‘ছড়িয়ে আলো আলোয় যাব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে নানা সাজে সেজেছে শিক্ষার্থীরা। তিন দিনব্যাপী জমজমাট হয়ে ছিল সিরাজী কলাভবনের পুরো আঙ্গিনা। ১০ বছর পূর্তি উৎসবের শোভাযাত্রায় কথা হয় সংগীত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্তনা মণ্ডল ও এমএ শিক্ষার্থী জিনাতের সঙ্গে। তাঁরা বলেন, আমরা আমাদের বিভাগের ১০ বছর পূর্তি উৎসবে অংশগ্রহণ করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন ও শেষ বর্ষের শিক্ষার্থী ফাহদ হোসেনও তাঁদের সঙ্গে তাল মিলিয়ে বলেন, একটি বিভাগের ১০ বছর পূর্তি উৎসব সত্যিকার অর্থেই আনন্দের একটি বিষয়। আর যেহেতু আমরা এ বিভাগেরই শিক্ষার্থী, তাই আমাদের কাছে এ উৎসবের আনন্দ একটু বেশি বলেই মনে হচ্ছে।‘ছড়িয়ে আলো আলোয় যাব’—এ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজন ও কর্মসূচির মধ্যে দিয়ে ৫ থেকে ৭ এপ্রিল তিন দিন ধরে হলো নাট্যকলা ও সংগীত বিভাগের ১০ বছর পূর্তি উৎসব। ৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান। একই দিনে সহ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্ উৎসব উপলক্ষে আয়োজিত মুখোশ প্রদর্শনীর উদ্বোধন করেন। নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতি এবং নাট্যকার মলয় ভৌমিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক এস এম ফারুক হোসাইন।এ ছাড়া উৎসবের প্রথম দিনে সকালে বিভাগ প্রাঙ্গণ থেকে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উৎসবের অংশ হিসেবে ওই দিন সন্ধ্যায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ধ্রুপদ অঙ্গের গান পরিবেশনসহ আর্থার মিলারের নাটক অল মাই সনস্ মঞ্চস্থ হয়।উৎসবের দ্বিতীয় দিন ৬ এপ্রিল মঙ্গলবার কাজী নজরুল ইসলাম মিলনায়তনে লোকসংগীত পরিবেশনাসহ রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক চণ্ডালিকা মঞ্চস্থ হয়। ৭ এপ্রিল বুধবার উৎসবের সমাপনী দিনে পরিবেশন করা হয় ‘পুরোনো দিনের বাংলা গান’ শীর্ষক সংগীতানুষ্ঠানের। এ ছাড়া ওই দিন সন্ধ্যায় ওই একই মিলনায়তনে মঞ্চস্থ করা হয় ইবসেনের নাটক এ ডলস্ হাউস। নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতি বিশিষ্ট নাট্যকার মলয় ভৌমিক বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল জ্ঞানচর্চার ধারাকে বেগবান করতে ১০ বছর আগে নাট্যকলা ও সংগীত বিভাগের যাত্রা শুরু হয়। শিক্ষাঙ্গনে প্রতিক্রিয়াশীল চক্রকে রুখতে নিয়মিতভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার বিকল্প নেই। এ ক্ষেত্রে নাট্যকলা ও সংগীত বিভাগের গুরুদায়িত্ব সব থেকে বেশি। উৎসবের সমাপনী দিনে বক্তব্য দেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।