'ছেলেটি এখন আমাকে ভয় দেখাচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

মেহতাব খানম
মেহতাব খানম

সমস্যা
আমি টিভি দেখায় মারাত্মকভাবে আসক্ত হয়ে গেছি। আমার পড়ালেখা ঠিকমতো হচ্ছে না। সব সময় শুধু টিভি দেখতে ইচ্ছে করে। টিভিতে কোনো প্রিয় অনুষ্ঠান না থাকলেও চ্যানেল পাল্টাতে পাল্টাতে সময় কাটিয়ে দিই। এমনকি খেলাধুলা করতেও বিরক্ত লাগে। আমি অষ্টম শ্রেণিতে পড়ি।
ছামিউল হক, চকবাজার, চট্টগ্রাম
পরামর্শ
টিভির ওপর নির্ভরশীলতাকে আসক্তি তখনই বলা হয়, যখন এটি আমাদের দৈনন্দিন জীবনে ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করে। তোমার এখন লেখাপড়া, খেলাধুলা—সবকিছুই বিরক্তিকর লাগছে। তাতে বোঝা যাচ্ছে, তোমার মস্তিষ্ক শুধু টিভি দেখার জন্যই উন্মুখ হয়ে থাকছে। এ অবস্থা কি বাড়ির অন্যরা খেয়াল করছেন? তুমি কি তাঁদের কাছে বলেছ, এ ব্যাপারে তোমার সহায়তা দরকার? নিজের চেষ্টায় তুমি মনকে আসক্তি থেকে সরিয়ে রাখতে না পারলে তোমাকে কাউন্সেলরের কাছে যেতে হবে। সে ক্ষেত্রে পরিবারের সচেতনতাও প্রয়োজন হবে। বাড়ির অন্যরা যদি বেশ কিছুদিন নিজেরাও টিভি দেখা বন্ধ রাখেন, তাহলে এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে তোমার অনেক সুবিধা হবে।

আপনার প্রেমিক আপনাকে সত্যি কথা বলছে তো? মডেল হয়েছেন হিমু ও শাওন
আপনার প্রেমিক আপনাকে সত্যি কথা বলছে তো? মডেল হয়েছেন হিমু ও শাওন

সমস্যা
দুই বছর আগে একটি ছেলের সঙ্গে আমার প্রেম হয়। ছেলেটি আমার মুঠোফোন থেকে সব নম্বর কপি করে নেয় এবং আমার ছবি উঠিয়ে নেয়। এখন ছেলেটি আমাকে প্রস্তাব দিচ্ছে ঢাকায় গিয়ে কোর্ট ম্যারেজ করতে। ছেলেটির বাসা ঢাকায়। কিন্তু কোথায়, আমাকে এ ব্যাপারে কোনো সঠিক তথ্য দেয়নি। প্রথমে বলেছিল, তারা তিন ভাই এবং মা-বাবা আছে। কিন্তু এখন বলে তার কোনো ভাইবোন নেই এবং মা-বাবাও নেই, সে এতিম। আমি বিয়েতে রাজি না হওয়ায় ছেলেটি এখন আমাকে ভয় দেখাচ্ছে। বলছে, আমার ছবিগুলো সে সিডি বানিয়ে বাজারে ছেড়ে দেবে।
নাম প্রকাশে অনিচ্ছুক, লামাবাজার, সিলেট
পরামর্শ
তোমাদের কোনো অন্তরঙ্গ মুহূর্তের ছবি কি ছেলেটির কাছে আছে? ছেলেটি যে তোমার মুঠোফোন থেকে সব নম্বর কপি করে নিল, সেটি একেবারে অনধিকারচর্চা হয়েছে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছ, তোমার দিক থেকে বেশ কিছু ভুল হয়েছে। বোঝা যাচ্ছে, ছেলেটি মোটেও এই সম্পর্কের ব্যাপারে আন্তরিক নয়। তার সম্পর্কে সঠিক তথ্য না জানা পর্যন্ত তোমার একেবারেই উচিত হবে না তার সঙ্গে কোনো স্থায়ী সম্পর্কে আবদ্ধ হওয়া। তোমার অভিভাবকদের বিষয়টি জানাও এবং তাঁদের সাহায্য নাও। তাঁরা রাগারাগি করলেও তোমার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ঢাকায় আইন ও সালিশ কেন্দ্র (ফোন: ৮১২৬১৩৭) বা অন্য কোনো মানবাধিকার সংস্থায় গিয়ে তুমি এর জন্য কী ধরনের আইনি ব্যবস্থা নিতে পারো, তা জেনে নাও।