‘জাহাজে সশস্ত্র রক্ষী রাখার অনুমোদন চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আরব সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য দেশীয় নিরাপত্তারক্ষী নিয়োগ দিতে চাই। সরকার এ ব্যাপারে অনুমোদন দিলে আমাদের কোম্পানি এটা করতে পারবে। এতে নৌবাহিনী থেকে অবসরে যাওয়া লোকজনের কর্মসংস্থানের নতুন সুযোগ যেমন হবে তেমনি অনেক বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে।’জলদস্যুর কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণির মালিক মো. শাহজাহান প্রথম আলোর সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, ‘এটা আমার একার দাবি নয়, বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী ৪৮টি জাহাজমালিকের দাবি।’ মো. শাহজাহান বলেন, আরব সাগর অতিক্রমকালে জলদস্যুর আক্রমণের ভয়ে নাবিকেরা যেমন উদ্বিগ্ন থাকেন তেমনি জাহাজমালিকদেরও উৎকণ্ঠা থাকে চরমে। এ উৎকণ্ঠা কাটাতে অনেক বিদেশি রাষ্ট্র ইতিমধ্যে জাহাজে সশস্ত্র নিরাপত্তা রক্ষী (আর্মড গার্ড) নিয়োগের অনুমোদন দিয়েছে। ফলে ওই সব জাহাজে জলদস্যুর আক্রমণের ঝুঁকি অনেক কমে গেছে। মো. শাহজাহান বলেন, সোমালিয়ার জলদস্যুরা চলাচল করে ইঞ্জিনচালিত ছোট ছোট নৌকায়। সাগর উত্তাল হলে তাদের আরও বেকায়দায় পড়তে হয়। জলদস্যুদের হাতে ভারী অস্ত্রশস্ত্র থাকলেও ওই অবস্থায় তারা এসব ব্যবহার করতে পারে না। এ কারণে কোনো জাহাজে সশস্ত্র রক্ষীর উপস্থিতি থাকলে জলদস্যুরা ওই জাহাজের আশপাশে ভিড়ে না।বেসরকারি নিরাপত্তা রক্ষী বাহিনী গঠনের প্রস্তাবনা দিয়ে মো. শাহজাহান বলেন, ‘সরকার অনুমোদন দিলে বেসরকারি কোনো সংস্থাও এ কাজ করতে পারে। আমরা তাঁদের কাছ থেকে অস্ত্র ও রক্ষী একটি নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া করতে পারি। আবার জাহাজের মালিকপক্ষকেও সরকার অস্ত্র ও রক্ষী রাখার অনুমোদন দিতে পারে। এতে সরকারের কাছে শিপিং সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিত করা যাবে।’