‘জ্ঞান ফিরতেই দেখি চারপাশে লাশের মিছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো ডান কান দিয়ে রক্ত বেরোয়। শরীরে লুকিয়ে আছে হাজারেরও বেশি স্প্লিন্টার। ঘুমের মাঝেও এখনো বারবার চমকে ওঠেন। এত সব কষ্ট সহ্য করেও বেঁচে আছেন রাশিদা আক্তার। রুমা নামে তাঁকে চেনেন সবাই। ২১ আগস্টের দুঃসহ স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন ঢাকা মহানগর ৬৯ নম্বর ওয়ার্ডের মহিলা লীগের এই সম্পাদিকা। ঘটনাস্থলে আর অনেকের মতো তিনিও উপস্থিত ছিলেন। সেদিন এক মুহূর্তেই পাল্টে গিয়েছিল সবকিছু। দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা শুনছিলেন। প্রথমে একটা বিকট শব্দ। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন রুমা।‘সেদিনের কথা কি ভোলা যায়! আমার মতো অনেক ভুক্তভোগী মনে রাখবেই সেদিনের কথা। অচেতন অবস্থায় সন্ধ্যা পর্যন্ত সেখানেই পড়ে ছিলাম। জ্ঞান ফিরতেই দেখি চারপাশে লাশের মিছিল। কোনোমতে হাত উঁচিয়ে বাঁচার আকুতি জানিয়েছিলাম। গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। কে যেন দেখে সামনে আসে। তারপর আবারও জ্ঞান হারিয়ে ফেলি। সেখান থেকে প্রথমে বাংলাদেশ হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে পঙ্গু হাসপাতালে পাঠানো হয় আমাকে। দুই দিন পর উন্নত চিকিত্সার জন্য ভারতে গিয়েছিলাম। এরপর আরও তিনবার ভারতে চিকিত্সা নিয়েছি। তারপরও এখনো শরীরভর্তি স্প্লিন্টার। মাথায় ভীষণ যন্ত্রণা! কানের সমস্যা তো লেগেই আছে। আরও ছয়-সাতটি অস্ত্রোপচারের দরকার।’ একটানা কথাগুলো বলছিলেন রুমা। দলের সহযোগিতায় চিকিত্সাসেবা পেয়েছেন। নিজের গাঁট থেকেও বিস্তর টাকা-পয়সা চলে গেছে চিকিত্সা খাতে। স্বামী মারা গেছেন ২০০২ সালে। দুই মেয়ে নিয়ে তাঁর সংসার। তাই এমন অসুস্থ অবস্থায় থেকেও পুরো সংসারের দেখভাল তাঁকেই করতে হচ্ছে। থেমে নেই রাজনীতিও। সামনে নির্বাচনেও অংশ নেবেন বলে জানালেন রুমা। বললেন তাঁর চাওয়ার কথা, ‘ওই ঘটনার পর থেকে মানসিক সমস্যার মধ্য দিয়েই যাচ্ছি। কিছুতেই ভুলতে পারি না সেই ঘটনা। গত সরকারের আমলে আমরা কোনো রকমের সাহায্য-সহযোগিতা পাইনি। তবে জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য যথেষ্ট করেছেন। আবার কেউ কেউ কিন্তু সাহায্য-সহযোগিতা পায়নি। সেদিনের ঘটনার বিচার তো চাই-ই, পাশাপাশি যারা সাহায্য পায়নি, তাদের দিকে দৃষ্টি দেওয়ারও অনুরোধ করছি সরকারের কাছে।’— মাহফুজ রহমান