'জলেভাসা' জমিতে দেরিতে বোরোর আবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের মাহিল্যা এলাকায় বোরো বীজ বপনের জন্য জমি তৈরি করছেন কৃষকেরা। ছবিটি ১৬ ফেব্রুয়ারি দুপুরে তোলা l প্রথম আলো
বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের মাহিল্যা এলাকায় বোরো বীজ বপনের জন্য জমি তৈরি করছেন কৃষকেরা। ছবিটি ১৬ ফেব্রুয়ারি দুপুরে তোলা l প্রথম আলো

রাঙামাটির বাঘাইছড়িতে ‘জলেভাসা’ জমিতে প্রতিবছর বোরোর আবাদ শুরু হয় জানুয়ারি মাসের মাঝামাঝিতে। এবার কাপ্তাই লেকের পানি ধীরে কমায় ফেব্রুয়ারি শেষ হতে চললেও এখনো সব জমিতে বোরোর আবাদ শুরু হয়নি। কিছু জমিতে সবে বীজতলা তৈরির কাজ চলছে।
চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর শীতের শেষ িদকে কাপ্তাই লেকের পাশের নিচু জমিগুলোর পানি সরে যায়। এ সময় এসব জামিতে বোরোর আবাদ করেন চাষিরা। স্থানীয় ভাষায় এসব ‘জলেভাসা’ জমি।
১৬ ফেব্রুয়ারি সরেজমিনে উপজেলার আমতলী ইউনিয়নের মাহিল্যা এলাকায় গিয়ে দেখা গেছে, কাপ্তাই লেকের পাশের ‘জলেভাসা’ জমিতে বোরোর বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কথা হয় চাষি মো. মুজিবুর রহমান ও তাঁর স্ত্রী দিলারা বেগমের সঙ্গে। তাঁরা বলেন, ‘এখানকার অর্ধশতাধিক পরিবার সবে বোরোর বীজতলা তৈরি করছে। অথচ অন্য এলাকায় চারা রোপণ শেষ হয়েছে এক মাস আগে। কাপ্তাই লেকের পানি না কমায় এই অবস্থা তৈরি হয়েছে। এখন ফলন কী হবে জানি না।’
অন্য দিকে উপজেলার সারোয়াতলী, আমতলী, খেদারমারা, শিলকাটাছড়া, উগলছড়ি ও হিরাচর এলাকায় এখনো শত শত একর জমি পানির নিচে রয়েছে। এসব জমিতে পানি রয়েছে এক থেকে তিন ফুট পর্যন্ত। কিছুদিনের মধ্যে পানি কমে না গেলে এসব জমি অনাবাদি হয়ে থাকবে বলে চাষিরা জানান। অন্যান্য বছর জানুয়ারি মাসের মাঝামাঝিতে বীজতলা করে ফেব্রুয়ারি মাসে শেষ দিকে সব ‘জলেভাসা’ জমিতে বোরো আবাদ শেষ করা হয়।
বাঘাইছড়ি উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর ৭ হাজার ৫৭০ একর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৫ হাজার ২৭৫ একর জমিতে বোরোর আবাদ হয়েছে। উঁচু জমিগুলোতে নভেম্বর মাসে মাঝামাঝি বীজতলা করা হয়। এসব বীজ ২৫ থেকে ৩০ দিনের মধ্যে রোপণ করা হয়। আর নিচু (জলেভাসা) জমিগুলোতে বীজতলা তৈরি করা হয় জানুয়ারির মাঝামাঝিতে। এরপর ২৫ থেকে ৩৫ দিনের মধ্যে আবাদ করা হয়। এরপর আবাদ করলে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম ফলন ও পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
আমতলী ইউনিয়নের মাহিল্যা গ্রামের কৃষক মো. দিদারুল আলম ও সারোয়াতলী ইউনিয়নে অমর কান্তি চাকমা বলেন, ‘আমরা দেড় মাস আগে বোরো বীজতলা তৈরি করেছি। কিন্তু জমিগুলো পানির নিচে থাকায় বীজতলা থেকে চারা তোলার সময় শেষ হয়ে যাচ্ছে। এখন নতুন করে বীজতলা তৈরি করারও কোনো সুযোগ নেই। এই বীজতলা দিয়ে আবাদ করলে কোনো ফলন পাওয়া যাবে না।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল ইমরান বলেন, উপজেলায় বোরোর আবাদযোগ্য জমি তিন ভাগের এক ভাগ পানির নিচে। কিছু কিছু এলাকায় এখনো বীজতলা তৈরি করা হচ্ছে। কিন্তু আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে আবাদ করতে না পারলে উৎপাদন হবে না।
শুধু বাঘাইছড়ি উপজেলা নয়, জেলার জুরাছড়ি, বরকল, বিলাইছড়ি, নানিয়ারচর ও লংগদু উপজেলার কৃষকেরা বোরো চাষ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। বোরোর আবাদে অনিশ্চয়তা দেখা দেওয়ায় লেকের পানি দ্রুত কমানোর দাবিতে রাঙামাটি জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। ১৩ ফেব্রুয়ারি নানিয়ারচর উপজেলার জনপ্রতিনিধিরা এ স্মারকলিপি দেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নানিয়ারচর উপজেলার ৯০ শতাংশ মানুষ বোরো চাষের ওপর নির্ভরশীল। এখনো উপজেলায় বোরো চাষযোগ্য অধিকাংশ জমি পানির নিচে।
নানিয়ারচর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতি লাল চাকমা বলেন, নানিয়ারচর উপজেলায় এখনো বোরা আবাদযোগ্য অধিকাংশ জমি পানির নিচে। ফেব্রুয়ারি মাসের মধ্যে পানি সরে না গেলে শত শত কৃষক চাষ করতে পারবেন না। এ জন্য পানি দ্রুত কমিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে।
রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, জেলায় ‘জলেভাসা’ জমি আছে ১৯ হাজার ৩৪০ একর। এর মধ্যে ১৪ হাজার ২০০ একরে বোরো চাষ হয়েছে। বাকি জমিগুলোতে চাষের অপেক্ষায় আছেন চাষিরা।
জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক রমনী কান্তি চাকমা বলেন, ‘কাপ্তাই লেকের পানি কমানোর বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে বলা হয়েছে। কিন্তু বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় পানি ছেড়ে দেওয়া হচ্ছে না। তবে কয়েক দিন ধরে পানি দ্রুত কমছে।’
এ প্রসঙ্গে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক আবদুর রহমান বলেন, ‘পানি কমানোর প্রক্রিয়া চলছে। আশা করছি বোরো আবাদে সমস্যা হবে না।’