'জাদুকরি বৃক্ষে'র আবিষ্কর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাভিস মাথাবাথার বড় সাফল্য এই জাদুকরি মরিংগা বৃক্ষের আবিষ্কার
মাভিস মাথাবাথার বড় সাফল্য এই জাদুকরি মরিংগা বৃক্ষের আবিষ্কার

১০ বছর আগেও দক্ষিণ আফ্রিকার লিমপোপো প্রদেশের গা-ফালেলে অঞ্চলের টুসেং গ্রামের চিত্র ছিল ভিন্ন। এইচআইভি/এইডসে আক্রান্ত মানুষ মারা যাচ্ছে অঘোরে। বাড়ছে এতিম শিশুদের সংখ্যা। পুষ্টিহীনতা, খাদ্যসংকট জেঁকে বসেছে চারদিকে। সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে শিশুদের করুণ দশায় মাভিস মাথাবাথার মন বড্ড কাঁদে। 
এই দশা থেকে উত্তরণে ২০০৫ সালে তিনি প্রতিষ্ঠা করলেন সেডিকং সা লেরাতো। মানে ‘ভালোবাসার বৃত্ত’। নামের সঙ্গে কাজেরও শতভাগ মিল। সেডিকং সা লেরাতো প্রতিষ্ঠার আগের সময়গুলো মাভিস স্মরণ করলেন এভাবে, ‘ওই সময় মানুষের মৃত্যুহার হার ছিল অত্যন্ত বেশি, বিশেষ করে এইচআইভি/এইডসে মানুষ বেশি মারা যাচ্ছিল। বেড়ে যাচ্ছিল অনাথ শিশু বা শিশুপ্রধান পরিবারের সংখ্যা। অনেক বড় পরিবার, যাদের নানা সামাজিক অনুদান থেকে পাওয়া আয়ও ঠিকমতো খাওয়া-পরার জন্য যথেষ্ট ছিল না। আমরা সেসব শিশুকে এনে খাদ্যসহায়তা দিলাম।’
সেডিকং সা লেরাতো নামের খাদ্যসহায়তা কেন্দ্রের (ফিডিং সেন্টার) প্রতিষ্ঠাতা ৫৩ বছর বয়সী সাবেক এই স্কুলশিক্ষক আরও জানালেন, ‘বেশির ভাগ সময়ই শিশুরা স্কুল যেত ক্ষুধার্ত পেটে। রাতে ঘুমাতে যেত একই অবস্থায়। অধিকাংশই অপুষ্টিজনিত সমস্যায় আক্রান্ত।’ এ অবস্থা থেকে বেরিয়ে আসতে অগ্রণী ভূমিকা পালন করেছে সেডিকং সা লেরাতো। এখন এলাকার এক থেকে ১৮ বছর বয়সী প্রায় ৩০০ শিশুর ‘দ্বিতীয় বাড়ি’তে পরিণত হয়েছে খাদ্যসহায়তা কেন্দ্রটি। যাদের মাসিক আয় তিন হাজার র্যা ন্ডের কম, তাদের জন্য এই কেন্দ্র।
মাভিসের বড় সাফল্য জাদুকরি বৃক্ষের আবিষ্কার। সেডিকং সা লেরাতো সুশোভিত মরিংগা ওলেইফেরা গাছে। এ গাছটি বিরাট বদল এনেছে দক্ষিণ আফ্রিকার এক অজপাড়াগাঁয়ে। এর পুরো কৃতিত্ব মাভিসেরই। এ গাছ দিয়ে বিরাট সমস্যার সমাধান সম্ভব— এটি তিনি ভালোভাবে অনুধাবন করেছেন এবং তা সফলভাবে প্রয়োগ করে দেখিয়েছেন। মোদ্দা কথা, একটি সাধারণ বৃক্ষের অসাধারণ কার্যকারিতা আবিষ্কারের মূল নায়ক তিনিই। গোটা গ্রামে প্রায় ছয় হাজার মরিংগা রোপণ করেছেন তিনি।
