কক্সবাজারের চকরিয়ায় আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে ২৮ সেপ্টেম্বর। দুর্নীতিবিরোধী সংগঠন ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ—টিআইবির সহায়তায় সচেতন নাগরিক কমিটি—সনাক, চকরিয়ার ইয়েস দলের উদ্যোগে দিবসটি পালিত হয়।এ উপলক্ষে সকাল ১০টায় ভরামুহুরীর সনাক কার্যালয় থেকে শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার জাকির হোসেন। রঙিন ব্যানার ফেস্টুন সজ্জিত শোভাযাত্রার অগ্রভাগে ছিল ‘তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন চাই’ স্লোগানের প্লেকার্ড হাতে ছোট্ট শিশুরা। পেছনে বিভিন্ন শ্রেণী-পেশার শত শত মানুষ দুর্নীতিবিরোধী নানা স্লোগান দেন ‘জানব জানাব, দুর্নীতি রুখব’, ‘অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের পথ সুগম করে’, ‘তথ্য অধিকার আইন সরকারের জবাবদিহিতার পূর্বশত’। শোভাযাত্রাটি থানা সেন্টার, থানা রাস্তার মাথা, চিরিঙ্গা স্টেশন ও হাইস্কুল সড়ক হয়ে চকরিয়া আবাসিক মহিলা কলেজে গিয়ে শেষ হয়। এরপর চকরিয়া আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ইয়েস দলনেতা মুমিনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সনাক সহসভাপতি নাছিমা আক্তার, সদস্য সন্তোষ কুমার সুশীল, নারী স্বজনের সভাপতি জারিয়াতুল মোস্তফা, নিরাপদ সড়ক চাই এর সভাপতি সোহেল মাহমুদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন। আলোচনা সভা শেষে আয়োজন করা হয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য তথ্য অধিকার আইনবিষয়ক উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা।