সূর্য ডুবতে এখনো অনেক দেরি। মিষ্টি সোনামাখা রোদে হুটোপুটি করে খেলছে একদল শিশু। কেউ মাঠে, কেউ টিলার রাস্তা ধরে। আবার কেউ কেউ চা-বাগানের ভেতরে ঢুকেই রেলগাড়ি রেলগাড়ি খেলছে। এরা সবাই শ্রীমঙ্গলের খাইছড়া চা-বাগানের বাসিন্দা। ওদের পেরিয়ে চা-বাগানের শ্রমিকদের বাড়ির দিকে এগোতেই চোখে পড়ল খাইছড়া চা-বাগান প্রাথমিক বিদ্যালয়। স্কুলের মাঠেও একদল শিশুর দেখা মিলল। ফুটবল খেলছে। একটু দূরে চোখে পড়ল, ওদেরই বয়সী একটি মেয়েকে। আনমনে ওদের খেলা দেখছে। কাছে গিয়ে জিগ্যেস করলাম, তুমি খেলছ না কেন? কোনো উত্তর এল না। চোখ জোড়া যেন অন্য কোনো গল্প বলতে চাইছে। ওর ঘর দেখতে ওর পিছু নিই। যেতে যেতেই কথা হয়। নাম সোম্বারি ভূঁইয়া। বয়স ১১। সে জানায়, সোমবারে জন্ম, তাই এমন নাম।জিগ্যেস করি, তুমি কি এই স্কুলে পড়ো?দুই দিকে মাথা নাড়ে। বলে, ‘বাগানে পাত্তি তোলার কাজ করি।’ওর ভাষাটা পুরোপুরি সিলেটের নয়। সিলেটের ভাষার সঙ্গে চা-বাগানের শ্রমিকদের ভাষার একটা মিশ্রণ হয়েছে।প্রশ্ন করি, কত দিন ধরে পাতা তোলো?‘বছর তিন হবেক। ইস্পাহানি বাগানে পাত্তি তুলি।’সেটা কোথায়?সোম্বারি ঘুরে আঙুল দিয়ে দূরের পথ দেখায়।‘ভোরে বাগানের ট্রাক্টর আসি লই যাই। সাঁঝে পৌঁছে দেয় সেই ট্রাক্টর। বাগানে সকাল থেইক্যা সন্ধ্যা পর্যন্ত কাজ করি।’ বলেই খানিকটা থেমে গর্বের সঙ্গে বলে, ‘সিজনে ৩৫-৩৬ কেজি পাত্তি তুলি। অফ সিজনে কখনো তিন কেজি হয়, কখনো চার কেজি হয়।’মজুরি পাও কত?‘প্রত্যেইক দিন ৫৫ টাকা।’সকাল থেকে সন্ধ্যা অবধি পরিশ্রম করার পর এই মজুরি কতটা অন্যায্য, তা ওর জানা নেই। তাই যেন এত সাবলীল ওর কণ্ঠস্বর।কথায় কথায় ওর দৈনিক খাবারের তালিকাও জেনে নিলাম।সকালে কাঁচা চা-পাতা লবণ দিয়ে জ্বাল দেওয়া হয়। তার সঙ্গে চাল ভাজা। সেটা খেয়েই বেরিয়ে পড়ে। পিঠের ঝুলিতে থাকে পাঁচ-ছয়টা রুটি। দুপুরে চা-পাতার ভর্তা দিয়ে এই রুটিগুলো খায়।চা-পাতার ভর্তা—ব্যাপারটা কী, প্রশ্ন করতেই সোম্বারি খোলাসা করে। বাগান থেকে চা-পাতার কচি কুঁড়ি তোলে। তার সঙ্গে পেঁয়াজ, এককোয়া রসুন, লবণ আর কাঁচা মরিচও যোগ হয়। সেগুলো একসঙ্গে করে একটা পলিথিনে ঢোকানো হয়। তারপর সেটাকে ভালো করে মুচড়ে একটা পাথরের ওপর রেখে আরেকটা ছোট পাথর দিয়ে ছেঁচতে হয়। ওটাই ওরা রুটি দিয়ে খায়। আর রাতে বাগান থেকে ফিরে ভাত খায়।বৃত্তান্ত শুনতে শুনতেই ওর বাড়িতে পৌঁছে যাই। বাড়ি বলতে তেমন কিছু নয়। আক্ষরিক অর্থে একটা মাথা গোঁজার ঠাঁই যেমন হয়, তেমনই। ছনের ছাউনি দেওয়া একটা মাটির ঘর। ছাউনিটার এখানে-সেখানে ছোট-বড় ফুটো। তবু এই ঘরে সোম্বারিরা বছর ভরে থাকে। এই ঘরই ওদের একমাত্র সম্পদ। তাই ঘুরে ঘুরে দেখায়।জিগ্যেস করি, আজ বাগানে যাওনি কেন?‘আজ ঘরত কাজ ছিল। কাপড় কিচলাইছি, ঘর নিকাইছি আর পানি আনছি।’ বলেই ওর মায়ের একটা ভেজা শাড়ি মেলে দেয় উঠানে ঝোলানো দড়িতে।সোম্বারির মা-বাবাও বাগানে কাজ করেন। তাই বাড়িটা প্রায় সময় ফাঁকাই থাকে। এখনো কেউ নেই বাড়িতে।জিগ্যেস করলাম, পড়ালেখা করেছ?প্রশ্ন শুনেই কিছুক্ষণ তাকিয়ে থাকে। স্বচ্ছ, কিন্তু নোনা জলভরা চোখ, যেন আর কিছু জিগ্যেস করলেই টুপটাপ করে জল গড়িয়ে পড়বে। তারপর যেন নিজেকে আড়াল করতেই মুখ ঢাকে দুই হাতে। তারপর বলে, ‘অভাবের সংসারে বাবা-মা পড়বেক দিতে পারে নাই। তবে সই দিতে পারি।’বড় হয়ে কী হতে চাও?প্রশ্নটা শুনে অবাক হয়। তাই অকপট উত্তর, ‘কী হমু আর! তয় কাজ করতাম। যেটাই পাই, ওটাই করতাম।’যেন ও কী হবে, তা আগে থেকেই নির্ধারিত। শ্রমিক হবে আর দিনরাত কাজ করবে। অন্য কিছু হবে—এই ইচ্ছাটাই যেন ওদের থাকতে নেই।এরপর আরও কঠিন প্রশ্ন করে বসি ওকে। তোমার স্বপ্ন কী?এবার সোম্বারির মুখে হাসি ফোটে। খানিকক্ষণ থেমে বলে, ‘বহুত টাক্কা কামাই করবেক। সেই টাক্কা দিয়ে ছুন্দর ছুন্দর ফ্রক কিনবেক। সবুজ, খয়েরি, লাল আর কমলা রঙের। রুপার দুল গড়বেক, কানে পরবেক। তবে কত টাকা লাইগব জানি না।’যেন নিজেরই মনে হয় স্বপ্নটা অনেক দূরের। তাই বলে, ‘টাকা আসে আর যায়। থাকে না।’তারপর যেন হঠাৎই একরত্তি মেয়েটা অনেক বড় হয়ে যায়। কী যেন একটা ভাবে! তারপর আনমনেই বলে, ‘বহুত দুঃখ তো নিয়তি, জন্ম যে হামাক গরিবের ঘরত।’