‘ছইং ক্যারেই’ নৃত্যের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে রোয়াংছড়ির কানাইজোপাড়ায় মারমাদের ঐতিহ্যবাহী ‘ছইং ক্যারেই’ বা শবদাহ নৃত্যের মহড়া চলছে। জেলার প্রবীণ বৌদ্ধভিক্ষু উ ওয়ারা মহাথেরর শবদাহ অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের প্রস্তুতি হিসেবে এ মহড়া চালানো হচ্ছে। মার্চের মাঝামাঝিতে প্রয়াত মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। অত্যন্ত ব্যয়বহুল ও বিশাল কর্মী বাহিনী প্রয়োজন হওয়ায় বর্তমানে এ শবদাহ নৃত্য খুব কম আয়োজন করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। প্রবীণ মারমারা জানিয়েছেন, মহাস্থবির পর্যায়ে উপনীত খ্যাতনামা বৌদ্ধভিক্ষুুদের অন্ত্যেষ্টিক্রিয়ায় ‘ছইং ক্যারেই’ পরিবেশন করা হয়। এতে পুরুষদের পাশাপাশি নারীরাও ‘ইয়েইখ্য’ বা ‘শোকসংগীত’ গেয়ে নাচেন। পুরুষেরা মরদেহ কাঁধে নিয়ে বাজনার তালে তালে এবং বিবাহিত ও অবিবাহিত নারীরা করুণ সুরে প্রয়াত মহাস্থবিরের জীবন কাহিনি গেয়ে নাচতে থাকেন। এ জন্য নারীদেরও প্রশিক্ষণ নিতে হয়। কোথাও কোথাও আবার নারীরাও পুরুষদের মতো ছইং ক্যারেই নৃত্য পরিবেশন করেন। উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটের (উসাই) পরিচালক মংনুচিং মারমা জানিয়েছেন গত ১২ নভেম্বর কানাইজোপাড়া বৌদ্ধবিহারের উ ওয়ারা মহাথেরের মৃত্যুর পর থেকে নারী-পুরুষেরা সেখানকার বৌদ্ধবিহার প্রাঙ্গণে প্রশিক্ষণ নিচ্ছেন। এ বছরের মার্চের মাঝামাঝিতে প্রয়াত মহাস্থবিরের মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। বর্তমানে তাঁর মরদেহ বিহার প্রাঙ্গণে বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করা হয়েছে। কানাইজোপাড়াবাসী ও শবদাহক্রিয়া উদ্যাপন কমিটির সভাপতি চিংনুমং মারমা জানালেন, পাড়ার লোকজন দিনের কাজ শেষে রাতে ভান্তের (মহাস্থবির) শবদাহ অনুষ্ঠানের নানা আনুষ্ঠানিকতার জন্য মহড়ার কাজে ব্যস্ত রয়েছেন। কয়েক মাস এ মহড়া চলবে। দেখা গেছে, বর্গাকৃতির একটি চালাঘরের কাঠামো কাঁধে নিয়ে ২৮ জন যুবক নাচের মহড়া দিচ্ছেন। মিয়ানমারের আরাকান থেকে প্রশিক্ষিত অংচিংমং মারমা তাঁদের প্রশিক্ষণ দিচ্ছেন। শুধু কানাইজোপাড়ায় নয়, এ শবদাহ অনুষ্ঠানের জন্য অন্যান্য পাড়াগ্রাম থেকেও নাচের দল আসবে। যতটা দল শবদাহ অনুষ্ঠানে নাচে অংশ নেবে সাজানো প্যাগোডার স্তরও ততটা হবে। অর্থাত্ আটটি দল হলে আট স্তর (আটতলা) ও নয়টি হলে নয় স্তরে প্যাগোডা সাজানো হবে। নেয়াপতং মৌজার হেডম্যান মিছিং মারমা জানিয়েছেন ‘ছইং ক্যারেই’ অত্যন্ত ব্যয়বহুল ও শত শত কর্মীর কর্মযজ্ঞের একটি অনুষ্ঠান। জেলা ও জেলার বাইরের বিভিন্ন স্থান থেকে এতে শত শত বৌদ্ধ ভিক্ষুসহ হাজার হাজার নারী-পুরুষ অংশ নেবেন। অনুষ্ঠানে ১৫-১৬ লাখ টাকা খরচ হবে। এ জন্য বিভিন্ন জন থেকে চাঁদা ও অনুদান সংগ্রহ করা হবে।