'জানা অজানা' নিয়ে মুখোমুখি ফারজানা

সমকালীন নাগরিক বাস্তবতায় কারও মুখচ্ছবিই যেন আর সোজা-সাপ্টা ধরা দেয় না। চারপাশের মানুষের মুখে মানবিক আবেগ-অনুভূতি আর সামাজিক জটিলতার ঘাত-প্রতিঘাতের ছাপ কি আমরা সব সময় দেখতে পাই! মুখোমুখি হই না বলেই হয়তো জানা জগতেও কত কিছুই আমাদের অজানা রয়ে যায়! শিল্পী ফারজানা আহমেদ চিত্রকর্মে সেই ‘জানা অজানা’র মুখোমুখি হতে চান; আমাদেরও দাঁড় করিয়ে দিতে চান বাঙময় সব মুখচ্ছবির মুখোমুখি। ফারজানার তৃতীয় একক প্রদর্শনী ‘নোন আননোন’ বা ‘জানা অজানা’ দেখতে গেলেই দর্শকরাও তার মুখোমুখি হবেন।
রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আর্ট সেন্টারে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ফারজানা আহমেদের সাত দিনব্যাপী চিত্র প্রদর্শনী ‘নোন আননোন’। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শনী উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পী মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং ফারজানার চিত্রকর্ম নিয়ে কথা বলবেন শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ। ঢাকা আর্ট সেন্টারের আয়োজনে ফারজানার এই প্রদর্শনীর কিউরেটর শিল্পী ওয়াকিলুর রহমান এবং কেহকাশা সাবাহ।

প্রদর্শনীতে স্থান পাওয়া অর্ধশতাধিক চিত্রকর্মের বেশির ভাগই পোরট্রেট বা মুখচ্ছবি। স্টিল লাইফ বা জড় জীবনের কিছু ছবি আর কিছু বিমূর্ত চিত্রও থাকছে প্রদর্শনীতে। করণকৌশল আর মাধ্যম দুটোতেই বিচিত্র ফারজানার চিত্রকর্মগুলো। কাগজ-কালি, জলরং, তেলরং, অ্যাক্রিলিক সবই আছে। কখনো একত্রে মিলিয়ে-মিশিয়ে কখনো আলাদাভাবে, কখনো আবেগী তুলি সঞ্চালনে কখনো আঙুলের সহজ ছন্দে ড্রইং আর কোলাজে ভরা ফারজানার ছবি।
এ প্রদর্শনীর চিত্রকর্ম সম্পর্কে ফারজানা আহমেদ প্রথম আলোকে বলেন,‘চারপাশের মানুষের মুখ নিয়েই আমার ছবিগুলো আঁকা। এবারের কাজগুলোতে মানুষের মুখই বেশি প্রাধান্য পেয়েছে। পাশাপাশি ফিলিস্তিনের গাজায় যুদ্ধ আর প্রতিবন্ধী মানুষদের নিয়ে আঁকা কিছু ছবিও প্রদর্শনীতে থাকছে।’ প্রদর্শনীতে স্থান পাওয়া কাজগুলো ২০১৩ ও ২০১৪ সালে আঁকা বলেও জানান ফারজানা।

মা-বাবা আর বন্ধুদের কাছে উর্মি নামে পরিচিত ফারজানা আহমেদের জন্ম ১৯৮০ সালে খুলনায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের (বর্তমানে চারুকলা অনুষদ) ছাপচিত্র বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি। ফারজানার প্রথম একক প্রদর্শনী হয়েছে ২০০৮ সালে জাপানে, টোকিওর চুয়া গ্যালারিতে। ২০১১ সালে ঢাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দ্বিতীয় একক প্রদর্শনী হয় তাঁর। চিত্রকর্ম ও ভাস্কর্যসহ শিল্পকর্মের নানা মাধ্যমে দেশ-বিদেশে বেশ কিছু কর্মশালায় অংশ নিয়েছেন। জাতীয় শিল্পকর্ম প্রদর্শনী এবং জাতীয় তরুণ শিল্পীদের প্রদর্শনীসহ বেশ কিছু আন্তর্জাতিক শিল্পকর্ম প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। এ ছাড়া ২০১২ সালে বৃত্তি নিয়ে আবাসিক শিল্পী হিসেবে কিছুদিন কাজ করেছেন স্পেনের বার্সেলোনায়।
প্রদর্শনী:
গ্যালারি: ঢাকা আর্ট সেন্টার, বাড়ি-৬০, সড়ক-৭/এ, ধানমন্ডি (রবীন্দ্র সরোবরের পাশে)
তারিখ: ১৬ থেকে ২৩ অক্টোবর ২০১৪
সময়: প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা