'ছোটখাটো বিরোধ নিজেদের মধ্যে মিটিয়ে ফেললে মামলাজট কমবে'
কক্সবাজারের পেকুয়া উপজেলায় সরকারি আইনগত সহায়তা ও বিকল্প বিরোধ নিষ্পত্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ৩০ মে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই কর্মশালার স্লোগান ছিল ‘সরকারি আইনি সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার, বিকল্প বিরোধ নিষ্পত্তি সংযুক্ত হলো এবার’।
এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম। কর্মশালা পরিচালনা করেন জেলা যুগ্ম দায়রা জজ মাহবুবুর রহমান। প্রধান অতিথির ছিলেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাদিকুল ইসলাম তালুকদার। অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ, চকরিয়া উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী বাহাউদ্দিন ও কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম।
বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান, নারী ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, চকরিয়া অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথি জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার বলেন, আদালতে নানা কারণে রাশি রাশি মামলা পড়ে রয়েছে। যুগের পর যুগ চলে যাচ্ছে, তবু মামলা শেষ হচ্ছে না। তাই ছোটখাটো বিরোধ নিজেদের মধ্যে মিটিয়ে ফেললে মামলাজট কমবে।