'জানব জানাব দুর্নীতি রুখব'
‘জানব জানাব, দুর্নীতি রুখব’—এই স্লোগান সামনে নিয়ে গত ২৮ সেপ্টেম্বর কক্সবাজার শহরে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস-২০১৫। টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা প্রশাসন শোভাযাত্রা ও আলোচন সভার আয়োজন করে।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্থানীয় নারী সাংসদ খোরশেদ আরা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা, জেলা তথ্য কর্মকর্তা নাসির উদ্দিন, টিআইবির চকরিয়া এরিয়া ম্যানেজার ইকবাল হোসেন প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়িত হলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। পাশাপাশি দুর্নীতি হ্রাস পাবে। অবাধ তথ্যপ্রবাহ দুর্নীতি প্রতিরোধের মুখ্য হাতিয়ার। তাই দুর্নীতি প্রতিরোধের জন্য তথ্যের সহজলভ্যতা একান্ত প্রয়োজন।