'চেহারা দেইখাই বুইঝা নিছি আপনি বাঙালি'

ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এমন সময় কানে এল, ওনলি ওয়ান ডলার। ওয়ান ডলার। তাকিয়ে দেখলাম একজন মধ্যবয়সী লোক সামনে রোদচশমার পসরা সাজিয়ে ওই দাম বলে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন। মাত্র এক ডলার!
আমি থমকে দাঁড়ালাম। কাছে এগিয়ে পছন্দমতো একটি চশমা হাতে নিয়ে জিজ্ঞেস করলাম, ‘হাউ মাচ?’
লোকটি বাংলায় বললেন, ‘নিয়ে যান। মাত্র এক ডলার।’
চশমা বিক্রেতার মুখে বাংলা শুনে যতটা না অবাক হলাম, তারও বেশি অবাক হলাম তিনি কীভাবে আন্দাজ করলেন, আমি একজন বাংলাভাষী! অবাক হয়ে তাঁকে প্রশ্ন করলাম, ‘আপনি কীভাবে বুঝলেন আমি বাঙালি?’ তিনি বললেন, ‘আরে ভাই আপনেরে দেইখাই বুইঝা নিছি। আপনার চেহারায় লেখা আছে আপনি একজন বাঙালি। নিয়া যান। সামনে উইন্টার আসছে তো, তাই কম দামে সানগ্লাস দিচ্ছি।’
আমি বললাম, ‘আপনার বাড়ি?’
‘বিয়ানীবাজার। চিনেন?’
বললাম, ‘চিনুম না মানে? আপনে আমারে চিনেছেন, আর আমি বিয়ানীবাজার চিনুম না!’
দুজনই হাসলাম।
আমি তাঁকে বললাম, ‘আচ্ছা। ফেরার পথে কিনব।’
লোকটা বললেন, ‘নিয়া যাইয়েন কিন্তু। এত সস্তায় সানগ্লাস পাইবেন না।’
কিন্তু ফেরার পথে তাঁকে আর খুঁজে পাইনি।
এখনো আমার কানে বারবার ওই রোদচশমা বিক্রেতার কথাই বাজছে, ‘চেহারা দেইখাই বুইঝা নিছি আপনি বাংলাদেশি বাঙালি।
তবে কী সত্যি-সত্যিই আমার চেহারায় লেখা আছে, আমি একজন বাঙালি?’
খ্রীষ্টফার পিউরীফিকেশন
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র