‘জীবন-মরণের সীমানা ছাড়ায়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ‘কৃষ্টি’ ১ জুন সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে টেলিছবি জীবন-মরণের সীমানা ছাড়ায়ে প্রদর্শনীর আয়োজন করে। টেলিছবিটি পরিচালনা করেছেন রবীন্দ্রসংগীতশিল্পী হাছিনা আহম্মেদ।প্রদর্শনী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানের। বক্তব্য দেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, কবি অরুণ দাশগুপ্ত ও কৃষ্টির নির্বাহী পরিচালক রিফাত ফারুক। টেলিছবি নির্মাণের অভিজ্ঞতা বর্ণনা করেন পরিচালক হাছিনা আহম্মেদ। আলোচনা পর্ব শেষে দেখানো হয় এক ঘণ্টা ১০ মিনিটের টেলিছবিটি। ছবিতে কাদম্বরী দেবীর চরিত্রে ফারজানা ছবি ও রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে আহাম্মেদ রুবেল অভিনয় করেছেন।আলোচনায় অনুপম সেন বলেন প্রত্যেক মহৎ কবি-স্রষ্টার জীবনে একজন প্রেরণাদাত্রী থাকেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম প্রেরণার উৎস ছিলেন কাদম্বরী দেবী। তিনি শুধু রবীন্দ্রনাথের প্রেরণাদাত্রী নন, তিনি বাঙালি নারীর মুক্তিদূতও। অরুণ দাশগুপ্ত বলেন, রবীন্দ্রজীবনের সঙ্গে নতুন বৌঠানের (কাদম্বরী) সম্পর্কের কথা বার বার বলেছেন ছেলেবেলা ও জীবনস্মৃতিতে। কাদম্বরী দেবীর মৃত্যুতেই রবীন্দ্রনাথ ঠাকুর সত্যিকারের মৃত্যু অনুধাবন করতে পেরেছিলেন। এর আগে মৃত্যুর সঙ্গে গভীরভাবে তাঁর পরিচয় ছিল না। রবীন্দ্রনাথ কাদম্বরী দেবীকে শ্রদ্ধা করতেন, আবার স্মৃতি ও প্রীতির আসনেও বসিয়েছিলেন। রবীন্দ্রনাথ ও কাদম্বরী দেবীর সম্পর্কের ওপর নির্মিত টেলিছবির নির্মাণভাবনা, গবেষণা ও চিত্রনাট্য পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে পরিচালক হাছিনা আহম্মেদ বলেন, ‘কাজ শুরুর আগে অনেকে বাধা দিয়েছিলেন। তাঁরা বলেছিলেন এ বিষয়ে বিতর্ক আছে। কিন্তু আমি থামিনি। রবীন্দ্রনাথই আমাকে শক্তি-সাহস জুগিয়েছেন। দুই বছর গবেষণা, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত জায়গাগুলোতে চিত্রধারণ, তৎকালীন পোশাক-সাজসজ্জা, ইনটেরিয়র ডিজাইন ও সেটের কাজ করেছি।’ তিনি আরও বলেন, ‘আমি খুশি। আমার বিশ্বাস সত্যিকারের রবীন্দ্রভক্তরাও খুশি হবেন।’ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অঞ্চল চৌধুরী।