'জলাভূমি বাঁচলে রক্ষা পাবে জীববৈচিত্র্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভবিষ্যতের জন্য জলাভূমি’ প্রতিপাদ্য সামনে রেখে কক্সবাজারের টেকনাফে ২ ফেব্রুয়ারি বেলা ১১টায় বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে টেকনাফ সমুদ্রসৈকতের মহেশখালীয়াপাড়া পয়েন্টে আলোচনা সভা, জলচর পাখি শনাক্তকরণ প্রতিযোগিতা ও সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়।
ক্লাইমেট-রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস অা লাইভলিহুড (ক্রেল) প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শফিক মিয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম। সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোর্শেদ, ক্রেলের যোগাযোগ কর্মকর্তা বিশ্বজিৎ সেন, ক্রেলের টেকনাফের সমন্বয়কারী খান মুহাম্মদ মুজাহিদ ইবনে হাবিব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, হাজারো প্রজাতির প্রাণী ও উদ্ভিদ জলাভূমির ওপর নির্ভরশীল। জলাভূমি বাঁচলে জীববৈচিত্র্য রক্ষা পাবে। জলাভূমি মানুষের খাদ্যের জোগান দেওয়ার পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখে ও নৌচলাচল–ব্যবস্থাকে সচল রাখে। এ ছাড়া নানা প্রজাতির বন্য প্রাণী ও পাখি জলাভূমি থেকে খাদ্য সংগ্রহ করে। এ জন্য অকারণে জলাভূমি ভরাট না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তাঁরা।
এর আগে শিক্ষার্থী ও অতিথিদের সমন্বয়ে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে শিক্ষার্থীরা সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। এরপর শুরু হয় পাখি চেনা প্রতিযোগিতা। পাখি চেনা প্রতিযোগিতায় বিজয়ী হয় শিক্ষার্থী মো. ইসমাইল, মো. আয়ুব, রমজান আলী ও সাফা-মারওয়া।