
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় গতকাল বুধবার চট্টগ্রাম নগরে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশের একটি দলের অভিবাদন জানানোর মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর চট্টগ্রাম সিটি মেয়র, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দেন। মধ্যরাতেই মানুষের ঢল নামে শহীদ মিনার চত্বরে। এ সময় ‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।
বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তাঁর সঙ্গে ছিলেন সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলররা। এরপর প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ফুল দেন। তাঁরা এ সময় মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন।
মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের ফুল দেওয়া শেষ হলে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সমবেত হন রাজনীতিক, পেশাজীবীসহ হাজারো মানুষ। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম প্রমুখ।
এবারের বিজয় দিবসকে ‘অন্য রকম বিজয়’ বলে অভিহিত করেছেন ফুল দিতে আসা মানুষেরা। তাঁরা জানান, গত মাসেই দুই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর হয়েছে। তাই বিজয়ের আনন্দ বেশি।
এদিকে বিজয় দিবস উপলক্ষে গতকাল সকালে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে মাসব্যাপী চলা মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে বের করা হয় বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা প্রশাসন শিশু-কিশোরদের কুচকাওয়াজের আয়োজন করে। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করে।