‘জীবনে প্রথম চিকিৎসকের মুখ দেখলাম’
সাজেক সড়কের পাশে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প। সকাল নয়টা থেকে বিপুলসংখ্যক নারী-পুরুষ-শিশু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে চিকিৎসা নিচ্ছে সেখানে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের চিকিৎসাবঞ্চিত পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দেয় সেনাবাহিনী। এমন সেবা পেয়ে আপ্লুত এলাকার এসব দরিদ্র মানুষ। চিকিৎসা নিতে আসা দুর্গম থালকুম্বা গ্রামের কিনাধন চাকমা (৬০) ও চেল্লেতলী গ্রামের থাংম চিয়াং ত্রিপুরা (৪৫) বলেন, ‘আমরা জীবনে এই প্রথম চিকিৎসকের মুখ দেখলাম। সারা বছর বৈদ্য-ওঝার কাছে গিয়ে চিকিৎসা নিই। বনের লতা-পাতা ছাড়া কোনো ওষুধ পাওয়া যায় না। আজকে চিকিৎসকের হাতে ওষুধ পেয়ে খুবই ভালো লাগছে।’ উজানছড়ি গ্রামের আরতি চাকমা বলেন, ‘চিকিৎসক আসবেন শুনে ভোর পাঁচটার সময় রওনা দিই। এখানে এসে পৌঁছি নয়টার দিকে। আমার মেয়ে দীর্ঘদিন ধরে প্রস্রাব করার সময় কান্নাকাটি করে। ওঝা-বৈদ্য দিয়ে চিকিৎসা করিয়েছি। কিন্তু কোনো উন্নতি হয়নি। তাই এখানে এসেছি।’উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর মাসব্যাপী বিনা মূল্যে চিকিৎসা সেবাদান কর্মসূচির অংশ হিসেবে সাজেকের এই ক্যাম্প খোলা হয়। ১৯ জুলাই ক্যাম্পের উদ্বোধন করেন ১৭-বীর সেনাবাহিনীর বাঘাইহাট জোনের মেজর খন্দকার মেহেদী আল-মাহমুদ। চিকিৎসা দেন বাঘাইহাট জোনের চিকিৎসক ক্যাপ্টেন মো. এহসান, ক্যাপ্টেন মো. জুবায়ের ও ঢাকা ইবনে সিনা হাসপাতালের সাবেক চিকিৎসক আজিজা জাহান। ক্যাম্পে দুপুর দুইটা পর্যন্ত একটানা চিকিৎসাসেবা চলে। ভুয়াছড়ি, উজানছড়ি, নাবা, থালকুম্বা এবং থলছড়া গ্রামের মানুষ এখানে চিকিৎসা নিতে আসে। সাজেক ছাড়াও উপজেলার অন্যান্য ইউনিয়নের দুর্গম এলাকায়ও এ রকম চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হবে বলে জানা গেছে। মেজর খন্দকার মেহেদী আল-মাহমুদ বলেন, ‘যুগ যুগ ধরে প্রত্যন্ত জনপদের মানুষগুলো চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। তাই তাদের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’ চিকিৎসক ক্যাপ্টেন মো. এহসান ও আজিজা জাহান বলেন, ‘আমরা রোগীদের সঙ্গে কথা বলে জেনেছি এ পর্যন্ত কোনো চিকিৎসকের কাছ থেকে চিকিৎসাসেবা নেয়নি এসব মানুষ। যেকোনো রোগের ব্যাপারে তারা বৈদ্য-ওঝার শরণাপন্ন হতো। ওষুধ হিসেবে ব্যবহার করত বনের লতা-পাতা।’ এখানকার অধিকাংশ মানুষ পুষ্টিহীনতায় ভুগছে এবং তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি বলে তাঁরা জানান। সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘আমার ইউনিয়নে ৫০ হাজারের বেশি মানুষের বসবাস। সেখানে কোনো চিকিৎসক যান না। সেনাবাহিনী এই কর্মসূচি হাতে নেওয়ায় অনেক মানুষ প্রথমবারের মতো চিকিৎসাসেবা পাচ্ছে। আশা করি ভবিষ্যতে এ রকম কর্মসূচি আরও নেওয়া হবে।’