‘ছেলে তো এল না এল মৃত্যুর খবর’
‘দুর্ঘটনাস্থলে লাশের মিছিল। এক এক করে লাশ উল্টিয়ে দেখছেন, আর বিলাপ করছেন—‘এ তো আমার ছেলে না। আমার ধ্রুব কই?’’ অবশেষে একটা সিএনজিচালিত অটোরিকশায় খুঁজে পেলেন ছেলের লাশ। পাশের লাশটিও আরেক ছাত্রের। মায়ের আহাজারিতে চোখে পানি ধরে রাখতে পারিনি আমরা কেউই।’—কথাগুলো বলছিলেন মিরসরাই জেলার মঘাদিয়া গ্রামের বাসিন্দা কানন দেবী। গত সোমবার দুর্ঘটনায় নিহত হয় আবুতোরাব বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ধ্রুব নাথ (১৪)। সে প্রতি শ্রেণীতেই প্রথম হতো। পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে। চৌমুহনী এয়ারটেল টাচ পয়েন্টে কর্মরত ধ্রুবর দূরসম্পর্কের মাসি মৌসুমী নাথ বলেন, ‘ধ্রুবকে ছোটবেলা থেকেই দেখেছি। কোনো পড়া মুখস্থ না হলে সে কাঁদত আর চোখ মুছত। পড়া শেষ না করে কখনোই ঘুমোতে যেত না। ওর এমন পরিণতি মেনে নেওয়া যায় না।’ মা সুপ্রীতি নাথ ভূঁইয়া একাডেমি কিন্ডারগার্ডেনে শিক্ষকতা করেন। বাবা ধীরেন্দ্র নাথ এসকেএম জুটমিলের কর্মচারী। দুই ছেলের মধ্যে ধ্রুবই বড়।স্বজনেরা জানান, মা চাকরিস্থল থেকে ঘরে ফিরে অপেক্ষা করছিলেন ছেলের জন্য। ছেলে বিদ্যালয় থেকে এলেই একসঙ্গে ভাত খাবেন। ছেলে তো আর এল না, ছেলের বন্ধুর মাধ্যমে এল মৃত্যুর খবর।ধ্রুবর বন্ধু প্রান্ত নাথও ছিল একই ট্রাকে। সে জানায়,‘মাঠে যাওয়ার সময় ধ্রুব প্রথমে ট্রাকে উঠতে পারেনি। গাড়ি ছাড়ার মুহূর্তে দৌড়ে ট্রাকের পেছনে হাতল ধরতে গিয়ে পড়ে যায়। পরে ছেলেরা ট্রাক থামিয়ে তাকে উঠিয়ে নেয়। কানন দেবীর অনুযোগ, ‘এতগুলো ছেলে স্কুল থেকে খেলা দেখতে গেল। শিক্ষকেরা কী করেছেন? স্কুল ফাঁকি দিয়ে এতগুলো ছেলে যায় কীভাবে? এই দায় নেবে কে?’ ওই গ্রামের বাসিন্দা মনীষা নাথ বলেন, ‘সুপ্রীতি দিদি ছোটবেলা থেকেই ধ্রুবকে আগলে রাখতেন। ওকে কেউ দুষ্টু বললে দিদি খুব রাগ করতেন। এত আদরের ছেলেকে ছেড়ে দিদি কীভাবে বাঁচবেন, ভাবতেই পারছি না।’গত মঙ্গলবার সকালে ওই গ্রামের বাসিন্দা সুজন কুমার নাথ বলেন, ‘শ্মশান থেকে রাত দুইটায় ফিরেছি। লাশের নাক দিয়ে রক্ত পড়ছিল। বারবার মুছেও শেষ করা যাচ্ছিল না। স্বজনদের কান্না আর ধ্রুবর মায়ের বিলাপ সহ্য করতে পারছিলাম না।’