‘ছেলের মতো করে ভালোবেসে এই প্রতিদান পেলাম’
নগরের দুই অভিজাত পরিবারের মধ্যে সম্বন্ধ হয় ২০০৭ সালের মাঝামাঝি সময়ে। পাত্র আনিসুর রহমান (ছদ্মনাম) ও পাত্রী শারমিন সীমার (ছদ্মনাম) বিয়ে বেশি দিন টেকেনি। সালিসি পরিষদের মাধ্যমে বিবাহবিচ্ছেদ ঘটে। চট্টগ্রাম সিটি করপোরেশনের বিশেষ মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান সালিসি পরিষদের বৈঠক করে এই বিচ্ছেদ ঘটান।সালিসি পরিষদের আদেশ: উভয় পক্ষ প্রতিনিধি নিয়ে হাজির আছেন। শেষবারের মতো প্রথম পক্ষ আনিসুর রহমানকে জিজ্ঞেস করা হয়, আপনার স্ত্রী আপনাকে চান, তাঁকে কি আপনি ফিরিয়ে নিতে পারেন না? তাঁর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর নিশ্চয় আপনি নতুন করে সংসার করবেন আরেকজনকে নিয়ে। কিন্তু তাঁর মধ্যে আপনি প্রত্যাশিত সুখ-শান্তি না-ও পেতে পারেন। কথায় আছে যায় দিন ভালো...। জবাবে আনিস বলেন, ‘স্যার, আমি অনেক ভেবেছি। তাঁর সঙ্গে আমার বনিবনা হচ্ছে না।’ এ সময় আনিসের বাবা বলেন, ‘স্যার, আমরা ওকে অনেক বুঝিয়েছি। ওদের মধ্যে কী হয়েছে আমরা বুঝতে পারছি না।’ শারমিন সীমার বাবা বাকরুদ্ধ কণ্ঠে বলেন, ‘স্যার, ওরা যখন চাইছেন না তখন তালাক কার্যকর করে দেন। সবার তো মানসম্মান আছে। আমাদের এত চেষ্টা সত্ত্বেও তাঁদের হূদয় গলছে না। তখন আর কী করার আছে।’ ওই সময় অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন শারমিনের বাবা। ...বোঝা যায় অনেক কষ্টে তিনি অশ্রুসংবরণ করেছেন। অনেকক্ষণ ধরে চুপচাপ বসে থাকা শারমিনের মা কথা বলা শুরু করেন। বলেন, ‘নিজের ছেলের মতো করে ভালোবেসে এই প্রতিদান পেলাম। আল্লাহতায়ালা উপযুক্ত ব্যবস্থা নেবেন। আমার নিরপরাধ মেয়েটাকে বিনা কারণে তালাক দিয়েছে।’আদেশে বলা হয়, শারমিন নির্বাক তাকিয়ে থাকেন। তাঁর বাবা বলেন, ‘স্যার যা হবার তো হয়ে গেছে। আমার মেয়ের দেনমোহর, স্বর্ণালংকার, বিয়ের সময় প্রদত্ত আসবাবসহ অন্য উপহারসামগ্রী ফিরিয়ে দিলে ভালো হয়।’ আনিসের বাবা বলেন, ‘আপনারা যেভাবে বলেন সেভাবেই সব দেনা-পাওনা মিটিয়ে দেব। এটা নিয়ে কোনো সমস্যা হবে না।’আদেশে বলা হয়, অস্বস্তিকর ও বেদনাবিধুর পরিবেশ কাটতে না কাটতে উভয়পক্ষের প্রতিনিধি, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষী লোকজন সালিসি কক্ষ থেকে বের হয়ে যান। শারমিনের বাবার মানসিক অবস্থা বিবেচনা করে তাঁকে স্বাভাবিক হওয়ার জন্য কিছু সময় বসতে বলা হয়। অল্পক্ষণ পর তিনি স্বাভাবিক হয়ে বলেন, ‘স্যার, আমি বিয়ের সময় মেয়েকে অনেক আসবাবপত্র দিয়েছিলাম। সেগুলো ইতিমধ্যে তিন বছরের বেশি সময় ধরে ব্যবহার করা হয়েছে। সেই পুরোনো আসবাব এবং জিনিসপত্র আবার আমার বাড়িতে পাঠানো হলে আমি সামাজিকভাবে হেয় হবো। ...আর এই ব্যাপারটা দেখতেও খারাপ লাগবে। তাঁরা আমাকে এসবের বদলে ক্ষতিপূরণ দিতে পারেন।’ ...এমতাবস্থায় প্রথম পক্ষকে সহায়ক কর্মচারী মারফত ডেকে পাঠানো হয়।...কিছু সময় পর একজন ভদ্রলোক সালিসি কক্ষে আসেন। তিনি বলেন, ছেলেপক্ষ থেকে আসলেও আমি উভয়পক্ষের শুভাকাঙ্ক্ষী। ছেলেপক্ষের সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। এরপর শারমিনের বাবা বলেন, ‘সামাজিক দিক বিবেচনা করে আমাকে আসবাবপত্র ফেরত না দিয়ে সেগুলো দাম বাবদ ক্ষতিপূরণ দিলেই হবে। এ ছাড়া আমার মেয়ের প্রায় ৫০ ভরির মতো স্বর্ণালংকার ওদের বাসায় আছে। এগুলো ফেরত দিতে হবে। এ স্বর্ণালংকার আমার মেয়ে উভয়পক্ষ থেকে উপহার হিসেবে পেয়েছিল।’ ভদ্রলোক সহানুভূতির সঙ্গে বলেন, ‘আমি আপনার কষ্টটা বুঝি। আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে। আমি নিজে দায়িত্ব নিলাম।’ শারমিনের বাবাও বলেন, ‘স্যার, ওরা দেনা-পাওনা নিয়ে ঝামেলা করে না।’আদেশে আরও বলা হয়, সালিসি বৈঠকে উভয়পক্ষ পরস্পরের প্রতি যেরূপ মর্যাদাপূর্ণ আচরণ করেছে তাতে ধরে নেওয়া যায় জ্যান্টেলম্যান অ্যাগ্রিমেন্টের (মৌখিক সমঝোতা) প্রতি সম্মান দেখানো হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো এসবের দিকেই ইঙ্গিত করেছিলেন। বলেছিলেন, ‘ক্ষমা করো, ধৈর্য্য ধরো হউক সুন্দরতর বিদায়ের ক্ষণ। মৃত্যু নয় ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন।’আদেশে বলা হয়, এ ধরনের সালিসে দুপক্ষের মধ্যে কাদা ছোড়াছুড়ি হয়। হয় পরস্পরের প্রতি দোষারোপ। চলে বিষোদ্গার। কিন্তু এই সালিস ছিল এসব থেকে বহু দূরে। বিচ্ছেদের এই বৈঠক হয়তো একান্তই অপারগতায়। কবিগুরু আরও বলেছিলেন, ‘সময় যদি ফুরিয়ে থাকে/ হেসে বিদায় করো তাকে।’ পরিশেষে আদেশে বলা হয়, নথি পর্যালোচনায় প্রতীয়মান হয় যে ৯০ দিন পার হয়ে গেছে। ফলে মুসলিম পারিবারিক অধ্যাদেশের ১৯৬১-এর ৭(৩) ধারায় বর্ণিত বিধান অনুসারে তালাক কার্যকর হয়ে গেছে।