‘টানা নৌকায়’ নদী পাড়ি
নদীর এ-পার থেকে ও-পারের দূরত্ব ৫০ গজের মতো। অথচ নৌকায় যেতে সময় লাগে ৩০ মিনিট। তাও কাদামাটি মাড়িয়ে উঠতে হয় নৌকায়। আবার নৌকায় কোনো মাঝি নেই। নেই বৈঠাও। খালের ওপর টানানো রশি টেনে পার হতে হয় যাতায়াতকারীদের। এভাবে ‘টানা নৌকায়’ প্রতিদিন ইছামতী নদী পাড়ি দিতে হয় রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের পাঁচ গ্রামের হাজারো মানুষকে। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি, এখানে একটি সেতু স্থাপনের।স্থানীয় লোকজন জানান, পারুয়ার সোনাইছড়ি গ্রামের পাশ ঘেঁষে বয়ে গেছে ইছামতী নদী। নদীর এ-পারে পারুয়া ইউনিয়ন, ও-পারে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড। পারুয়া ইউনিয়নের সাহাব্দীনগর, সোনাইছড়ি, মধ্যম পারুয়া, কোকানিয়া ও হাজারিপাড়া গ্রামের মানুষ যাতায়াত করেন ইছামতী নদী পাড়ি দিয়ে। তাঁরা আরও জানান, একসময় ইছামতী নদীর তলদেশ গভীর ছিল। ফলে ওই সময় স্থানীয় জেলেরা ভাড়া নিয়ে নৌকায় পারাপার করত। কিন্তু নব্বয়ের দশকের আগে বর্ষার পানির তোড়ে উজান থেকে নেমে আসা পলিতে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় জেলেরা নৌকা চলাচল বন্ধ করে দেন। ফলে এই দুই এলাকার মানুষ হাঁটুপানি মাড়িয়ে যাতায়াত করেন। এতে দুর্ভোগ চরমে ওঠে। আর বর্ষাকালে যখন নদীতে পানি বেড়ে যায় তখন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের বাসিন্দা রনজিত জলদাস তাঁর নৌকাটি মানুষের চলাচলের জন্য দিয়ে দেন। সেই সঙ্গে নৌকাটি চালানোর জন্য নদীর ওপর একটি রশি বেঁধে দেন। যাতে যাতায়াতকারী নিজেরাই রশি টেনে নৌকা দিয়ে পারাপার হতে পারেন। রনজিত জলদাস (৪৭) বলেন, ‘পারুয়া ইউনিয়নের পাঁচ গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ ইছামতী নদী পার হয়ে প্রতিদিন হাজী ওয়াকিল আহমদ সড়ক দিয়ে রাঙ্গুনিয়া পৌরসদরের রোয়াজারহাট ও চট্টগ্রাম শহরে যাতায়াত করেন। বিভিন্ন বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীও প্রতিদিন নদী পাড়ি দেয়। অথচ এখানে একটি সেতুর অভাবে গ্রামের হাজারো মানুষ বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে, গ্রামের মানুষ নদীর এ-পার থেকে ও-পার যেতে কাদামাটি মাড়িয়ে জুতা হাতে নিয়ে নৌকায় উঠছেন। টানা নৌকায় এ-পার থেকে ও-পারে যাচ্ছেন চলাচলকারীরা। আর নৌকা এ-পার থেকে ও-পারে আসতে না আসতেই উভয় পারে ভিড় জমে যাচ্ছে। কারণ পারাপারে ভরসা ওই একটি নৌকাই।এ প্রসঙ্গে পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী বলেন, হাজী ওয়াকিল আহমদ সড়কের সোনাইছড়ির মুখে ইছামতী নদীর ওপর একটি সেতু প্রয়োজন। এ ব্যাপারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হবে। পানি উন্নয়ন বোর্ডের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কার্যালয়ের উপপ্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, সোনাইছড়ি এলাকায় ইছামতী নদীর ওপর সেতু নির্মাণ করতে হলে আনুমানিক অর্ধকোটি টাকারও বেশি ব্যয় হবে। যা অনুমোদন পাওয়া কষ্টসাধ্য। তার পরও এ ব্যাপারে বিভাগীয় কর্তৃপক্ষের বরাবরে প্রতিবেদন পাঠানো হবে।পানি উন্নয়ন বোর্ডের রাঙামাটি জেলা নির্বাহী প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর বলেন, ‘হাজী ওয়াকিল আহমদ সড়কের সোনাইছড়ি এলাকায় ইছামতী নদীর ওপর সেতু নির্মাণের বিষয়ে আবেদন পেলে তা অবশ্যই প্রকল্প হিসেবে নেওয়া হবে। অনুমোদন সাপেক্ষে সেতুটি নির্মাণ করা সম্ভব হবে।’