‘আপনার বাড়ি তো কুমিল্লায়।’‘আপনি জানলেন কী করে!’ বিস্ময়ে ভদ্রলোকের মুখ হাঁ হয়ে গেল, চোখ দুটো হলো ঠিক রসগোল্লার মতো। আরেকটু হলে ভ্রুজোড়া মাথার চুলের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যেত। কাওসার আহমেদ চৌধুরী তখন নির্বিকার। বিস্ময়গ্রস্ত ভদ্রলোকের হাতটা আরও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে মগ্ন।না, জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীর চেম্বারের কোনো ঘটনা নয় এটি। ঘটনাস্থল ‘ছুটির দিনে’র স্টল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সময় তখন দুপুর ১২টার খানিকটা বেশি। ৫ নভেম্বর আয়োজিত প্রথম আলোর যুগপূর্তি অনুষ্ঠানে ছুটির দিনের স্টলটি এক অর্থে সব বয়সীর মিলনমেলায় পরিণত হয়েছিল যেন। বুঝতেই পারছেন, ছুটির দিনের স্টলের প্রধান আকর্ষণ ছিলেন ‘আপনার রাশি’র লেখক কাওসার আহমেদ চৌধুরী।সকাল থেকেই শুরু হয়েছিল পাঠকের আনাগোনা। ঢোকার মুখেই সাজানো ছিল প্রথম থেকে এ পর্যন্ত প্রথম আলোর উল্লেখযোগ্য কিছু সংখ্যায় অলংকৃত ডিসপ্লে বোর্ড, আলোকচিত্র, পোস্টার, স্যুভেনির ইত্যাদি। আর তার পরই ছুটির দিনের স্টল। পাঠকদের দেখেই ছুটির দিনের কর্মীরা তৎপর। স্টলের টেবিলে সাজিয়ে রাখা ছুটির দিনের সংখ্যাগুলো আরও সুন্দর করে সাজিয়ে রাখতে ভীষণ ব্যস্ত হয়ে পড়েন তাঁরা! এদিকে ছুটির দিনের স্টলটি চোখে পড়তেই এক পাঠক পড়িমড়ি করে ছুটলেন সেদিক পানে। ‘ভাই, ভাই, আমি তো সামনের ঈদ অণুগল্প সংখ্যার জন্য একটা লেখা দিয়েছি। আমার নাম (গোপন থাকল)। গল্পটি পেয়েছেন তো?’ ছুটির দিনের কর্মীরা বিনয়ের সঙ্গে প্রশ্নের যথাযথ উত্তর দিলেন। কিন্তু তাতে মনে হয় ওই পাঠকের আশ মেটেনি। কারণ, আরও কিছুক্ষণ এদিক-সেদিক ঘোরাঘুরির পরও চিন্তিত মুখে ছুটির দিনে স্টলে ফিরে এলেন একসময়। বললেন, ‘ভাই, গল্পটি ছাপা হবে তো?’ উত্তর, ‘ভালো হলে, কেন নয়!’ এবার সেই পাঠকের মুখে হাসি খেলে যায়।এমনি করে আরও অনেক বয়সের, অনেক রুচির পাঠক আসতে লাগলেন ধীরে ধীরে। তাঁদের মনে হাজারো প্রশ্ন, কৌতূহল। তবে সবচেয়ে বড় কথা, প্রথম আলো এবং ছুটির দিনের জন্য তাঁদের নিখাদ ভালোবাসার প্রকাশ ছিল স্বতঃস্ফূর্ত। ছোট, বড়, মাঝারি—সব ধরনের হাতের যেন ছোটখাটো প্রদর্শনী একটা দাঁড়িয়ে গিয়েছিল কাওসার আহমেদ চৌধুরীর সামনে! কাওসার আহমেদ চৌধুরী তখন কিংকর্তব্যবিমূঢ়। বললেন, ‘আমি তো ভাই, হাত দেখে কিছু বলি না! সংখ্যাতত্ত্ব অনুযায়ী ভবিষ্যৎ বলে থাকি!’ কিন্তু পাঠক কেন সেই কথা শুনবেন! তাঁরা নাছোড়বান্দা। অগত্যা হাত দেখেই ভাগ্য বলে দিতে লাগলেন কাওসার আহমেদ চৌধুরী। কেউ একজন এটা-সেটা প্রশ্ন করতে করতে জানতে চায়, ‘স্যার, আমার বিয়ে হবে কবে?’ কাওসার আহমেদ চৌধুরী খানিকক্ষণ তাকিয়ে থাকেন প্রশ্নকর্তার মুখের দিকে। তারপর হো হো করে হেসে উঠে উত্তর দেন, ‘যেদিন বিয়ে করবেন, ঠিক সেদিনই!’ দুপুর কিছুটা গড়িয়ে যেতেই স্টলে ভিড় গেল আরও বেড়ে। ঘটনা কী? ‘আরে, এ যে বাঁধন, পাশে আবার শারমীন লাকি! দেখ দেখ, হাত দেখাচ্ছেন আবার!’ দুই তরুণী এসব বলতে বলতেই ছুটলেন ছুটির দিনের স্টলের দিকে। তার পরই শুরু হলো ক্লিক ক্লিক ক্লিক! ছবি তোলার মহাধুম! হাত দেখাদেখির পাশাপাশি পাঠকের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন ছুটির দিনের কর্মীরা। পাশাপাশি মনোযোগ দিয়ে শুনছিলেন পাঠকের বিভিন্ন মন্তব্য এবং প্রত্যাশার কথা। ব্যস্ততার জন্য দিনের প্রথম ভাগে আসা হয়নি। কিন্তু তাই বলে মেহতাব খানম বাদ যাবেন সেটা কী করে হয়? হাজার ব্যস্ততা সামলেও তাই সন্ধ্যাবেলায় হাজির ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছুটির দিনের ‘মনের জানালা’র পরামর্শক মেহতাব খানম। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল শেষে সন্ধ্যা। ঘোষণা আসে, ‘আজকের মতো এখানেই আমাদের অনুষ্ঠানের সমাপ্তি...।’ পাঠকের ভিড় ধীরে ধীরে কমে আসতে থাকে। তাই একসময় ছুটির দিনের স্টলের পাততাড়িও গোটাতে হয়। পাঠকের সঙ্গে সরাসরি ভাববিনিময়ের চমৎকার একটা মিলনমেলা ছিল সেটি। তবে এই ভাববিনিময় থেমে থাকার নয়। প্রথম আলো এবং ছুটির দিনে ভালোবাসার টানে প্রতিনিয়ত পাঠকের সঙ্গেই আছে, থাকবে। —মাহফুজ রহমান