‘জাগো’ দরিদ্র শিশুদের স্বপ্ন পূরণের অন্য নাম
‘আমি আগে ভ্যানগাড়ি ঠেলতাম। বাপ নাই, মায় কাম কইরা যে ট্যাহা পায়, তা দিয়া আমার লেহাপড়া চলে না। কিন্তু অহন আমি পড়তে পারি জাগো স্কুলের কারণে।’ এভাবেই নিজের কথা বলছিল বস্তির দরিদ্র শিশুদের স্বপ্নের স্কুল ‘জাগো’র এক শিক্ষার্থী। নাম রাজিব, বয়স বছর দশেক। পড়ছে দ্বিতীয় শ্রেণীতে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলে তার স্কুল। তারপর সে অন্য কাজ করে। এই পড়ালেখার জন্য রাজিবের মাও এখানে কাজ করার সুযোগ পেয়েছেন। এখানকার হতদরিদ্র বাচ্চাদের মায়েদের জন্য খোলা হয়েছে একটি সেলাইকেন্দ্র, যেখানে বিভিন্ন রকম হাতের কাজ করে তাঁরা টাকা উপার্জন করেন। তাই এখন রাজিবের স্বপ্ন বাস্তবায়নে কোনো বাধা নেই। রাজিবের মতো আরও দুই শতাধিক দরিদ্র ছাত্রছাত্রী এখানে নিয়মিত পড়ালেখা করে। ওদের স্বপ্ন বাস্তবায়নের এই কঠিন কাজটি যাঁরা করেছেন তাঁরা অন্য দশজন তরুণ-তরুণীর মতো। শখের বশেই আজ থেকে তিন বছর আগে করভী রাকশান্দ ও তাঁর বন্ধুরা মিলে শুরু করেছিলেন জাগো ফাউন্ডেশন নামের এই স্কুলটি। তখন রায়েরবাজারের বালুর মাঠের এক কোনায় বস্তির ৮-১০ জন শিশু নিয়ে চলত তাঁদের শখের স্কুল। কিন্তু এই উদ্যমী তরুণ-তরুণীদের আস্থা, দৃঢ়তা আর ভালো কাজ করার প্রত্যয়ে আজ স্কুলটি হয়ে উঠেছে গরিব ছাত্রছাত্রীদের কাছে তাদের স্বপ্ন বাস্তবায়নের কেন্দ্র। বর্তমানে এই স্কুলে প্রায় ২০০ ছাত্রছাত্রী রয়েছে, যাদের বয়স আট থেকে ১৬ বছরের মধ্যে। বাংলা, ইংরেজি, আরবিসহ অন্যান্য বিষয়ের ওপরও তাদের পড়ানো হয়। সবচেয়ে মজার ব্যাপার হলো, এখানকার একেকজন শিশুর পড়ালেখার খরচ চালানোয় রয়েছেন একেকজন উদ্যোগী ভালো মানুষ, যাঁরা প্রতি মাসে এক হাজার টাকা করে তাদের জন্য দান করেন। স্কুলে পড়াশোনার পাশাপাশি ওরা পায় আধুনিক সব সুযোগ-সুবিধা। বিনা বেতনে পড়ছে, পাচ্ছে পোশাক, বই, খাতা, কলম, স্বাস্থ্যসম্মত খাবার, জুতা, মোজাসহ আরও অনেক কিছু। রয়েছে কম্পিউটার ব্যবহারের সুযোগ। বিনোদনের জন্য বিভিন্ন খেলাধুলার পাশাপাশি ওরা শিখছে নাচ, গান, আবৃত্তি ও অভিনয়। আরও রয়েছে বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা। এর জন্য রয়েছেন একজন চিকিৎসক, যিনি নিয়মিত বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা করে থাকেন। অসুখ-বিসুখে ওষুধও বিনা মূল্যে এখান থেকে সরবরাহ করা হয়।স্কুলটির এমন সুযোগ-সুবিধা দেখে এখন দরিদ্রদের পাশাপাশি মধ্যবিত্তরাও ছুটছে এই স্কুলে, কিন্তু কর্তৃপক্ষ সাবধান। যে উদ্দেশে, যাদের জন্য এ স্কুলটি করা, তারা যেন সেই সুযোগ পায়। এ জন্য শারমিন মিস সদা তৎপর। সদা হাস্যোজ্জ্বল এই তরুণী বস্তির ঘরে ঘরে গিয়ে বাচ্চাদের তথ্য সংগ্রহ করেন। যে বাচ্চাটি গরিব, তাকেই স্কুলে ভর্তির ব্যাপারে তিনি সহযোগিতা করেন। এখানকার বাচ্চাদের পেছনে যেসব দাতা আছেন, তাঁদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন সামিউল হক। এ ছাড়া অন্যান্য ক্ষেত্রে যাঁরা কাজ করছেন তাঁরা হচ্ছেন হুমায়ূন কবির, শাহরিয়ার রনি, তারিক আরমান, ইমরান ওয়াহেদ, মোনা জাকির, কানিজ তাজিয়াসহ অনেকে। এ ছাড়া যাঁরা শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন, তাঁরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। যাঁরা জাগো ফাউন্ডেশন সম্পর্কে আরও জানতে চান, তাঁদের জন্য রয়েছে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট: www.jaago.com.bd