‘চোখ কেড়ে নিয়ে গলায় সুর দিয়েছেন স্রষ্টা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নসাং যেবারি জাগাং ছাড়ি, ইদু আগং জনম আন ভরি। এই জাগাগান রইদে, মর পরান আন জুরি।’ (আমার এই জন্মভূমি ছেড়ে আমি যাব না। এই জায়গা আছে আমার হূদয়জুড়ে)। বহু দূরে ছড়িয়ে পড়ছিল এই গানের সুর। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরে যাওয়ার পথে লারমা স্কয়ার এলাকায় অনেক মানুষ জটলা পাকিয়ে শুনছিল এই গান। গাইছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী শান্তিপ্রিয় চাকমা (৪৫)। এলাকার মানুষের কাছে তিনি কুমার শানু নামে পরিচিত। কুমার শানুর মতো খ্যাতি, প্রতিপত্তি বা বাদকদল তাঁর নেই। খালি গলায় গান করেন তিনি। তবে নিজের হাত, পা ও অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবহার করে তবলা ও বাঁশিসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর তৈরি করতে পারেন। শান্তির কণ্ঠে গান শুনতে ভালোবাসে লোকজন। দূর-দূরান্ত থেকে গান শোনানোর অনুরোধও আসে তাঁর কাছে। গান গেয়েই সংসার চালান তিনি। শান্তিপ্রিয় চাকমা জন্মান্ধ নন। শৈশবে চোখ হারানোর মর্মস্পর্শী কাহিনি শোনা গেল তাঁর মুখ থেকেই। তিনি জানান, তাঁর জন্ম উপজেলার জারুলছড়ি হেডম্যানপাড়া গ্রামে। বাবা অনিলচন্দ্র চাকমা আর মা শাপলা চাকমা বেঁচে নেই। পাঁচ বছর বয়সে একবার ডায়রিয়ায় আক্রান্ত হন তিনি। দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে দূরের হাসপাতালে যাওয়াও সম্ভব ছিল না। গ্রামের মানুষের একমাত্র ভরসা গ্রাম্য চিকিৎসক (বৈদ্য, কবিরাজ)। কবিরাজের মাধ্যমে ডায়রিয়ার চিকিৎসা করাতে গিয়ে দুই চোখের দৃষ্টি হারালেন। মা শাপলা চাকমাও গ্রামে গ্রামে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গান পরিবেশন করতেন। শিল্পী হিসেবে পরিচিত ছিলেন তিনিও। ছোটবেলায় মায়ের মুখে গান শুনেই গানের প্রতি ভালোবাসা জন্মায় তাঁর। দৃষ্টি হারানোর পর শৈশবেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে রেডিওতে গান শোনার নেশায় আক্রান্ত হয়েছিলেন তিনি। একবার গান শুনলেই মুখস্থ করে তা অবিকল গাইতে পারতেন। সেই থেকে গান গাওয়া শুরু। এ পর্যন্ত এক হাজারের মতো বাংলা, হিন্দি ও চাকমা গান শিখেছেন শুনে শুনে। ২০০৮ সালে লংগদু সেনা জোনে বিজয় দিবসের অনুষ্ঠানে গান করে অনেক পুরস্কার পেয়েছেন।দর্শকদের অনুরোধে সব ধরনের গানই গাইতে হয় তাঁকে। ভালো লাগে সুবীর নন্দীর ‘হাজার মনের কাছে প্রশ্ন রেখে, একটি কথাই শুধু জেনেছি আমি। পৃথিবীতে প্রেম বলে কিছু নেই...’ গানটি।অন্ধ হওয়ায় কোনো দুঃখ নেই তাঁর। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা আমার দৃষ্টি কেড়ে নিয়ে নতুন প্রতিভা দিয়েছেন। সেটি দিয়েই তো পেট চলছে। আমার চোখ না থাকলেও অন্তর আছে। অন্তরের চোখ অনেক শক্তিশালী। অন্তরের চোখ দিয়ে দেখি, অন্তর দিয়ে গাই।’বাবুছড়া দাদন কারবারিপাড়া সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের পাড়াকেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি সমর বিজয় চাকমা। তিনি জানালেন, ‘আমরা গ্রামের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গান পরিবেশনের জন্য এই কুমার শানুকে (শান্তি প্রিয়) ডাকি। তাঁর গানে কোনো বাদ্যযন্ত্র লাগে না। আমাদের দাবি শিল্পী হিসেবে তাঁর প্রাপ্য মর্যাদাটা যেন তিনি পান।’