'জীবনের সবচেয়ে সুখের স্মৃতি!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলামের সঙ্গে ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের একাংশ
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলামের সঙ্গে ডিনস অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীদের একাংশ

গত ২৫ মে, বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হবে বলে আগেই ঠিক করা ছিল। হয়েছেও তাই। তবে প্রদীপ্ত মুখের একদল শিক্ষার্থীর ভিড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের প্রাঙ্গণ ঘণ্টা দুয়েক আগে থেকেই প্রাণ চঞ্চল হয়ে উঠেছিল। সন্তানের আনন্দে শামিল হতে সঙ্গে এসেছেন মা-বাবা। ছেলেমেয়েরা লাল-নীল কাপড়ের উত্তরীয় পরে ঘুরে বেড়াচ্ছেন আর মা-বাবা সে দৃশ্য দেখছিলেন প্রাণভরে। একটু ভুল বলা হলো। এই তরুণদের সবাই শিক্ষার্থী নন। ইতিমধ্যে অনেকেই কর্মজীবন শুরু করেছেন। তবে সেদিন সবার পরিচয়, তাঁরা ব্যবসায় শিক্ষা অনুষদের কৃতী শিক্ষার্থী। শিক্ষাজীবনে ভালো ফলাফলের জন্য ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত করা হয় তাঁদের।
ব্যবসায় শিক্ষা অনুষদের আটটি বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভালো ফলের জন্য এ পুরস্কার দেওয়া হয়। ডিনস অ্যাওয়ার্ড পেতে হলে শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফলে সিজিপিএ কমপক্ষে ৩.৮৫ থাকতে হবে। আর যাঁরা কোনো একটি সেমিস্টারের সবগুলো বিষয়ে গ্রেড পয়েন্ট চারে চার পেয়েছেন, তাঁদের এমন প্রতিটি সেমিস্টারের জন্য একটি করে ডিনস মেরিট সম্মাননা দেওয়া হয়। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে ডিনস অনার তালিকায় ঠাঁই করে নিয়েছেন মুহাম্মাদ আনিসুল ইসলাম। দুটি ডিনস মেরিট সম্মাননাও ঘরে তুলেছেন ফিন্যান্স বিভাগের ১৫তম ব্যাচের প্রাক্তন এই শিক্ষার্থী। তিনি বলেন, ‘২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে বাবার সঙ্গে যখন বাড়ি ফিরছিলাম চোখটা কেমন ছলছল করছিল। যদি উত্তীর্ণ হতে না পারি! স্বপ্ন অপূর্ণ থেকে যাবে৷ ভালো ফলাফল করার স্বীকৃতি যখন বাবা-মাকে সঙ্গে নিয়ে নিতে পেরেছি সেটাই আমার জীবনের সবচেয়ে সুখের স্মৃতি হয়ে থাকবে৷’
স্নাতক পর্যায়ের ফলাফলের জন্য ডিনস অ্যাওয়ার্ড না পেলেও ফিন্যান্স বিভাগ থেকে স্নাতকোত্তরের ফলাফলের জন্য ডিনস অনার সম্মাননা অর্জন করে নেন মমিনুল হক। পেশা হিসেবে শিক্ষকতা বেছে নিয়েছেন, বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগে প্রভাষকের দায়িত্ব পালন করছেন। তবে বইয়ে নাক-মুখ গুঁজে পড়াশোনার ঠিক পক্ষপাতী নন। নিজের শিক্ষাজীবন সম্পর্কে বললেন, ‘সামান্য বাউন্ডুলে ভাব ছিল আমাদের মধ্যে। হলজীবনে আড্ডাবাজিটা কম হতো না। পড়াশোনা বলতে যা ওই পরীক্ষার আগে। তবে কম সময়ে কিছু আয়ত্তে আনতে পারতাম বলেই সম্ভব হয়েছে।’ মজা করে যোগ করলেন, ‘নিজের ছাত্রদের কিন্তু এই উপদেশ আমি দেব না।’
অন্যদিকে শিক্ষাজীবন ঢাবির ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগে কাটিয়ে একই বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন শাগুফতা শাহীন। তিনি বলেন, ‘আজকের এই ডিনস অ্যাওয়ার্ড অর্জনের জন্য আমার মা-বাবা, শিক্ষকেরা ও আত্মীয়স্বজনদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।’
যাঁর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম রীতিমতো হন্তদন্ত হয়ে সবকিছুর তদারকি করছিলেন নিজেই। প্রিয় শিক্ষককে কাছে পেয়ে মুহূর্তটা ফ্রেমে বন্দী করতে চাইলেন অনেকে। সম্মাননা প্রদান শেষে সেলফি তুলে সবার আবদার মেটালেন ‘ডিন স্যার’। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘প্রত্যেক গ্র্যাজুয়েটের পেছনে পরিবার ও প্রিয়জনদের আত্মত্যাগের গল্প আছে। তা ভুলে যাওয়া চলবে না। আমরা এখানে তোমাদের তিনটি উপহার দিয়েছি—জ্ঞান, দূরদৃষ্টি ও আত্মবিশ্বাস। তবে একটি বিষয়ে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সৎ সাহস, ভালোবাসা, বন্ধুতা, সহানুভূতিশীলতা ও নৈতিক মূল্যবোধ ছাড়া মেধা কোনো কাজে লাগবে না। অর্থ নয়, বরং জ্ঞান তোমাকে ধনী করবে।’