'ঝড়-বৃষ্টিতে কোথায় যাব আমরা?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরে জোয়ারের পানি বাড়লেই বুক কেঁপে ওঠে, ছেলে-মেয়ে নিয়ে আতঙ্কে থাকি। সামনে বর্ষাকাল। ঝড়-বৃষ্টিতে কোথায় যাব আমরা?

একরাশ আতঙ্ক নিয়ে কথাগুলো বললেন, আনোয়ারার সমুদ্র তীরবর্তী উপকূলীয় ইউনিয়ন রায়পুরের বার আউলিয়া গ্রামের বাসিন্দা রেহেনা বেগম (৪৭)। পরিবার পরিজন নিয়ে বেড়িবাঁধের ওপর বসবাস করেন তিনি। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ভয়াবহ সাইক্লোনের স্মৃতি এখনো তরতাজা। সামনের দিনগুলোতে কোথায় থাকবেন, এই দুর্ভাবনা থেকে মুক্ত হতে পারছেন না তিনি।

শুধু রেহেনা নয়, জীবনের ঝূঁকি নিয়ে বাঁধের ওপর বসবাস করছেন রায়পুরের অন্তত পাঁচ হাজার মানুষ। বঙ্গোপসাগরের ভাঙনে বসতভিটা হারিয়ে বেড়িবাঁধে ঘর তুলেছে পরিবাগুলো।

সরেজমিন চেখে পড়ে, উপজেলার সিইউএফএল থেকে রায়পুরের বার আউলিয়-ধলঘাট পর্যন্ত এলাকার বেড়িবাঁধে ঘর তুলে বসবাস করছে বহু পরিবার। উপজেলার পারকি বাজার, পরুয়াপাড়া, দোভাষি বাজার, ছিপাতলী ঘাট, উঠান্যার ঘাট, বার আউলিয়া ও ধলঘাট এলাকার বাঁধেই তাদের বসবাস। কেউ কেউ আবার বাঁধের বাইরে সাগরের কোল ঘেঁষেই বসবাস করছেন। ফলে বর্ষা এলেই ঝড় ও জলোচ্ছ্বাসের আতঙ্কে থাকেন তাঁরা।

এদিকে পানি উন্নয়ন বোর্ড(পাউবো) সূত্র জানায়, শুধু রায়পুরেই নয় উপজেলার সিইউএফএল থেকে সাপমারা খালের মুখ পর্যন্ত ৩২ কিলোমিটার ও সাপমারা খালের মুখ থেকে খুরুশকুল গোদারগোড়ার সাত কিলোমিটার অংশেও আশ্রয় নিয়েছে বহু পরিবার। রায়পুরের ধলঘাট গ্রামের বাসিন্দা নুরুল আলম (৫২) বলেন, ভাঙনের কবলে পড়ে দুবার ঘর হারিয়ে এখন বেড়িবাঁধেই আশ্রয় নিয়েছি। বর্ষার সময় এখানে প্রতিটি দিন কাটাই চরম ঝূঁকি নিয়ে।

রায়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইছমাইল বলেন, ‘আমাদের ইউনিয়নের অন্তত পাঁচ হাজার মানুষ বেড়িবাঁধে বসবাস করেন।’ জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, উপজেলার ৩২ কিলোমিটার বাঁধে বসবাস করছেন বাস্তুহারা লোকজন। তাঁরা বাঁধে বসবাস করায় বাঁধেরও ক্ষতি হচ্ছে।