'জানতাম না এগুলো বাঘের বাচ্চা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাফর শিকদার
জাফর শিকদার

পটুয়াখালীর বাউফলের টমটমচালক জাফর শিকদার। ঘটনাচক্রে খুঁজে পান চারটি মেছো বাঘের বাচ্চা। যত্ন-আত্তি করে নিজের কাছে রাখেন এক দিন। পরে বাচ্চাগুলো বন বিভাগের তত্ত্বাবধানে পৌঁছে দেন মায়ের কাছে

কীভাবে মেছো বাঘের বাচ্চার সন্ধান পেলেন?
আমি টমটম (ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি, স্থানীয় নাম টমটম) চালাই। গাড়িতে যাত্রী বহনের পাশাপাশি মাঝেমধ্যে লাকড়িও (জ্বালানি) বহন করি। গত ৮ সেপ্টেম্বরের ঘটনা। বিলবিলাস বাজারের একটা গুদামঘর থেকে লাকড়ি নিয়ে এক জায়গায় দিয়ে আসার খ্যাপ পাই। যখন গুদামঘর থেকে টমটমে লাকড়ি তুলছিলাম তখনই নজরে পড়ে বাচ্চাগুলো। লাকড়ির ফাঁক দিয়ে আস্তে আস্তে নড়াচড়া করছে। হাতে নিয়ে দেখি ঠিকমতো চোখও ফোটেনি। বয়স এক-দুদিন হবে হয়তো। আমি বাচ্চাগুলো কোলে নিয়ে গুদামঘর থেকে বের হই। আশপাশে ওদের মাকে খুঁজি। পাই না। তাই বাচ্চাগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিই। আমি জানতাম না এগুলো বাঘের বাচ্চা।

বাচ্চাগুলো নিয়ে কী করলেন?

বিড়ালের বাচ্চা মনে করে আমি বাড়িতে নিয়ে যাই। বাজার থেকে দুধ কিনে আনি। দুধ গরম করে বোতলে ভরে বাচ্চাগুলোকে খাওয়াই। বাচ্চাগুলোকে আশপাশের লোকজন দেখতে আসে। কেউ কেউ কোলে নিয়ে আদর করে। কিন্তু অনেকেই আমাকে জানায় এগুলো বিড়ালের বাচ্চা নয়। এভাবে রাত পার হয়। রাতের মধ্যে কয়েকবার বাচ্চাগুলোকে দুধ খাওয়াই। পরের দিন পাশের বাড়ির একজন বন বিভাগ অফিসে খবর দেয়। ওখান থেকে রেজাউল করিম নামের একজন মাঠকর্মী এসে নিশ্চিত করেন এগুলো মেছো বাঘের বাচ্চা।

বাচ্চাগুলো কি এখনো আপনার কাছেই আছে?

না। রেজাউল করিমের পরামর্শে আমি বাচ্চাগুলো আবার সেই গুদামঘরে রেখে আসি। কারণ, অনেকেই বলাবলি করছিল মা-বাঘ আশপাশেই আছে। বাচ্চাগুলো রেখে আসার পরের দিন আর খুঁজে পাওয়া যায়নি। আশপাশের লোকজন জানিয়েছে, রাতের বেলা মা-বাঘ এসে তাদের নিয়ে গেছে।

সাক্ষাৎকার: মো. রুবেল