‘শিল্পের জন্য শুধু নয়, একটি শব্দের জন্যও আমি কখনো আপস করিনি। আমার লেখা প্রতিটি বাক্যের সঙ্গে নিজের রক্ত-ঘাম মিশে আছে। সাহিত্য আমার কাছে তাই কোনো শৌখিন বিষয় নয়। জীবনকে নিংড়ে আমি সাহিত্যের রস খুঁজে বেড়াই।‘সাধারণ চোখে একটি সমাজকে আমরা সহজভাবে দেখি, কিন্তু সাহিত্যিক সে রকম করে দেখেন না। তিনি তার তিমিরে প্রবেশ করেন এবং তা থেকে অন্বেষণ করেন সাহিত্যের অনুষঙ্গ। উপন্যাস মানুষের সংস্কৃতির ব্যাপ্তি এবং জীবনের জটিলতাকে তুলে ধরে।’ কথাসাহিত্যিক নাসরীন জাহান শুক্রবার গ্রন্থবিপণি বাতিঘর আয়োজিত ‘আমার লেখালেখি’ শীর্ষক এক অনুষ্ঠানে পাঠকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। উড়ুক্কু উপন্যাসের জন্য খ্যাতি পাওয়া লেখক নাসরীন জাহানকে ঘিরে আয়োজিত এই অনুষ্ঠানটি জমজমাট হয়ে ওঠে কবি, লেখক, সংস্কৃতিকর্মী ও তাঁর পাঠকদের উপস্থিতিতে। শিল্পী সত্যজিৎ ঘোষ রবীন্দ্রসংগীত পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর কথাসাহিত্যিক হরিশংকর জলদাস তুলে ধরলেন নাসরীন জাহানের জীবন ও সাহিত্যের নানা দিক। নাসরীন জাহানকে আমাদের কথাসাহিত্যের রাজকুমারী আখ্যা দিয়ে তিনি বলেন, কবি আহসান হাবীব নাসরীনের জনক ছাপিয়ে বলেছিলেন ‘তোমাকে থেমে গেলে চলবে না, আরও অনেক দূর এগিয়ে যেতে হবে’। অগ্রজের আশীর্বাণীর মূল্য তিনি দিয়েছেন। তিনি লিখে গেছেন। তার জন্মই হয়েছে লেখার জন্য। গল্প যদিও তাঁর প্রিয় বিষয় কিন্তু তিনি প্রথম সবার দৃষ্টি কাড়েন তাঁর উড়ুক্কু উপন্যাস দিয়ে। শুধু দেশে নয়, দেশের বাইরে ভারতের বড় বড় সাহিত্যিকও তাঁর লেখায় মুগ্ধ হয়েছেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো লেখকও তাঁকে নিয়ে লিখেছেন। নাসরীন বলেন, কোনো একটা লেখা প্রকাশের পর পাঠকের প্রতিক্রিয়া পেতে মনটা অধীর হয়ে থাকে। সে কারণে বাতিঘরের আমন্ত্রণে ছুটে আসা। বাতিঘরের পুরো আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, ‘বই নিয়ে এত বড় আয়োজন, এত বড় জগৎ বাংলাদেশের কোথাও নেই। চট্টগ্রাম তার প্রকৃতির জন্য এত দিন আমার ঈর্ষার ব্যাপার ছিল, এখন সেখানে যুক্ত হয়েছে বাতিঘর।’ জয়দীপ দে’র উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কবি আশরাফ আহমদ, আবু সাঈদ জুবেরী, বিশ্বজিৎ চৌধুরী ও ওমর কায়সার। অনুষ্ঠান শেষে বাতিঘরের কর্ণধার দীপংকর দে সবাইকে ধন্যবাদ জানান।