স্কুল অ্যান্ড কলেজের ঢাউস আকারের সাইনবোর্ডটা যেন পথ দেখাল আমাদের। স্বয়ংক্রিয় ভাবে পা চলতে লাগল। শিক্ষক-ছাত্রদের সঙ্গে কথা বলা দরকার। যেখানেই যাই-সেখানে ফ্যাকড়া—ছাত্র থাকে তো শিক্ষক নেই, শিক্ষক থাকলেন তো নেই ছাত্র। থাকবে কোত্থেকে সূর্যটা যে ঢলে পড়েছে পশ্চিমাকাশে। সে কথা খেয়ালই নেই। তিনতলার সিঁড়ি ভাঙার সময় পা দুটি আচমকা থমকে গেল, কান পাততেই শোনা গেল একঝাঁক তরুণ-তরুণীর উচ্ছল হাসির শব্দ। পা দুটি নিজের গরজে চলতে লাগল। দরজাটা খোলাই ছিল। ভেতরে ঢুকে কুশল জেনে আসল কথাটা পাড়লাম, নির্বাচন নিয়ে কথা বলতে চাই। চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকারা যেন একটু দমে গেলেন। মনে হলো এত হাসি এত খুশি কোথায় গেল? একজন বললেন—নির্বাচন নিয়ে কথা বলে কী লাভ?এ নির্বাচনে নির্বাচিত হবেন নগরপিতা, ওয়ার্ড কাউন্সিলর। আপনারা শিক্ষক মানুষ, সচেতন মানুষ, আপনাদের একটা দায়িত্ব আছে না। প্রশ্নের উত্তর দেওয়ার আগ্রহ দেখালেন না কেউ। তাহলে ভোটই দেবেন না?এবার মুখ খুললেন হিমিকা শারমিন—‘ভোট হয়তো দেব। ভোটকেন্দ্রেও যাব। কিন্তু দুজন মেয়র প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থীকেই তো চিনি না।’ এখন তাঁদের নিয়ে কী বলব?’চেনা তো দরকার। আমার এমন যুক্তির সঙ্গে একমত হলেও মনের গোপন কথাটা গোপন রাখলেন না হিমিকা—‘প্রার্থীরা দলীয় হবেন তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু নির্বাচিত হওয়ার পর তাঁরা তো সবার। তখনো তাঁরা দলীয় প্রার্থীর মতো আচরণ করেন কেন?’পাশ থেকে ফারজানা ফেরদৌসির গলা শোনা গেল—সবাই বলেন উন্নয়নের কথা। কিন্তু এ নগরে যে উন্নয়ন হয় তা কি মেয়র করেন না কাউন্সিলর? না সাংসদ-মন্ত্রী?হঠাৎই অন্য প্রসঙ্গে টেনে আনলেন হিমিকা। ‘আমরা সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হতে পরীক্ষা দিয়েছিলাম। সেটা নিয়ে কত কাণ্ড!’কী কাণ্ড হয়েছে?‘আমি শতভাগ নিশ্চিত ছিলাম। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হলে অবশ্যই আমার চাকরি হবে। কিন্তু যখন তাঁরা তিন লাখ টাকা চাইল...।’কে চেয়েছেন?হিমিকা পাল্টা প্রশ্ন করলেন আমাকে—‘লিখতে পারবেন এসব? প্রথম আলোর সাহস আছে? থাকলে দেখান!’ বিদায়ের আগে লাজরঙা হাসিতে নতুন দিনের আভাস দিয়ে ডুবে গেল অভয়মিত্রঘাটে। কর্ণফুলীতে পাল ছাড়াই গুরগুরাই চলছে নজির মাঝির সাম্পান। ‘ক্যাঁ কুরত’, ‘ক্যাঁ কুরত’ শব্দের ভেতর একটা কথা বেশ পরিষ্কার শোনা গেল—‘জাহাজ ভাসিবনে সাইগরত? নাকি আনারস পাগিব।’ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা নজির মিয়ার কথাটা লুফে নিলেন যাত্রী—আবদুর রহিম। তিনি শহরে পোশাককারখানায় চাকরি করেন। ‘অবাজি জাহাজ সাগরত নঅ ভাসিলে আঁরা কী হাইয়ম? এত্ত বড় বন্দর বন্ধ অই যাইব।’ তাঁর কথার মৃদু প্রতিবাদ করলেন বাকলিয়ার তরকারি ব্যবসায়ী ছানাউল্লাহ—‘জাহাজ ভাসিলে অইত ন, এন্ডে জনগণরলাই কিছু থাকা পরিব। ওদা ডর মাইনষর দামি গাড়ি আনা নেওয়া গইরলে কী লাভ। গরিবল্লাই চইল ডাইল কিছু আনিবনি মহিউদ্দিন? চইলর কেজি এহন তিরিশ টিয়া।’এবার নজির মাঝির পালা—তিনি যা বললেন, তার অর্থ এই, সারাদিন সাম্পান চালিয়ে সন্ধ্যায় তাঁর হিসাব মেলে না। চাল লাগে পাঁচ কেজি। যা হয় তা দিয়ে তিন কেজির বেশি পান না। মেলে না যেন নজিরের জীবনের হিসাবও। ভাঙা গলার গানটা যেন তাই বলে ‘এক সের পাবি দেড় সের হাবি। ঘরত নিবি কী রঙের ফকিরারে...।’তিন. নগরের বিভিন্ন স্থানে হ্যান্ডমাইকে বিনা পয়সায় উপদেশ দেন সাহাব উদ্দিন। বয়স কম করে হলেও ৭০। গত বৃহস্পতিবার তাঁকে পাওয়া গেল আমতলায়। আগে তিনি ধর্মীয় বিষয়-আশয় নিয়ে উপদেশ দিতেন। ইহকাল-পরকালের কথা মনে করিয়ে দিতেন। এখন তাঁর উপদেশের বিষয় পাল্টে গেছে। এখন তাঁর বিষয় নির্বাচন। ‘ভালো মাইনষরে ভোট দিবান, চোর ডাহাইতরে বাঁশ দিবান।’কাছে গিয়ে প্রশ্ন করলাম, চাচা জীবনে ভোট দিয়েছেন কখনো? সোজাসাপ্টা উত্তর ‘আঁরে ভোটার হনে গরিবঅ? আঁই ভোট নঅ দিলেও জনগণে দিব। তারারে হইদ্দে ভালা মাইনষরে ভোট দিত। হারাপরে বাঁশ দিত।’