২০০৬ সালের কথা, মাভিস তখন শিশুদের স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে চিন্তিত। হাতে অঢেল অর্থও নেই, যা দিয়ে সমস্যার সমাধান করা যায়। ব্রত যখন স্পষ্ট, প্রতিবন্ধকতা তুচ্ছ! অতঃপর দারুণ এক উপায় বের হলো। আর সেটি বাতলে দিল ওই মরিংগা গাছ।
সাফল্যের বাকি গল্পটা না হয় শুনুন তাঁর মুখেই, ‘শিশুদের খাবারে মরিংগার টাটকা পাতা মিশিয়ে খাওয়ানো শুরু করলাম। দুই মাস পর দেখা গেল, যারা মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছিল, তাদের উল্লেখযোগ্য হারে পরিবর্তন এসেছে। কিছু ভালো মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল। তাদের সহায়তায় বিভিন্ন উপলক্ষে কানাডায় গিয়ে এ গাছের রোপণ তথা পুরো প্রক্রিয়া সম্পর্কে পরামর্শ দিয়েছিলাম। জানতাম, মরিংগা কীভাবে শরীরের প্রতিরোধব্যবস্থা বৃদ্ধি করে। অনেক বছর এসব শিখেছি গোপনে। এর গুণগতমান নির্ণয় করেছি দক্ষিণ আফ্রিকার মান নির্ণায়ক প্রতিষ্ঠান সাউথ আফ্রিকান ব্যুরো অব স্ট্যান্ডার্ডস (এসএবিএস) এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষকদের কাছে। সবাই আমাকে নিশ্চিত করেছে, মানুষের খাদ্য হিসেবে এটি খুবই উপকারী ও এর পুষ্টিগুণ বিস্ময়কর।’
মাভিসের স্বপ্নের পরিধি বেড়েছে অনেকখানি। তাঁর লক্ষ্য, ২০১৬ সালের মধ্যে আন্তর্জাতিক পরিসরে এ গাছ রপ্তানিতে শীর্ষস্থান অর্জন করা। আপাতত গাছের পাতা শুকনো ও গুঁড়ো অবস্থায় প্রক্রিয়াজাত করছেন। ভবিষ্যতে এ জন্য একটি কারখানা প্রতিষ্ঠা করা তাঁর লক্ষ্য। আর এসব উদ্যোগের সুবিধাভোগী জনগোষ্ঠী হবে তাঁর সম্প্রদায়ের মানুষ। এরই মধ্যে পুরো এলাকায় বিভিন্ন পরিবারকে প্রায় সাত হাজার মরিংগা গাছ দিয়েছেন। মাভিস বললেন, ‘পুরো দক্ষিণ আফ্রিকা এ গাছে ভরিয়ে ফেলতে চাই। এ জাদুকরি গাছের উপকারিতা সম্পর্কে অন্য সম্প্রদায়ের মানুষদেরও বোঝাচ্ছি।’
তবে তাঁর এত দূর আসার পথটি মোটেও মসৃণ ছিল না। অনেক প্রতিকূলতা পেরিয়ে আসতে হয়েছে এ অদম্য নারীকে। সব সীমাবদ্ধতা স্বীকার করে নিয়েই বললেন, ‘আমাদের হয়তো খুব বেশি কিছু নেই। তবে ভালোবাসার অভাব নেই। শিশুদের আমরা সেটিই দিয়েছি। শিশুদের হাসি মুখগুলো দেখলে মনটা ভরে যায়।’
এরই মধ্যে জনহিতকর কাজের স্বীকৃতি পেয়েছেন মাভিস মাথাবাথা। খাদ্যনিরাপত্তায় জনহিতৈষী কাজের জন্য পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ‘ইন্যাথেলো পুরস্কার ২০১৩’। পুরস্কারের তালিকায় আরও আছে ২০১৩ লিমপোপো বর্ষসেরা নারী কৃষকের স্বীকৃতিও।

.
.