‘জীবনানন্দ দাশের চিত্রকল্পের নতুনত্ব আমাকে আকর্ষণ করেছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনানন্দ দাশের কবিতার সঙ্গে আপনার পরিচয় কীভাবে?শিকাগো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় জীবনানন্দ দাশের কবিতার সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটে। আইওয়া শহরে লেখালেখিবিষয়ক একটি কর্মশালায় এসেছিলেন জ্যোতির্ময় দত্ত। এই কর্মশালায় অতিথি হিসেবে সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ এবং বাংলাদেশের মোহাম্মদ রফিকও ছিলেন। ষাটের দশকের শেষ দিকে কর্মশালা শেষ হওয়ার পর জ্যোতি শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়াতে এসেছিলেন। জ্যোতিই আমাকে প্রথম পড়তে দিয়েছিলেন জীবনানন্দের কবিতা। আমার পিএইচডির বিষয় হিসেবে জীবনানন্দের কবিতা বেছে নেওয়ার পরামর্শ তিনিই দিয়েছিলেন। আমি তাঁর কথামতোই কাজ করেছিলাম। বাংলা ভাষা শিখতে আপনার কত সময় লেগেছে? আমাদের পিস কোরের প্রশিক্ষণের অংশ হিসেবে আমার পূর্ব পাকিস্তানে যাওয়ার আগেই আমাদের তিন মাস ভাষা শিখতে হয়েছে। কোনো ভাষা শেখার জন্য তিন মাস খুব অল্প সময়। তবে যে উপকারটা হয়েছে, আমরা বাংলা সম্পর্কে মৌলিক ধারণাটা এর মাধ্যমে পেয়েছিলাম। ড. মোজাফ্ফর আহমদ সে সময় শিকাগো বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পিএইচডি করছিলেন। তিনি আমাদের ভাষাশিক্ষক ছিলেন। তাঁর স্ত্রী রওশন জাহানও আমাদের প্রশিক্ষণ দিয়েছেন। শেখার মূল কাজটা হয়েছে বরিশালে গিয়েই। আমি বরিশালের টানে মোটামুটি ভালোই বাংলা বলি। ভাষা শেখাটা একটি সীমাহীন প্রক্রিয়া। বলতে পারেন, আমি এখনো বাংলা শিখছি।কবি হিসেবে জীবনানন্দ দাশের কোন দিকগুলো আপনাকে আকর্ষণ করে?শুরুতেই জীবনানন্দ দাশের চিত্রকল্পের নতুনত্ব আমাকে আকর্ষণ করেছিল। তাঁর প্রকৃতির বর্ণনা প্রায়ই রীতিমতো চমকে দেওয়ার মতো। যেমন: ‘...কোনো এক শীতের রাতে/একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে’ অথবা ‘চাঁদ ডুবে চলে গেলে—অদ্ভুত আঁধারে/যেন তার জানালার ধারে/উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে।’প্রকৃতির এমন কিছু দিকের ওপর তিনি আলো ফেলেছেন, যাঁর কথা আপনি-আমি হয়তো আগে চিন্তাই করিনি। আর যদি চিন্তা করেও থাকি, তাঁর মতো এত বিশদভাবে কেউ দেখিনি: ‘নদীর তীক্ষ শীতল ঢেউয়ে সে নামল—/ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটু আবেগ দেওয়ার জন্য/অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য...’এখন তাঁর রাজনৈতিক পর্যবেক্ষণগুলোও আমাকে সমানভাবে নাড়া দেয়। সব মিলিয়েই আসলে জীবনানন্দ দাশ অনেক বেশি মনোমুগ্ধকর। জীবনানন্দ দাশের পরিবারের সদস্যদের সঙ্গে কী এখনো যোগাযোগ আছে আপনার?তাঁর ভ্রাতুস্পুত্র অমিতানন্দ দাশের সঙ্গে আমার এখনো মাঝেমধ্যে যোগাযোগ হয়। জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য দাশের সঙ্গে আমার দেখা হয়েছিল কলকাতার বালিগঞ্জের ট্রায়াঙ্গুলার পার্কে জীবনানন্দ দাশের ছোট ভাই অশোকানন্দ দাশের বাসায়।ই-মেইলে সাক্ষাৎকার নিয়েছেন ইকবাল হোসাইন চৌধুরীসাক্ষাৎকারের একাংশ ইতিপূর্বে ছুটির দিনেতে প্রকাশিত হয়েছে