‘জলে ভাসা’ জমিতে বোরোর আবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীতেও ভোরে বেরিয়ে পড়েন এক দল কিষান-কিষানী। কনকনে হাওয়া দমাতে পারছে না। কারণ, কাপ্তাই হ্রদের ‘জলে ভাসা’ জমিতে শুরু হয়েছে তাঁদের স্বপ্নের বুনন। ধুম পড়েছে বোরো ধানের চারা রোপণের। এ মৌসুমের উৎপাদনের ওপর নির্ভর করে হ্রদসংলগ্ন পরিবারগুলোর সারা বছরের খাদ্যের জোগান। গত কয়েক দিন কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কিষান-কিষানীরা কোথাও হাঁটুসমান, কোথাও আরও বেশি গভীর কাদা-মাটিতে ধানের চারা রোপণ করছেন। কষ্টও কম নয়। তার পরও তাঁদের চোখে-মুখে আশার আলো। সারা বছরের খাদ্যনিরাপত্তার এক বিরাট ভরসা এই জলে ভাসা জমি। কিষান-কিষানীরা জানান, এ বছর সঠিক সময়ে হ্রদের পানি নামানো হচ্ছে। তাই জমির ফসল তোলায় খুব একটা বেগ পেতে হবে না। অনেক সময় দেরিতে হ্রদের পানি নামানো হলে বর্ষা মৌসুম আসার সঙ্গে সঙ্গে ফসল পানিতে তলিয়ে যায়। এবার ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা নেই। রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের চাষি শুক্রমণি চাকমা (৪৫) জানান, জলে ভাসা জমিতে ঠিকভাবে চাষ করা না গেলে সারা বছর খাদ্যসংকটে থাকতে হয়। এ মৌসুমে তাঁর পরিবার সবকিছু ফেলে জলে ভাসা জমি চাষে মন দেয়।জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের কিষানী সোনামুখী চাকমা (৫২) বলেন, কাপ্তাই হ্রদে ভেসে ওঠা জমি খুবই উর্বর। এতে সার ব্যবহার করতে হয় না। শুধু ঠিকভাবে আগাছা পরিষ্কার করা গেলে ফলন ভালো হয়। একটাই অসুবিধা—ঠিক সময়ে ধানের চারা রোপণ করা না গেলে পরে চাষ করা সম্ভব হয় না। কারণ কাদা-মাটি শুকিয়ে গেলে শক্ত হয়ে যায়। জানা গেছে, ১৯৬০ সালে কাপ্তাই বাঁধ তৈরির পর পার্বত্য চট্টগ্রামের ৫৪ হাজার একর ধানি জমি হ্রদের পানিতে তলিয়ে যায়। যদিও পরবর্তী সময়ে হ্রদের পানি ওঠা-নামার মধ্যবর্তী সময়ে জমি চাষ করার সুযোগ সৃষ্টি হয়। এসব জমিগুলোকে স্থানীয়ভাবে জলে ভাসা জমি বলা হয়।কাপ্তাই হ্রদ পরিচালনা কমিটির প্রকাশিত একটি পুস্তিকার তথ্য মতে, কাপ্তাই হ্রদের পানি গত ১ অক্টোবর থেকে কমতে শুরু করে এবং ১ মে থেকে বাড়তে থাকে। এই সময়টাতে চার হাজার হেক্টরের বেশি জমিতে চাষাবাদ হয়।রাঙামাটি কৃষি সমপ্রসারণ বিভাগ সূত্র জানায়, রাঙামাটি জেলার ৪০ ভাগ খাদ্য উৎপাদন হয় এ জলে ভাসা জমিতে। যার পরিমাণ ১৬ হাজার মেট্রিক টনের বেশি।রাঙামাটি কৃষি সমপ্রসারণ বিভাগের সাবেক উপপরিচালক কাজল তালুকদার বলেন, ‘কাপ্তাই হ্রদের জলে ভাসা জমি রাঙামাটি জেলায় খাদ্য উৎপাদনে বিরাট ভূমিকা রাখে। জেলার কয়েক হাজার পরিবার এ জমির ওপর নির্ভরশীল।’