‘ঝুপড়ি’ নিয়ে আনন্দবিলাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন ছিল বাদল দিন। ব্যস্ত ছিলাম ক্লাসে নতুন মুখগুলোকে দেখতে, শিক্ষকের উপদেশ বাক্যে আমাদের তেমন কোনো মন ছিল না। ক্লাস শেষে বেরোতেই পরিচয় হলো নাসরিনের সঙ্গে। ও পরিচয় করিয়ে দিল রুবেলের সঙ্গে। ওরাই প্রথম বলল, চলো, আড্ডা দিই, ‘ঝুপড়ি’তে যাই। প্রথমে চমকে উঠেছিলাম, এটা আবার কেমন নাম! পরে বুঝেছি, এটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত আড্ডাস্থল জারুলতলা আর কলাভবনের ‘ঝুপড়ি’। সেই প্রথম আমার ঝুপড়িতে যাওয়া। তারপর এ ঝুপড়ির প্রেমে এমন মজেছি যে অনেক দিন ক্যাম্পাসে গেছি, কিন্তু কলাভবনেই যাওয়া হয়নি। ঝুপড়িতে আমাদের বিশাল গ্রুপ ছিল। টিনের চাল আর বাঁশের বেড়া দিয়ে তৈরি পাহাড়ের পাদদেশের এ ছোট্ট দোকানগুলোর বেঞ্চে বসে কত বৃষ্টির দুপুর মগ্ন হয়ে কাটিয়েছি, কত শরত্কালে পাহাড়ের গায়ের কাশফুলের শুভ্রতায় বুঁদ হয়ে ভেবেছি, ইস্, কেন যে ছবি আঁকতে পারি না! এই তো দেখতে দেখতে কয়েক বছর চলে গেল। চার বছরের অনার্স শেষ করে এখন মাস্টার্সের শিক্ষার্থী আমরা।ঝুপড়ির ছোট ঘরগুলোর টিনের চালে বৃষ্টির শব্দ আর সামনের লেকটাতে বৃষ্টির ফোঁটায় তৈরি হওয়া ছোট্ট ছোট্ট বৃত্ত দেখেই সময় পার করছে কত তরুণ-তরুণী। বছরের পর বছর...। সামনের দিকের দোকানগুলোতে দেখা যায়, ছোট-বড় বন্ধুদের দলগুলোর আড্ডা। অনেক সময় বাউলের আসরও বসে। আর পেছনের দিকের দোকানগুলো সাধারণত থাকে স্বপ্নবিলাসী প্রেমিক-যুগলদের দখলে।এ ছোট্ট ঝুপড়ি মালিকদের আছে আশ্চর্য স্নেহের ক্ষমতা। হ্যাঁ, হক ভাই, হায়দার ভাইয়ের কথা বলছি। দূর-দূরান্ত থেকে আসা ছেলেমেয়েদের তাঁরা স্থানীয় হিসেবে আশ্রয় আর উপদেশ দেন। নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করেন। হায়দার গ্যালারির কথা না বললে ঝুপড়ি-সমাচার অসমাপ্ত থেকে যাবে। এ দোকানকে অনেকে ছবির হাট নামেও আখ্যায়িত করে। চারুকলার শিক্ষার্থীদের মূল আড্ডা এ দোকানে। এখানে তাদের ছবি ডিসপ্লেতে থাকে। যে কেউ তার পছন্দমতো ছবি কিনতে পারে এখান থেকে। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় সব সাংস্কৃতিক গোষ্ঠীর খবরাখবর ও কর্মশালার ফরম এখানে পাওয়া য়ায়।সময়ের সঙ্গে সঙ্গে আমি এখন বিশ্ববিদ্যালয় জীবনের শেষ বর্ষে। অনার্স শেষ করে আমরা এখন এমএ পড়ছি। সবাই কর্মজীবনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। যান্ত্রিক নগরজীবন কেড়ে নিয়েছে অঢেল-অলস সময়। তবুও ক্লাস শেষে খিদের চোটে সবাই দৌড় মারি ঝুপড়িতে। গিয়ে দেখি, সব দোকান, বেঞ্চ নতুন মুখে ভর্তি। পরিচিতদের সংখ্যা কমে যাচ্ছে। এখনো পাতাঝরা শীতের রোদে মন উদাস করা একলা দুপুরে ঠিকই কেউ একজন গেয়ে ওঠে— ‘আজ তোমার মন খারাপ মেয়ে/তুমি আনমনে বসে আছো/আকাশপানে দৃষ্টি উদাস/আমি তোমার জন্য এনে দিব/মেঘ থেকে বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া/সে হাওয়ায় ভেসে যাবে তুমি।’তখন সেই সুর বুক ছুঁয়ে যায়। মনে হয়, আমার জন্যই গানটি গাওয়া হচ্ছে। নাম না জানা সেই তরুণকেও কেমন আপন আপন লাগে।শায়লা হকশিক্ষার্থী, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।