'জাতীয় উন্নতির জন্য শিক্ষিত ও দক্ষ জনশক্তি দরকার'
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। শিল্পপ্রতিষ্ঠানে দক্ষ শ্রমিকের বেশি প্রয়োজন। আবার প্রকৃত শিক্ষিত লোকের অভাব আছে। জাতীয় উন্নতির জন্য শিক্ষিত ও দক্ষ জনশক্তি দরকার।
গত বৃহস্পতিবার বিকেলে সাদ মুছা ইন্ডাস্ট্রিয়াল পার্কে সাদ মুছা-ক্রিয়েটিভ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাদ মুছ-ক্রিয়েটিভ স্কলারশিপের পৃষ্ঠপোষক ও সাদ মুছা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, দৈনিক পূর্বদেশ-এর সম্পাদক ওসমান গণি, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ, দৈনিক আজাদীর বার্তা সম্পাদক এ কে এম জহুরুল ইসলাম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুনুর রশীদ। বক্তব্য দেন ক্রিয়েটিভ ট্রাস্টের প্রধান নির্বাহী চৌধুরী ফরিদ, চেয়ারম্যান ম. শামসুল ইসলাম, সাদ মুছা গ্রুপের উপমহাব্যবস্থাপক মঈনুদ্দীন আহমদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে আনোয়ারার তিন শতাধিক শিক্ষার্থীকে প্রায় ১০ লাখ টাকার মেধাবৃত্তি প্রদান করা হয়।