
‘অনেক যুদ্ধ গেল/ অনেক রক্ত গেল/ শিমুল তুলোর মতো সোনা-রূপো ছড়াল বাতাস/ ছোট ভাইটিকে আমি কোথাও দেখি না/ নরম নোলকপরা বোনটিকে আজ আর কোথাও দেখি না/ কেবল পতাকা দেখি’—কবি আবুল হাসানের ‘উচ্চারণগুলি শোকের’ কবিতাটি যখন আবৃত্তি করছিলেন ফায়জা বিনতে নাসির, তখন পিনপতন নীরবতা নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। সবাই যেন কবিতার ছন্দে খুঁজে বেড়িয়েছেন বিদ্রোহের সেই উত্তাল দিনগুলো।
এভাবেই ৩০ অক্টোবর সন্ধ্যায় কবিতার ছন্দে কখনো দ্রোহ, কখনো দেশাত্মবোধ, কখনোবা প্রেম-ভালোবাসা উঁকি দিয়েছিল দর্শকদের মনে।
‘জীবনের যৌবন এখনো বিদ্রোহের’ শিরোনামে শিল্পকলায় এই কবিতাসন্ধ্যার আয়োজন করে নির্মাণ আবৃত্তি অঙ্গন।
অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে অতিথি ছিলেন অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহাবুবুর রহমান। উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় আবৃত্তির পরিবেশনা। শুরুতেই বুদ্ধদেব বসুর ‘চিকলায় সকাল’ কবিতাটি পরিবেশন করেন চৈতী বড়ুয়া। এরপর একে একে একক আবৃত্তি নিয়ে মঞ্চে আসেন নির্মাণ আবৃত্তি অঙ্গনের ফায়জা বিনতে নাসির, শ্রাবস্তী দেব, অর্ণব বড়ুয়া, কপিল বড়ুয়া, বিনয় কুমার, পুষ্পা সর্ববিদ্যা, বাপ্পী হায়দার, রাজীব দাশ ও সাদিকা হোসেন।
সংগঠনের সদস্যদের পর আমন্ত্রিত আবৃত্তিশিল্পী অংশ নেন আবৃত্তি পরিবেশনায়। অংশ নেন মিশফাক রাসেল, তাসকিয়াতুন নূর, এহতেশামুল হক, সমুদ্র টিটু, সেলিম রেজা, ফারুক আজম, সাবিনা ইয়াসমীন, সাজন ভৌমিক ও খালিদ হাসান। একক পরিবেশনার মধ্যে দর্শকদের ভালো লেগেছে ‘কেউ কথা রাখেনি’, ‘যাত্রা-ভঙ্গ’, ‘মেহেদীপাতা’, ‘বাংলা ছাড়ো’ ও ‘ধন্যবাদ’। এককের পর চলে বৃন্দ পরিবেশনা। ‘জীবনের যৌবন এখনো বিদ্রোহের’ শিরোনামের বৃন্দ পরিবেশনায় মঞ্চ মাতান নির্মাণ আবৃত্তি অঙ্গনের শিল্পীরা। এ ছাড়া নরেন আবৃত্তি একাডেমির ‘মুখোশ ছেঁড়ার মিছিল’ ও সুচয়ন ললিতকলা কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় ছিল ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’।