
খবর: ঝিনাইদহের কালীগঞ্জে ভিক্ষুকমুক্তকরণ কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ কার্যক্রমে সরকারি ছাগল উন্নয়ন খামার থেকে আনা ১৫টি ছাগল ভিক্ষুকদের মধ্যে বিতরণ করা হয়নি। (সূত্র: প্রথমআলো, ২০ নভেম্বর ২০১৭)
রস+আলো: শুনলাম, আপনি ছাগল...
আত্মসাত্কারী: আমি ছাগল মানে? হোয়াট দ্য হেল!
র.আ.: প্রশ্নটা আগে শেষ করতে দিন। শুনলাম, আপনি ছাগল আত্মসাৎ করেছেন। কিন্তু কেন?
আত্মসাত্কারী: ওহ্, আচ্ছা আচ্ছা, তা-ই বলেন। শোনেন, ভিক্ষাবৃত্তি খুবই খারাপ কাজ। আজ যদি ওদের ছাগল দেওয়া হয়, পরেরবার গরু-মহিষ চেয়ে বসবে। ওদের চোখ বেড়ে যাবে। ভিক্ষাবৃত্তি নিরুত্সাহিত করার জন্য ওই ছাগলগুলো আমরা হেফাজতে রেখে দিয়েছি। এটাকে আত্মসাৎ বললে ভুল হবে।
র.আ.: হেফাজতে কোথায় রেখেছেন?
আত্মসাত্কারী: হেফাজতে আছে ছাগলের মালিকের কাছেই। আমি চাইলেই টাকা দিয়ে যখন-তখন হেফাজত থেকে নিয়ে আসতে পারি।
র.আ.: সেটা কখন নিয়ে আসবেন?
আত্মসাত্কারী: কেবল তো ছাগলের বাজেট হয়েছে। ছাগল জবাই করার পর রান্না করতে যে পেঁয়াজ লাগবে, সরকার সেটার বাজেট এখনো দেয়নি। পেঁয়াজের বাজেট পেলেই একসঙ্গে দিয়ে দেব।
র.আ.: কিন্তু ছাগল তো দেওয়া হচ্ছে ‘ভিক্ষুকমুক্তকরণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন’ কর্মসূচির অংশ হিসেবে।
আত্মসাত্কারী: কী বলেন, তাই নাকি? আমি আরও মনে মনে ভেবে রেখেছি, পেঁয়াজের দাম না কমলেও আমার এক মাসের বেতন থেকে পেঁয়াজ কিনে একটা বড়সড় পার্টি দিয়ে দেব সবাইকে নিয়ে।
র.আ.: এভাবে ভিক্ষুকদের ছাগল আত্মসাৎ না করে ভিক্ষুকের তালিকায় আপনার নাম দিলেই তো ভাগের একটা ছাগল ফ্রি পেতেন।
আত্মসাত্কারী: আমিও তেমনটা ভেবেই কাজটা করেছিলাম। তবে নামটা ঊহ্য রেখেছিলাম ইমপেরেটিভ সেনটেন্সের সাবজেক্টের মতো। কিন্তু মিডিয়া সেটা বুঝল না। কবি তো বলেই গেছেন, ‘এ জগতে হায় সে-ই বেশি চায়...’।
র.আ.: আচ্ছা, অন্য প্রসঙ্গে আসি। তিনটা ছাগলের বাচ্চা থেকে আপনি কীভাবে তিন নম্বরটাকেই বাছাই করবেন? বুঝবেন কীভাবে, আসলেই সেটা তিন নম্বর বাচ্চা?
আত্মসাত্কারী: নাহ্, এটা খুবই কঠিন ব্যাপার। দুই নম্বরটা হলে পারতাম। কারণ, জীবনে বহুবার দুই নম্বরি করছি, কিন্তু তিন নম্বরি করি নাই কারও সঙ্গে। তাই এটা বলতে
পারব না, সরি।
র.আ.: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। পরে গরু আত্মসাতের সাক্ষাত্কারের সময়
আবার কথা হবে।
আত্মসাত্কারী: হে হে হে...ভালো বলেছেন। ভালো থাকবেন। ধন্যবাদ।
কল্পনায় সাক্ষাৎকারটি নিয়েছেন: রাজীব নন্দী