‘ছকুড়ি মানুষের নকুড়ি সমস্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকবাজার ধনিয়ারপুলসংলগ্ন ডিসি সড়ক দিয়ে কিছুদূর গেলেই প্যাজারামপাড়া। সবার কাছে এটি জেলেপাড়া নামে পরিচিত। রাস্তা দিয়ে হাঁটার সময় বোঝাই যায় না এখানে একটি পাড়া আছে। পাড়ায় ঢোকার রাস্তাটি খুবই সরু। রাস্তার পাশে নালা। জেলেপাড়ার মানুষের সব সমস্যার প্রধান কারণ নালাটি। স্থানীয় বাসিন্দা রণ দাস বলেন, ‘আমাদের পাড়াটি ছোট। কিন্তু সমস্যা অনেক। যেন ছকুড়ি মানুষের নকুড়ি সমস্যা। একটু বৃষ্টি হলেই নালার পানিতে রাস্তা ডুবে যায়। আর বর্ষায় কোমর সমান পানি ওঠে। তখন ঘর থেকে বের হওয়া যায় না। শিশুদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায়।’ বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শান্তা দাশ বলল, ‘বিদ্যালয়ে যেতে খুবই কষ্ট হয়।’পাড়ার অধিবাসীদের আগের পেশা ছিল মাছধরা। এখন কেউ ছোটখাটো ব্যবসা করেন, কেউ ফিশারিঘাট থেকে মাছ এনে চকবাজারে বেচেন। স্থানীয় পরিমল দাস জানান, ‘পুকুর নাই, জাল বাওয়া যায় না। আগে এখানে চার-পাঁচটি পুকুর ছিল। এখন সব ভরাট হয়ে গেছে। একটা পুকুর ভরাট করে চারতলা ভবন উঠেছে।’ সঞ্জীব জলদাস বলেন, ‘আড়ত থেকে মাছ এনে পাড়ায় পাড়ায় বেচি। দিনে এক-দেড় শ টাকা আয় হয়। এ নিয়ে কোনো রকমে দিন চলে।’বর্ষায় ঘরে পানি ঢোকার ফলে রান্না, খাওয়া, ঘুমানো—সবই করতে হয় খাটের ওপর। নীরব কুটিরের সবিতা দাস হাসতে হাসতে অবদার করেন, ‘বর্ষাকালে ভাত খাইতে পারি না, তখন চালের বস্তা পাঠায় দিয়েন।’ পাড়ায় ১৫-১৮ পরিবার বাস করে। লোকসংখ্যা প্রায় ৭০০। নলকূপ আছে মাত্র একটি। রাস্তা না থাকায় বিদ্যুৎ বা গ্যাসের লাইন আসতে পারছে না। লাকড়ি কিনে রান্না করতে হয়।’ পাড়ার সর্দার ফেলুরাম জলদাস মন্দিরের সামনে বসে হুঁকা টানছিলেন। বয়স প্রায় ৮০। তিনি জানান, ‘২০ বছর আগে এখানে ২০০ পরিবার ছিল। তখনকার অবস্থা অনুযায়ী ভালো ছিলাম। কিন্তু কেউ কেউ সম্পত্তি বেচে চলে যাওয়ার পর থেকে শুরু হয় সমস্যা। এই রাস্তার জন্য বিএনপির আমলে আবেদন করেছি, আওয়ামী লীগের আমলে দরপত্র পাস হয়েছে, জরিপও হয়েছে, তবু রাস্তা হয়নি। কাউন্সিলর চাইলে সব করতে পারেন। কিন্তু না করলে আমরা কী করব? ’এলাকার সবচেয়ে বয়স্ক লোক ভগীরথ জলদাস (৯০) যোগ করেন, ‘যুদ্ধের সময় কত হিন্দু ভারতে চলে গেল, হিন্দু-মুসলিম দাঙ্গা হলো, কিন্তু আমরা জন্মস্থান ছেড়ে যাইনি। স্বাধীনতার পর থেকে এলাকার কোনো উন্নতি হয়নি। তবে এখানে মন্দির নির্মাণের জন্য সরকারি অনুদান এসেছিল। রাস্তার জন্য ইট, বালু, সিমেন্ট এসেছিল। জায়গা নিয়ে সমস্যা থাকায় একটা ইটও বসাতে পারিনি।’ সজল পাল অভিযোগ করে বলেন, ‘রাস্তা খুঁজতে গেলে আমরা মার খাই।’ সংসদ সদস্য নুরুল ইসলাম বলেন, ‘রাস্তা করার জন্য সরকার ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আমি প্যাজারামপাড়ার রাস্তা অনুমোদন করিয়েছি। আর একটি প্রাথমিক বিদ্যালয় করার কাজে হাত দিয়েছি।’ ওয়ার্ড কাউন্সিলর শহীদুল আলম বলেন, ‘ওদের নিজেদের মধ্যে ঝগড়া, আমি তো তাঁদের ঝগড়ার মধ্যে যেতে পারি না। মূলকথা তাঁদের একতা আর বিনা বাধায় কাজ করতে দিলে উন্নতি হবে।’