পলোগ্রাউন্ডের জনসভার পর বিএনপির নেতা-কর্মীরা এখন অনেক আত্মবিশ্বাসী বলে জানা গেছে। এ নিয়ে কথা হয় নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন একরামুল হক।প্রথম আলো: অনেক পরিশ্রম করেছেন। অবশেষে শান্তিপূর্ণ পরিবেশে পলোগ্রাউন্ডের জনসভা শেষ করেছেন। কেমন লাগছে? আমীর খসরু: বাংলাদেশের ইতিহাসে এর আগে এমন বড় সমাবেশ হয়নি। এমন কী স্বাধীনতার আগেও কেউ করতে পারেনি। সাধারণ মানুষ ব্যবসা-বাণিজ্য ও নিজ নিজ পেশা ছেড়ে জনসভায় যোগ দেন। এ ধরনের মহাসমাবেশ কেউ আয়োজন করতে পারে না—যদি জনগণের সমর্থন ও সহযোগিতা না থাকে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে আমরা বিশ্বাসী। আমি মনে করি, পলোগ্রাউন্ডের বিশাল জনসভা থেকে সরকারের সঠিক বার্তা গ্রহণ করাই হবে উত্তম। এই বার্তা থেকে সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে বলে আমি বিশ্বাস করি। জনগণের মুক্তির জন্য আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সংগ্রাম, তাতে আরও বেশি শক্তি যোগাবে পলোগ্রাউন্ডের এই জনসভা। তাঁর নেতৃত্বেই নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে বাধ্য করা হবে। তাই পলোগ্রাউন্ড মাঠে বিশাল সমাবেশ করতে পেরে অবশ্যই ভালো লাগছে।প্রথম আলো : সমাবেশের পর আপনাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কী বললেন? আমীর খসরু: সর্বকালের সর্ববৃহৎ মহাসমাবেশ চেয়ারপারসনকে অবশ্যই মুগ্ধ করেছে। চট্টগ্রামবাসী উনার প্রতি আস্থা রেখেছেন। এতে তাঁর মনোবল বেড়েছে। প্রথম আলো: মানুষের এই সমর্থন কিভাবে দেখছেন?আমীর খসরু: মানুষ যে আশা নিয়ে পলোগ্রাউন্ডের মহাসমাবেশে এসেছে তাঁদের মনের কথাও আমাদের বুঝতে হবে। বিশেষ করে জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়া এবং পরে দেশ পরিচালনায় তার প্রতিফলন ঘটাতে হবে।প্রথম আলো: পলোগ্রাউন্ডের সমাবেশের আগে বিএনপির বিভক্ত নেতা-কর্মীদের মধ্যে ঐক্য তৈরি হয়েছে। এটা ধরে রাখতে পারবেন? আমীর খসরু: ঐক্য তো চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের আগে তৈরি হয়েছে। আমাদের মধ্যে তো কোনো বিভক্তি নেই।