরিধি বাড়তে থাকে ঠিকই। কিন্তু নতুন নতুন ফ্যাশনের কাছে টিকতে হিমশিম খান। প্রয়োজন পড়ে উন্নত প্রশিক্ষণের। গ্রাম ছাড়তে হয় তাঁকে। রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকায় একটি পোশাক সেলাইয়ের (টেইলার্স) দোকানে কাজ নেন। চার বছর টানা কাজ করে দক্ষতা অর্জন করেন। যে সামান্য টাকা জমান তা নিয়েই আবার ফিরে আসেন গ্রামের বাড়িতে। ২০০৩ সালে বাড়িতে ছোট্ট একটি পোশাকের দোকান দেন। তারপর সচল হতে থাকে স্বপ্নের চাকা।

গ্রামের নারীদের সেলাই প্রশিক্ষণ দিচ্ছেন নুরুন্নাহার বেগম l ছবি: প্রথম আলো
গ্রামের নারীদের সেলাই প্রশিক্ষণ দিচ্ছেন নুরুন্নাহার বেগম l ছবি: প্রথম আলো

বাবার বাড়ির পাশেই এখন নুরুন্নাহার নিজে বাড়ি করেছেন। সেখানে ছেলে নাঈম হোসেনের (২৩) নামে দিয়েছেন পোশাকের দোকান। এখন তাঁর কারখানায় কাজ করছেন স্থানীয় ২০ জন নারী। জীবনযুদ্ধের কারণে ছেলের লেখাপড়া আটকে গেলেও তাঁকে উন্মুক্ত বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি করেছেন।
নুরুন্নাহার প্রথম আলোকে বলেন, নিজ প্রতিষ্ঠানের তৈরি পোশাক দোকানে বিক্রির পাশাপাশি তা সরবরাহ করছেন পাবনার বিভিন্ন দোকানে। গ্রামে গ্রামে ঘুরে নারীদের সেলাই প্রশিক্ষণ দিচ্ছেন। এ পর্যন্ত উপজেলার বালুচর, চৌধুরীপাড়া, মথুরাপুর, উথুলিসহ আটটি গ্রামের প্রায় সাড়ে তিন শ নারীকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছেন দক্ষ কর্মী হিসেবে। সেই সঙ্গে তৈরি করেছেন কয়েকজন প্রশিক্ষকও। তাঁরাও এখন প্রশিক্ষণ দিচ্ছেন অন্য নারীদের।
নুরুন্নাহার তাঁর সেলাইকাজের মধ্যেই আটকে থাকেননি। গ্রামের কয়েকটি পুকুরও ইজারা নিয়েছেন। ছেলেকে সঙ্গে নিয়ে কাজের ফাঁকে পুকুরে মাছের যত্ন নেন।
নুরুন্নাহারের কাছে প্রশিক্ষণ নেওয়া ফিরোজা খাতুন বলেন, ‘আপা আমাগের চোখ খুলে দিছে। কাম শিখাইছে। এহন আমরা নিজের খরচ নিজিরা জুগার করি। টেকার জন্যি কারও কাছে হাত পাতা লাগে না।’ তৃষা খাতুন নামের এক তরুণী বললেন, ‘আপার কাছে প্রশিক্ষণ নিয়ে এখানেই (তাঁর কারখানায়) কাজ করছি। যা আয় হচ্ছে তাতে পড়ালেখা ও নিজের খরচের পাশাপাশি সংসারে সহযোগিতা করি।’
যোগাযোগ করা হলে মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার আজিজুল হক বলেন, নুরুন্নাহার কয়েকটি গ্রামে জনপ্রিয় একটি নাম। তিনি সংগ্রাম করে নিজের পায়ে দাঁড়িয়েছেন। অন্যদেরও স্বাবলম্বী হতে উৎসাহিত করছেন। এ বছর বাংলাদেশ সরকারের মহিলাবিষয়ক অধিদপ্তর থেকে সফল নারী উদ্যোক্তার স্বীকৃতি ‘জয়িতা’ সম্মান পেয়েছেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে জানতে চাইলে নুরুন্নাহার প্রথম আলোকে বলেন, ‘জীবনে যত বিপদই আসুক, হতাশ হতে নাই। চেষ্টা করলেই টিকে থাকা যায়, সফল হওয়া যায়। আমিও টিকে আছি।’ তিনি বলেন, ‘স্বপ্ন দেখছি, বড় একটি কারখানা করার। সেখানে বহু মেয়ের কর্মসংস্থান হবে। আর তারা অন্যের মুখাপেক্ষী না থেকে স্বাবলম্বী হবে।’